ঢাকা, ২৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- দু'পক্ষই এখনো তাদের সিদ্ধান্তে অনড়। গত মৌসুমের প্রিমিয়ার ক্রিকেটের অসমাপ্ত রেলিগেশন লিগ ঘোষিত ফিকশ্চার অনুয়ায়ীই শেষ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সংশ্লিষ্ট ক্লাব তিনটি আবার খেলতে অস্বীকৃতি জানিয়েই আসছে। দুয়ে মিলে রেলিগেশন লিগের ভাগ্যে এখনো অনিশ্চয়তার কালো মেঘ। সমাধানসূত্র আবিষ্কারে শনিবার বিকেলেও ব্রাদার্স, সিটি ক্লাব ও ইন্দিরা রোডের প্রতিনিধিদের সঙ্গে বসেছিলেন ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান গাজী আশরাফ লিপু। সেখানেও ফলপ্রসু কিছু না হওয়ায় রোববার বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভার ওপরেই আসলে ঝুলছে রেলিগেশন লিগের ভাগ্য।
বিসিবি রেলিগেশন লিগের তিনটি ম্যাচের তারিখ ফেলেছে ৪, ৭ ও ৯ অক্টোবর। কিন্তু যেদিন এই ফিকশ্চার ঘোষিত হয়, সেদিনই চিঠি দিয়ে ক্লাবগুলো খেলার ব্যাপারে তাদের অপারগতার কথা জানিয়ে দেয়। শনিবার সিসিডিএম চেয়ারম্যানের সঙ্গে আলোচনার সময় ওই সিদ্ধান্তে অটল থাকার পাশাপাশি তারা নতুন প্রস্তাবও দিয়েছেন। লিপু সেই কথাই জানাচ্ছেন, "তারা একটা সম্মিলিত প্রস্তাব দিয়েছেন। সেটা এরকম যে আসন্ন প্রিমিয়ার লিগে ১৪ টি দল খেলবে এবং চারটি দল প্রথম বিভাগে অবনমিত হবে।" কিন্তু লিপু ওই প্রস্তাবে সায় দেননি,"আমরা এখনো আগের সিদ্ধান্তই বহাল রাখছি। ফিকশ্চার অনুযায়ী ৪ তারিখ থেকেই খেলা আয়োজন করতে চাই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১০৪ঘ.
bdnews24