২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া উদ্বিগ্ন, পাকিস্তান মনে করে সময়ে সব ঠিক হয়ে যাবে

সফরটা শুরু হতে এখনো প্রায় আড়াই মাস বাকি। অথচ এখনই পাকিস্তান সফর নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় অস্ট্রেলিয়া। তাদের অবশ্য দোষও দেয়া যায় না। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মর্মান্তিক মৃত্যুর পর পাকিস্তান এখন এক অগ্নিগর্ভ দেশ, হানাহানি আর হিংসাত্মক ঘটনায় জর্জরিত। এমন অবস্থায় পন্টিংদের পাকিস্তানে যেতে না চাওয়াটাই স্বাভাবিক। তবে পাকিস্তান আগামী মার্চে অস্ট্রেলিয়াকে দেশে স্বাগত জানাতে বদ্ধপরিকর। পিসিবি চেয়ারম্যান নাসিম আশরাফ, পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক ইমরান খান থেকে শুরু করে বর্তমান অধিনায়ক শোয়েব মালিক পর্যন্ত প্রত্যেকেই নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করছেন অস্ট্রেলীয়দের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 01:03 PM

Updated : 26 Aug 2022, 01:07 PM

করাচি, ১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সফরটা শুরু হতে এখনো প্রায় আড়াই মাস বাকি। অথচ এখনই পাকিস্তান সফর নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় অস্ট্রেলিয়া। তাদের অবশ্য দোষও দেয়া যায় না। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মর্মান্তিক মৃত্যুর পর পাকিস্তান এখন এক অগ্নিগর্ভ দেশ, হানাহানি আর হিংসাত্মক ঘটনায় জর্জরিত। এমন অবস্থায় পন্টিংদের পাকিস্তানে যেতে না চাওয়াটাই স্বাভাবিক। তবে পাকিস্তান আগামী মার্চে অস্ট্রেলিয়াকে দেশে স্বাগত জানাতে বদ্ধপরিকর। পিসিবি চেয়ারম্যান নাসিম আশরাফ, পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক ইমরান খান থেকে শুরু করে বর্তমান অধিনায়ক শোয়েব মালিক পর্যন্ত প্রত্যেকেই নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করছেন অস্ট্রেলীয়দের। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিল অস্ট্রেলিয়া। সেজন্যই পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড 'ক্রিকেট অস্ট্রেলিয়া' বা সিএ এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) কয়েক জন সদস্যকে নিয়ে গড়া একটি পরিদর্শন দলের আগামী মাসে সেখানে যাওয়ার কথা। কিন্তু তার অনেক আগেই পাকিস্তান সফরে যাওয়া নিয়ে বেঁকে বসেছেন অ্যান্ড্রু সাইমন্ডস। টিভিতে বেনজির ভুট্টোর ওপর বোমা হামলা পরবর্তী দৃশ্যগুলো দেখে তিনি ভীষণ শঙ্কিত, আতঙ্কিত। ব্রেট লির মনেও ছড়িয়ে পড়েছে অস্বস্তি। অধিনায়ক রিকি পন্টিংও পাকিস্তানে যেতে আগ্রহী নন। তিনি বরং সিরিজটা কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের পক্ষপাতী, "গত কয়েক বছরে আমরা পাকিস্তানের বিপক্ষে খুব বেশি টেস্ট খেলিনি। তাই নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলে খুব ভালো হয়। ক্রিকেট না খেলার চাইতে আমি বরং ক্রিকেট খেলতেই চাই।" অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে হওয়াটা নতুন কিছু নয়। ২০০২ সালে নিরাপত্তাজনিত কারণেই পাকিস্তান সফরে যেতে চায়নি অস্ট্রেলিয়া। সেবার কলম্বো ও শারজাতে হয়েছিল সিরিজটা। তবে নাসিম আশরাফ একদমই নিরপেক্ষ ভেন্যুর পক্ষে নন। পিসিবি চেয়ারম্যান চাইছেন বুঝিয়ে-সুঝিয়ে অস্ট্রেলিয়াকে পাকিস্তানে নিয়ে আসতে, "আমরা যত দূর জানি তাতে বলতে পারি সফরটা হবেই। স্বাগতিক দল হিসাবে পিসিবি তার দায়িত্ব সম্পর্কে ভালো মতোই সচেতন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অস্ট্রেলিয়ার সফর সময়সূচী অনুযায়ীই হতে পারবে। এবং তাদের খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাও করা যাবে। পাকিস্তানের ভেন্যুগুলো সম্পর্কে তাদের মতামত আমরা আগ্রহ নিয়ে শুনবো। তবে আমি মনে করি এখনই সফর বাতিল নিয়ে কথা বলার মতো সময় আসেনি।" শুধু নাসিম আশরাফ একা নন, অস্ট্রেলীয়দের ভয় দূর করার দায়িত্ব নিয়েছেন ইমরান ও শোয়েব মালিক। এখন পুরোদস্তুর রাজনীতিবিদ ইমরান মেলবোর্নের একটি রেডিও স্টেশন 'থ্রিএডব্লু' কে দেয়া সাক্ষাতকারে পন্টিংয়ের দলকে অভয় দিয়ে বলেছেন, "আমি মনে করি না ক্রিকেটাররা কোনো হুমকির মধ্যে আছে। সন্দেহ নেই পাকিস্তানের চাইতে পাকিস্তানের বাইরে থাকা ব্যক্তিদের কাছে নিরাপত্তা পরিস্থিতি বেশি খারাপ বলে মনে হবে। অস্ট্রেলিয়া আসার সময়টায় অর্থাৎ দুই মাস পর তো এমন পরিস্থিতি থাকবে না। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বলতে পারি, সফরটা মার্চে হলে দুশ্চিন্তা করার কোনো কারণই নেই। আমি মনে করি না অস্ট্রেলিয়ারও কোনো ধরণের দুশ্চিন্তায় ভোগা উচিত।" শোয়েব মালিকেরও তেমনই বিশ্বাস। ভয় দূর করার জন্য পাকিস্তান অধিনায়ক অস্ট্রেলীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলার প্রস্তাব পর্যন্ত দিচ্ছেন, "আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই। তাদেরকে বলতে চাই পাকিস্তানে তাদের জন্য ভালো নিরাপত্তা ব্যবস্থাই আমরা রাখবো। ভারত এখানে এলেই নিরাপত্তা নিয়ে অনেক ধরণের কথাবার্তা হয়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কোনো সমস্যাই হয়নি। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও ব্যাপারটা একই হবে।" অস্ট্রেলিয়ার জনপ্রিয় দৈনিক 'সিডনি মর্নিং হেরাল্ড'-এর সঙ্গে কথা বলার সময় পন্টিং ও তার সতীর্থদের প্রতি আকুতিও ঝরে পড়েছে শোয়েব মালিকের কণ্ঠে, "রাজনীতি সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি একজন খেলোয়াড়। আর তাই রাজনীতি নিয়ে কথা বলার কোনো ক্ষমতা আমার নেই। কিন্তু আমি বলতে চাই যে আমার দেশে যা ঘটছে তা ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসছে। আর সেটার আরো উন্নতিও হবে। এখনো তো দু মাসেরও বেশি বাকি। ওরা না এলে খেলাটার জন্য এবং পাকিস্তানের মানুষের জন্যও তা খুব খারাপ হবে।" ১০ মার্চ অস্ট্রেলিয়ার পাকিস্তানে পৌঁছানোর কথা। এই সফরে তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ছাড়াও একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা অস্ট্রেলীয়দের। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪৫ঘ.