চট্টগ্রাম, ১৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রতিপক্ষ বাংলাদেশ তবু ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের আগে ১-১ এর সমতা। ব্রেন্ডন ম্যাককালাম মনে করেন এটাই জমজমাট এক সিরিজের বিজ্ঞাপন। যে সিরিজটা এখন পর্যন্ত শুধু বোলারদের আধিপত্যের ঘোষণাই দিয়ে আসছে। কিন্তু মারদাঙ্গা ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ম্যাককালামের তা পছন্দ হবে কেন! নিউজিল্যান্ড দলের সহ-অধিনায়ক মনে করেন, শেষ ম্যাচে আরেকটা অনুষঙ্গ যোগ না হলেই নয়, "সিরিজে সমতা। শেষ ম্যাচের আগে ভক্তদের জন্য এরচেয়ে ভালো খবর হতে পারে না। এখন আমাদের বড় স্কোর গড়াটা এই সিরিজের প্রাপ্য হয়ে গেছে।"
আসলেই তো, ২০১ আর ২০২ রান জমজমাট সিরিজের সঙ্গে কিছূতেই যায় না। ওয়ানডে সিরিজের শেষপ্রান্তে এসে তাই হাইস্কোরিং ম্যাচের আশায় যে শুধু কিউইরাই বুক বাঁধছে, তা নয়। বাংলাদেশ শিবিরও শেষ ম্যাচে বড় স্কোর গড়বে বলে আশা করছে। আর তাদের এই আশার পালে হাওয়া দিচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামের উইকেট। যে উইকেটের বিষয়ে মোহাম্মদ আশরাফুলের পর্যবেক্ষণ, "মিরপুরের চেয়ে এখানকার উইকেট ভিন্ন। হয়তো একটু স্লো। কিন্তু ব্যাটিং উইকেটই মনে হচ্ছে।"
যদিও এই মাঠের ওয়ানডে পরিসংখ্যানে চোখ বুলালে কারোরই সেরকম কিছু মনে হবে না। এখানে চারটি ওয়ানডে ম্যাচ হয়েছে এখন পর্যন্ত কিন্তু গড় রান মাত্র ১৯৯। তবে এমন পরিসংখ্যানকে কেউ ভবিতব্য ধরলে ভুলই করবেন। কারণ বাস্তবতা ভিন্ন। এখানকার উইকেটের ধরনের সঙ্গে যারা পরিচিত তারা সবাই-ই জানেন যে এখানে প্রচুর রান। এই মাঠে হওয়া চার ওয়ানডের দুটোতে বাংলাদেশ আগে ব্যাট করেছে এবং সেখানে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো প্রবল প্রতিপক্ষের সঙ্গে বড় স্কোর গড়তে না পারাকে নিজেদের ব্যর্থতা হিসেবেই দেখা উচিত। একটা ম্যাচ বাংলাদেশ খেলেছে দুর্বল স্কটল্যান্ডের সঙ্গে। তাতে আগে ব্যাট করা স্কটিশরা অল্পতেই শেষ হয়ে যাবে এটাই স্বাভাবিক। তবে ২০০৬ এর ফেব্র"য়ারিতে আগে ব্যাট করার সুযোগ পেয়ে শ্রীলঙ্কা ঠিকই ৭ উইকেটে ৩০৯ রানের পাহাড় তুলেছিল বাংলাদেশের বিপক্ষে।
এমনকি এই মাঠের একটি বিশ্বরেকর্ডও দেখা হয়ে গেছে। গত মার্চে এই মাঠেই টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ে ৪১৫ রানের বিশ্বরেকর্ড পার্টনারশিপ গড়ে গেছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ এবং নেইল ম্যাকেঞ্জি। সুতরাং এখানে হাইস্কোরিং ম্যাচের প্রত্যাশাটা কিছুতেই বাড়াবাড়ি নয়। বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্স তো নিশ্চিত, "ঢাকার চেয়ে এখানকার উইকেটই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য বেশি মানানসই হবে। আমাদের ব্যাটসম্যানদেরও এখানে স্বাচ্ছন্দ্যেই রান করা উচিত। আমি নিশ্চিত যে কালকে (মঙ্গলবার) একটা হাইস্কোরিং ম্যাচই হচ্ছে।"
কিন্তু এই মাঠে যে বাংলাদেশের বড় রান করার ইতিহাস নেই। সেটা মোহাম্মদ আশরাফুলের খুব ভালো করেই জানা। এখানে বাংলাদেশের সর্বোচ্চ শ্রীলঙ্কার ৩০৯ রানের জবাবে ৯ উইকেটে ২৩১। ওই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ৬৪ রান করা আশরাফুল বললেন, " চট্টগ্রামে আউটফিল্ড খুব ফাস্ট। উইকেটও মিরপুরের চেয়ে ভালো হবে। বড় স্কোরই হতে পারে।" আর বড় স্কোর তো এই সিরিজের প্রাপ্যই হয়ে গেছে। প্রাপ্যটা কিউই উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাককালাম খুব ভালো করেই বুঝিয়ে দিতে চাইবেন। প্রথম দুই ম্যাচে যে করেছেন মাত্র ২৬ রান। অথচ গত বছরের শেষ দিন কুইন্সটাউনে এই বাংলাদেশের বিপক্ষেই ২৮ বলে করেছিলেন অপরাজিত ৮০ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩০ঘ.
bdnews24