২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্টিতে খেলবেন শেবাগ

এক সময় যার ব্যাটের দ্যুতিতে টেন্ডুলকার-দ্রাবিড়-সৌরভরা ম্রিয়মান হয়ে পড়েছিলেন সেই বীরেন্দর শেবাগই এখন ভারতীয় দলে ব্রাত্য! আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়ার পর মানসিকভাবে তো তার হতদ্যেম হয়ে পড়াই কথা। কিন্তু টেস্ট ক্রিকেটে ভারতের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান এত সহজে হাল ছেড়ে দিতে রাজি নন। মঙ্গলবার নয়াদিল্লীর একটি টুর্নামেন্টে দুর্দান্ত এক সেঞ্চুরির পর ফর্মে ফেরার প্রত্যয়ের কথাই শোনালেন 'বীরু'। সেই সঙ্গে জানালেন এই মৌসুমে কাউন্টি ক্রিকেটে খেলার সম্ভাবনার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 02:54 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

নয়াদিল্লী, ১৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- এক সময় যার ব্যাটের দ্যুতিতে টেন্ডুলকার-দ্রাবিড়-সৌরভরা ম্রিয়মান হয়ে পড়েছিলেন সেই বীরেন্দর শেবাগই এখন ভারতীয় দলে ব্রাত্য! আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়ার পর মানসিকভাবে তো তার হতদ্যেম হয়ে পড়াই কথা। কিন্তু টেস্ট ক্রিকেটে ভারতের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান এত সহজে হাল ছেড়ে দিতে রাজি নন। মঙ্গলবার নয়াদিল্লীর একটি টুর্নামেন্টে দুর্দান্ত এক সেঞ্চুরির পর ফর্মে ফেরার প্রত্যয়ের কথাই শোনালেন 'বীরু'। সেই সঙ্গে জানালেন এই মৌসুমে কাউন্টি ক্রিকেটে খেলার সম্ভাবনার কথা। ডিডিসিএ হট ওয়েদার টুর্নামেন্টে ১১৭ বলে ১৬৮ রানের বিধ্বংসী ইনিংসটা পুরনো দিনের শেবাগকেই মনে করিয়ে দিয়েছে যেন। খেলা শেষেও খুঁজে পাওয়া গেল সেই আত্মবিশ্বাসী মানুষকে,"হ্যাঁ, আমি ফর্ম ফিরে পেয়েছি। আজকের (মঙ্গলবার) পারফরম্যান্সে আমি দারুণ খুশি। আমার ধারণা পুরনো ছন্দ ফিরে পেয়েছি।" তার পর বললেন কাউন্টিতে খেলার সম্ভাবনা সম্পর্কে,"কাউন্টি ক্রিকেটে খেলার কথা বিবেচনা করছি আমি। বর্তমানে তিন/চারটি কাউন্টি দলের সঙ্গে কথাও বলছি। শেষ পর্যন্ত কোন্ কাউন্টিতে খেলবো সেই চূড়ান্ত সিদ্ধান্ত জুলাইয়ের মধ্যেই নিয়ে ফেলবো।" মঙ্গলবার শেবাগের ব্যাটিং দেখে তার কোচ এ এন শর্মাও দারুণ খুশি। তার দৃঢ় বিশ্বাস ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে (এই দল এখনো ঘোষিত হয়নি) শেবাগের সুযোগ পাওয়া উচিৎ,"ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজেই শেবাগের দলে জায়গা ফিরে পাওয়া উচিৎ। কিন্তু আপনারা তো জানেন টিম ইন্ডিয়ার নির্বাচনের ব্যাপারে কিছুই বলা সম্ভব না!" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০১০ঘ.