ঢাকা, ২৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্যারাস্যুট উন্মুক্ত মহিলা ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। তবে সোমবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে হারার আগে ছেড়ে কথা বলেনি ইস্পাহানী স্পোর্টিং ক্লাবও। এ কারণেই আনসারকে শিরোপার স্বাদ নিতে হয়েছে মাত্র ২ উইকেটের জয় দিয়ে।
ফাইনালের শুরুটা হয়েছিল আনসারের টস জয় দিয়ে। আগে ব্যাটিং পাওয়া ইস্পাহানীর পাঁচটি উইকেট অক্ষত থাকলেও নির্ধারিত ৩৫ ওভারে খুব বেশি রান তারা করতে পারেনি। তাদের ১১৪ রানের ইনিংসে বলার মতো অবদান কেবল ওপেনার শুকতারা রহমানের। তিনি করেছেন ২৮ রান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান এসেছে আনসারের বোলারদের সৌজন্যে, মানে অতিরিক্ত খাত থেকে। আনসারের খাদিজা আক্তার মাত্র ১৪ রানে ৩ উইকেট নিয়ে এই ম্যাচের সেরা বোলার।
তবে অল্প রানের পুঁজি নিয়েও জেতার বেশ ভালোই সম্ভাবনা জাগিয়েছিল ইস্পাহানী। ৩৯ রানেই আনসারের চারটি উইকেট তুলে নেয় তারা। আনসারকে এই বিপর্যয় থেকে উদ্ধার করে ফাইনালের সেরা খেলোয়াড় পান্না ঘোষ (২৫) এবং তিথি রানী সরকারের (২৫) ৫১ রানের পঞ্চম উইকেট পার্টনারশিপ। তারপরও শেষ রক্ষা হবে বলে মনে হচ্ছিল না। কারণ ৯০ থেকে ১০৮ --- এই ১৮ রানের মধ্যে আনসার চারটি উইকেট হারালে জয়ের সুবাস পাচ্ছিল ইস্পাহানী। কিন্তু দুই টেলএন্ডার শামীমা আক্তার (৭*) ও নাদিয়া পারভীনের (২*) ব্যাটে ১৫ বল বাকি থাকতেই জয়ের তীরে পৌছে যায় আনসার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৮৩৫ঘ.
bdnews24