২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরগানই আইসিসি'র পরবর্তী প্রেসিডেন্ট

টস করার আর প্রয়োজন নেই। শারদ পাওয়ারের সঙ্গে মতৈক্য হয়ে যাওয়ায় আইসিসি'র পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডেভিড মরগান । ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বর্তমান চেয়ারম্যান মরগান আগামী বছর আইসিসি'র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রে মালির কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন । গত মাসে পার্সি সনের মৃত্যুর পর থেকে এই দায়িত্বে আছেন মালি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 02:40 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

লন্ডন, ২৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- টস করার আর প্রয়োজন নেই। শারদ পাওয়ারের সঙ্গে মতৈক্য হয়ে যাওয়ায় আইসিসি'র পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডেভিড মরগান । ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বর্তমান চেয়ারম্যান মরগান আগামী বছর আইসিসি'র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রে মালির কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন । গত মাসে পার্সি সনের মৃত্যুর পর থেকে এই দায়িত্বে আছেন মালি। একটা অদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আইসিসি'র পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। এ বছরের শুরুতে আইসিসি'র প্রশাসনিক কমিটি আয়োজিত নির্বাচনে দুই প্রার্থী মরগান ও শারদ পাওয়ার সমান ভোট পাওয়ায় দেখা দিয়েছিল জটিলতা। এই জটিলতার অবসানে এ সপ্তাহে একটা গোপন মিটিংয়ে বসেন মরগান ও বিসিসিআই'র প্রেসিডেন্ট পাওয়ার। দু জনের আলোচনা ব্যর্থ হলে ব্যাপারটা চলে যেত আইসিসি'র বোর্ড অফ ডিরেক্টরসের কাছে। তারপর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির পূর্ণ সদস্য দশটি বোর্ডের প্রেসিডেন্টকে ভোট দিতে হতো। সেখানে কোনো প্রার্থী ৭টি ভোট না পেলে টসের মাধ্যমে নির্বাচিত হতেন আইসিসি'র পরবর্তী প্রেসিডেন্ট। কিন্তু এত দূর যাওয়ার প্রয়োজন পড়েনি। দু জনে এক সঙ্গে বসে ঠিক করেছেন মরগানই হবেন আইসিসি'র প্রেসিডেন্ট। মরগান দুই বছর এই দায়িত্বে থাকার পর তার উত্তরসূরী নির্বাচিত হবেন পাওয়ার। বিসিসিসিআই-ও তেমনটাই চাইছিল। কারণ পাওয়ার প্রেসিডেন্ট থাকার সময় উপমহাদেশে অনুষ্ঠিত হবে আগামী বিশ্বকাপ। এ সপ্তাহেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে আইসিসি। শুক্রবার লন্ডনে অনুষ্ঠেয় আইসিসি'র বার্ষিক কনফারেন্সে দেয়া হতে পারে ঘোষণাটা। ক্রিকইনফো-এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফো ডটকম/এএআর/এমএম/২০৩৫ঘ.