এক উইকেটের দুই রূপ!
দুই অধিনায়কের সংবাদ সম্মেলনের পর দু’দলের চেয়েও আলোচিত বিষয় হয়ে গেছে নতুন ভেন্যুর নতুন উইকেট। তা কী চরিত্র নিয়ে শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট বাংলাদেশ-ভারতকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বোঝাই গেল না।
দুই অধিনায়কর পরস্পর বিরোধী মন্তব্য করে গোলকধাঁধাঁর মধ্যে ফেলে দিয়েছেন সবাইকে। বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার উইকেটের গতি ও বাউন্সের কথা বললে ভারতীয় অধিানায়ক বলছেন উইকেটে স্পিন-ধরার সম্ভাবনার কথা। যেন আওয়ামী লিগ-বিএনপির মতো পরস্পর বিরোধী বক্তব্য।
যে দুই উইকেটে দুটো ওয়ানডে ম্যাচ হয়েছিল তার মাঝের উইকেটেই হবে টেস্ট ম্যাচটি। অনেকক্ষণ ধরে সেটা দেখে আসার পর বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার উইকেটের চরিত্র বিশ্লেষণ করলেন এভাবে, “উইকেটে বেশ গতি ও বাউন্স থাকবে। কিছুটা ঘাসও আছে। তবে এখানে বড় দৈর্ঘ্যরে ম্যাচ খেলিনি আমরা।” এই বিশ্লেষনের ওপর বিশ্বাস রেখেই বাংলাদেশ দলও নিজের চরিত্র পাল্টে নতুন করে সেজে উঠছে। মানে স্পিন নির্ভরতা কমিয়ে পেস আক্রমণের ওপরই ভরসা রাখতে যাচ্ছে। সেজন্যই বাঁ-হাতি স্পিনার এনামুল হকের একাদশের বাইরে থাকা একরকম নিশ্চিত। তার জায়গায় আসছেন সৈয়দ রাসেল। এবং ডাকা হয়েছে আরেক পেসার মোহাম্মদ শরীফকেও। অবশ্য তার একাদশে ঢোকা নির্ভর করছে শাহাদাত হোসেনের অসুস্থতার মাত্রার ওপর। শাহাদাত খানিকটা অসুস্থ বোধ করছেন বলেই মোহাম্মদ শরীফকে ডাকা।
হাবিবুল যতই ম্যাচের দিন সকালে একাদশ নির্বাচনের কথা বলুন না কেন, বাংলাদেশ তিন পেসার ও এক স্পিনার নিয়েই ঢাকা টেস্ট খেলতে নামছে। বাংলাদেশ তিন পেসার নিয়ে নামলেও টস জিতলে আগে ব্যাটিং করবে বলেই জানিয়েছেন অধিনায়ক হাবিবুল বাশার।
উইকেটের বাউন্সি চরিত্র ও পেস বোলিংয়ে ভারতীয় ব্যাটসম্যানদের চিরকালীন দূর্বলতার কথা ভেবে বাংলাদেশ যখন তৈরি তখন ভারতীয় অধিনায়কের মুখে উল্টো কথা, “এটা গত ম্যাচের মতোই উইকেট। লাল মাটির পরিবর্তে এখানে কালো মাটি। সময় যতো গড়াবে, ততই উইকেট ধীরগতির হবে এবং চট্টগ্রামের চেয়ে বেশি স্পিন ধরবে।” মুখে এত স্পিন ধরার সম্ভাবনার কথা বললেও রাহুল দ্রাবিড় কিন্তু একাদশে বাড়তি স্পিনার রাখার কথা নিশ্চত করে বলছেন না। পেসার ইশান্ত শর্মা ও স্পিনার রাজেশ পাওয়ারের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে শুক্রবার সকালে। তখনই বোঝা যাবে উইকেটকে ‘স্পিন সহায়ক’ স্বীকৃতি দেওয়টা স্রেফ কথার কথা কিনা।
তবে নতুন ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের কিউরেটর বদিউল আলমের উইকেট বিশ্লেষনের সঙ্গে মিলছে বাংলাদেশের অধিনায়কের বিশ্লেষন। মানে, দেশের নতুন ক্রিকেট ভেন্যু নিজের টেস্ট অভিষেকে পেস ও বাউন্সি উইকেট দিয়ে দু দলকে স্বাগত জানাবে। যদিও এ নিয়ে মত পার্থক্য আছে ভারতীয় অধিনায়কের।
উইকেট নিয়ে এই বিভ্রান্তি , এই ধোঁয়াটে পরস্পরবিরোধীতার অবসান দেখতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
