সেঞ্চুরির লক্ষ্য নিয়েই নেমেছিলেন জাফর
তৃষ্ণায় ফেটে যাচ্ছিল তার বুকের ছাতি। প্রচন্ড গরম তার প্রাণশক্তিও শুষে নিচ্ছিল যেন। তাই একপর্যায়ে ব্যাটিং থেকে অবসর নিতে বাধ্য হওয়ার আগেই অবশ্য ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি করা ওয়াসিম জাফর ঢাকা টেস্টের প্রথম দিনের সেরা পারফরমার হিসেবে সংবাদ মাধ্যমের মুখোমুখি। সেখানে মাঠে গরমজনিত দুরবস্থা কাটিয়ে প্রাণখোলা হাসি ভারতের এই ওপেনারের। চট্টগ্রাম টেস্টে ‘পেয়ার’ তার তো বটেই, সম্ভবত কেড়ে নিয়েছিল এই সফরে তার সঙ্গী স্ত্রীর হাসিও। শুক্রবার জাফর যখন ১৩৮ রানের হার না মানা ইনিংস খেলে ড্রেসিংরুমে ক্লান্তি ঝাড়ছেন, তখন টিভি ক্যামেরা তার হাস্যোজ্জ্বল স্ত্রীকেও ‘জুম’ করলো। সংবাদ সম্মেলনে কে একজন বিষয়টা তুলতেই জানালেন এটা নতুন কিছু নয়, “ও তো কেপটাউনেও মাঠে ছিল।”
এই সিরিজের আগে ভারত তাদের সর্বশেষ টেস্টটা খেলেছিল কেপটাউনেই। সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুম্বাইয়ের ২৯ বছর বয়সী এই ওপেনার। মাঝের চট্টগ্রাম টেস্টটা বাদ দিলে বলতে হয়, গ্যালারিতে স্ত্রীর উপস্থিতিতে তার সাফল্যের হারটা বেশিই! এবং এদিনের সেঞ্চুরি দিয়ে বিরল এক রেকর্ডেও নাম লিখিয়ে নিয়েছেন ওয়াসিম। ‘পেয়ার’ পাওয়ার আগে --- পরের টেস্টে সেঞ্চুরি করা ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটসম্যান তিনি। শুধু তাই নয়। রেকর্ডবুকের আরো একটা জায়গাও সমৃদ্ধ হয়েছে তার সেঞ্চুরিতে। ‘পেয়ার’ পাওয়ার পরের টেস্টেই সেঞ্চুরি করা পঞ্চদশ ব্যাটসম্যান ওয়াসিম জাফর এক্ষেত্রে চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান। তবে এসব নয়, বরং চট্টগ্রামে ‘পেয়ার’ পাওয়ার জ্বালা জুড়োনোর দৃঢ়প্রতিজ্ঞাই যেন ফুটে উঠছিল তার ব্যাটিংয়ে।
ইনিংসটা মোহাম্মদ রফিকের কৃপাধন্য হলেও জানাচ্ছেন, এই টেস্টের আগে তার নিজের কাছে নিজেরই পৌঁছে দেওয়া বার্তাটা ছিল এরকম,“নিজেকে শুধু একটা কথাই বলছিলাম, সেঞ্চুরি পেতে হবে।” সেটা হয়ে যাওয়ার পর দ্বিতীয় ডাবল সেঞ্চুরির চিন্তাও আছে। ২০০৬ সালে সেন্ট জোনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ যে ২১২ রানের ইনিংসটি খেলেছিলেন, ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য আছে সেটিকেও,“যদি এই ইনিংসে আবার ব্যাটিংয়ে নামার সুযোগ পাই, তাহলে সেই ইনিংসটিকেও ছাড়িয়ে যেতে চাইবো।” ঢাকা টেস্টের প্রথম দিনের ১২ ওভার বাকি থাকতেই অবসর না নিলে হয়তো সেই পথে অনেক দূর এগিয়েও যেতে পারতেন। কিন্তু দ্বিতীয় দিনে ভারতের অন্য ব্যাটসম্যানরা তাকে সেই সুযোগটা দিলেই হয়।
এই উইকেটে ব্যাটসম্যানরা ভুল না করলে যে বোলারদের কিছু প্রাপ্তির আশা করাটা ভুল, সেটা তো সদর্পেই ঘোষণা করে দিচ্ছেন,“বাংলাদেশের বোলাররা খুব চেষ্টা করেছে। কিন্তু এখানকার উইকেট তাদের মোটেও সাহায্য করছিল না।” তাই টস জিতে বাংলাদেশের আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা প্রশ্নবিদ্ধ হচ্ছেই। প্রশ্ন আছে স্বয়ং ওয়াসিম জাফরের মনেও। বাংলাদেশের এই সিদ্ধান্তটা তাকেও বিস্মিত করেছে জানিয়ে হাসলেনও,“তাদেরকে টস জিতে আগে ফিল্ডিং নিতে দেখে আমি বিস্মিতই হয়েছি।” প্রতিপক্ষের বিস্ময়কর সিদ্ধান্তের সঙ্গে তার দৃঢ়প্রতিজ্ঞা যোগ হয়ে ওয়াসিম জাফর এমন একটা ইনিংস খেলবেন, এতে তাই বিস্ময়ের কিছু নেই!
