ওয়েলিংটন, ৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হঠাৎ করেই শেন বন্ডকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় নিউজিল্যান্ডের ক্রিকেট কর্মকর্তারা। দুশ্চিন্তাটা তার ইনজুরির জন্য নয়, অন্য ধরনের এক দুঃসংবাদের জন্য। 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-এ বন্ডের যোগ দেয়ার খবর নিউজিল্যান্ডের জন্য তো বিরাট এক দুঃসংবাদই!
নিউজিল্যান্ডের কয়েকটি পত্রিকা জানিয়েছে লোভনীয় অংকের অর্থের বিনিময়ে নাকি আইসিএল-এ যোগ দিতে রাজি হয়েছেন বন্ড। খবরটা সত্যি নাকি এটা শুধুই একটা গুঞ্জন, সে ব্যাপারে কেউই নিশ্চিত হতে পারছে না। তবে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী জাস্টিন ভন জানিয়েছেন, এ ব্যাপারে হাত-পা বাঁধা, "আমি নিশ্চিতভাবে বলতে পারছি না সে সত্যিই সই করেছে কি না। তবে তার এজেন্টের কথা আমি বুঝতে পারছি। আমরা তাকে নিউজিল্যান্ডের পক্ষে খেলতে দেখতেই পছন্দ করবো। সেজন্য আমরা বহু প্রতিকূলতার মোকাবিলা করেছি। কিন্তু এই মুহূর্তে আমরা খানিকটা হলেও ব্যাকফুটে।"
ক্যারিয়ারের প্রায় শুরু থেকে ইনজুরি সঙ্গী হলেও বন্ডকে মনে করা হয় রিচার্ড হ্যাডলির পর নিউজিল্যান্ডের সেরা ফাস্ট বোলার। বন্ডের আইসিএল-এ যোগ দেয়ার গুঞ্জনে সে দেশের ক্রিকেটাঙ্গনে ঝড় ওঠাই স্বাভাবিক। কারণ এনজেডসি নির্বাচকদের পরামর্শ দিয়েছে আইসিএল-এ যোগ দেয়া ক্রিকেটারদের জাতীয় দলের জন্য বিবেচনা না করার। আর সেজন্যই ভন জানিয়েছেন বন্ড এই 'বিদ্রোহী' লিগে যোগ দিলে তাকে ছাড়াই সামনের দিকে এগিয়ে যাওয়ার দিকে মন দেবে কিউইরা, "তার আইসিএল-এ যোগ দেয়াটা হবে দুর্ভাগ্যজনক ঘটনা। তবে শেষ পর্যন্ত সেটা হলে আমাদের তো সামনের দিকে এগিয়ে যেতেই হবে। তাকে হারানোটা অবশ্যই আমাদের জন্য একটা ধাক্কা হবে। কিন্তু তাকে ছাড়াও তো আমরা ম্যাচ জিতেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯০৫ঘ.
bdnews24