ঢাকা, ১ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- কেনিয়ায় চার জাতির টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরের জন্য। ইনজুরিতে পড়েছেন সাকিব আল হাসান। ডান হাতের আঙ্গুলে চিড় ধরেছে এই অলরাউন্ডারের। এ কারণে আজ বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হতে যাওয়া কেনিয়ার বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না তার। সাকিবের জায়গায় তাই একাদশে জায়গা হয়ে গেছে নাজিমউদ্দিনের। প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকছেন নাদীফ চৌধুরী, জিয়াউর রহমান এবং জুনায়েদ ইমরোজ সিদ্দিকী।
বৃহষ্পতিবার নাইরোবিতে একটি টুয়েন্টি টুয়েন্টি প্র্যাকটিস ম্যাচ খেলার সময়ই ইনজুরিতে পড়েন সাকিব। যদিও সেসময় এটাকে গুরুতর কিছু বলে মনে হয়নি। সাকিব ওই ম্যাচে ফিফটিও করেছেন। এমনকি শুক্রবার সকালে হালকা অনুশীলনও করেছিলেন। তাই তাকে দলে রেখে একাদশ সাজানোয় কোনো দ্বিধায় ভোগেনি টিম ম্যানেজমেন্ট। কিন্তু শুক্রবার বিকেলে এক্সরে রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যায় এই ম্যাচে কোনোভাবেই খেলানো সম্ভব নয় সাকিবকে। বাংলাদেশ দলের ফিজিও আজমল আহমেদ মিঠু নিশ্চিত করেছেন, "সাকিবের ডান হাতের তর্জনীতে চিড় ধরা পড়েছে।"
কেনিয়া ম্যাচে বাংলাদেশের একাদশ : মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, নাজিমউদ্দিন, আফতাব আহমেদ, অলক কাপালি, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, ফরহাদ রেজা, আব্দুর রাজ্জাক এবং সৈয়দ রাসেল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৫২৫ঘ.
bdnews24