শচীন-সৌরভ নন, ম্যাচ সেরা মাশরাফি
বৃষ্টিতে ভেসে গেছে প্রায় আড়াই দিন, কিন্তু তারপরও যে চট্টগ্রাম টেস্টে জিততে পারলো না ভারত, তাতে বৃষ্টির ভূমিকা সামান্যই। ভালো খেলেই টেস্টটা ড্র করেছে বাংলাদেশ। আর একটা জায়গায় তো জয়ই পেয়েছে তারা, ভারতের প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পরও শচীন টেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলী নন, ম্যান অফ দি ম্যাচের পুরস্কার জিতেছেন বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা। দু ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেট, সঙ্গে ম্যাচ বাঁচানো ৭৯ রানের ইনিংসের কল্যাণেই ম্যাচ সেরা হয়েছেন এই ফাস্ট বোলার।
একটা সময় মনে হচ্ছিল জিতেও যেতে পারে স্বাগতিকরা! ৪৩ ওভারে ২৫০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুর দিকে রান রেটটা পাঁচের আশে---পাশে রেখেই এগিয়ে যাচ্ছিলেন জাভেদ ওমর আর হাবিবুল বাশার। ১২ রানে ওপেনার শাহরিয়ার নাফীসকে হারানোর পর তাদের ৭০ রানের জুটি অবশ্য শেষ পর্যন্ত পারেনি জয়ের স্বপ্নটা ধরে রাখতে, কিন্তু ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের চোখ থেকে কেড়ে নিয়েছে জয়ের স্বপ্নটা। হাবিবুলের বিদায়ের পর ২৮ ওভারে বাংলাদেশের স্কোর যখন ১০৪, তখন হাল ছেড়ে দিয়েছেন দ্রাবিড়।
হাফসেঞ্চুরিটা যখন পাওনাই মনে হচ্ছিল তখনই একটা ভুল করে আউট হয়েছেন হাবিবুল বাশার। ৩৭ রান করার পর রমেশ পাওয়ারকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিলেন লংঅন বাউন্ডারিতে। তবে জাভেদ অমন ভুল করেননি, ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি করে অপরাজিত থেকেই সাজঘরে ফিরেছেন তিনি। ৮৬ বলে তার ৫২ রানের ইনিংসে আটটি বাউন্ডারি ছাড়া ছিল একটি ছক্কাও! খেলা শেষ হওয়ার সময় তার সঙ্গী ছিলেন রাজিন সালেহ (৭)।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই অবশ্য বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। রুদ্রপ্রতাপ সিংয়ের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন শাহরিয়ার নাফীস (১)। দলের স্কোর তখন ১২, তারপরই জাভেদ আর হাবিবুলের ওই জুটিটা গড়ে উঠেছে।
আগের রাতের বৃষ্টির কারণে চার ঘন্টা দেরিতে খেলা শুরুর পর মাত্র ১০ ওভার ব্যাট করেই ইনিংস ঘোষণা করে দিয়েছেন ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়, তবে ওই ১০ ওভারেই তার দলকে কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। শুরুটা করেছিলেন মাশরাফি, দিনের তৃতীয় ওভারেই তিনি দীনেশ কার্তিককে (২২) ফিরিয়ে দেওয়ার পর রফিক একে একে তুলে নিয়েছেন শচীন টেন্ডুলকার (৩১), সৌরভ গাঙ্গুলী (১৩) আর রমেশ পাওয়ারের (৬) উইকেট তিনটি। টেন্ডুলকারকে বোল্ড করে দিয়েছেন এই বাঁহাতি স্পিনার, কার্তিকের মতো সৌরভও ক্যাচ দিয়েছেন শাহরিয়ার নাফীসকে, আর পাওয়ার হয়েছেন খালেদ মাসুদের স্টাম্পিংয়ের শিকার। ৬ উইকেটে ঠিক ১০০ রান তুলে ইনিংস ঘোষণার সময় অপরাজিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি (১৭) আর জহির খান (২)। প্রথম ইনিংসে ১৪৯ রানে এগিয়ে থাকায় ভারতের লিড সব মিলিয়ে ২৪৯ রানের।
দুপুর দেড়টায় আরেক সর্বশেষ পরিদর্শনের পর আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন, শেষ দিনে খেলা হবে ৫৫ ওভার। বিকেল সাড়ে তিনটায় হবে চা বিরতি, খেলা চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
এর আগে সকাল সাড়ে আটটা, এগারোটা আর সাড়ে বারোটায় তিনবার মাঠ পরিদর্শন করেও সন্তুষ্ট হতে পারেননি আম্পায়াররা। সকাল থেকে আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু আগের রাতের বৃষ্টি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের আউটফিল্ডের এতটাই ক্ষতি করেছে যে সেটা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তখনো।
