২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটু অপেক্ষা করতে হচ্ছে হোয়াটমোরকে

ডেভ হোয়াটমোর ভারতের কোচ হতে যাচ্ছেন-গুঞ্জনটা নিয়ে বেশ কিছু দিন ধরেই ক্রিকেটপ্রেমী ভারতীয়রা আলোড়িত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 06:02 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বিসিসিআই সভাপতি শারদ পাওয়ার সহ চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে শনিবার হোয়াটমোরের আলোচনা হওয়া সম্পর্কেও নানা গুঞ্জন। তবে সেই গুঞ্জন সত্যি হচ্ছে কি না জানতে অপেক্ষা করতে হচ্ছে আরো কিছুদিন। বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহের কথায় সে রকমই ইঙ্গিত।

এখনই এ নিয়ে পরিষ্কার করে কিছু জানাতে চাইছেন না তিনি। শুধু জানিয়েছেন, জুনের দ্বিতীয় সপ্তাহ নাগাদ ভারতের পরবর্তী কোচের নাম ঘোষণা করা হবে। বিসিবির আমন্ত্রণে তাদের বাংলাদেশে আগমন স্রেফ খেলা দেখার উদ্দেশে, হোয়াটমোরের সঙ্গে আলোচনার জন্য নয় বলেও জানিয়েছেন তিনি।

“জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানতে পারবো আমরা। ৪ জুন কোচ নির্বাচন কমিটি ব্যাঙ্গালোরে একটি মিটিংয়ে বসবে। এবং পরবর্তী ৪/৫ দিনের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে”-নিরঞ্জন শাহের মন্তব্য। এর পর হোয়াটমোরের সঙ্গে আলোচনার কথা অস্বীকার তিনি বলেছেন,“যদি তিনি আমার সঙ্গে দেখা করতে চান তা হলে আমি খোলা মনেই তা গ্রহণ করবো। এ ব্যাপারে আমার কোনো সমস্যা নেই।”

বাংলাদেশে আসার কারণটাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি, “আমরা এখানে এসেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে খেলা দেখতে। সৌরভ (গাঙ্গুলী) ও শচীনের (টেন্ডুলকার) সেঞ্চুরি দেখার আশা নিয়েই আমরা এখানে এসেছি। হোয়াটমোরের সঙ্গে কথা বলার জন্য আসিনি।” কোচ নির্বাচনে এত তাড়াহুড়ার কারণও ব্যাখ্যা করেছেন বিসিসিআই সেক্রেটারি। ২০ জুন আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দেবে রাহুল দ্রাবিড়ের দল। তার আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়াই তাদের লক্ষ্য, “(আয়ারল্যান্ড সফরের জন্য) ১০ জুনের মধ্যে সব কিছু সম্পন্ন করার পরিকল্পনা করেছি আমরা। কারণ এই সফরে যাওয়ার আগে ব্যাঙ্গালোরে ৫ দিনের ক্যাম্প হবে আমাদের দলের।”

বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লাও জানিয়েছেন তাদের বাংলাদেশ সফরের উদ্দেশ্য হোয়াটমোরের সঙ্গে আলোচনার জন্য নয়, “(ক্রিকেট ম্যানেজার রবি) শাস্ত্রী তার সঙ্গে কথা বলেছেন ইতিমধ্যে। পাওয়ার তার সঙ্গে কথা বলবেন না।” অবশ্য গ্রেগ চ্যাপেলের উত্তরসূরী হওয়ার লড়াইয়ে বাংলাদেশের কোচই যে সবচেয়ে এগিয়ে, সে কথাও জানাতে ভোলেননি তিনি, “হ্যাঁ, বেশ কয়েক জনের নাম আছে তালিকায়। খোলা মনে বিসিসিআই সেগুলো বিবেচনা করেও দেখছে। যদিও সেরা কোচ নেয়ার কথা বিবেচনা করলে ডেভই (হোয়াটমোর) লড়াইয়ে সবচেয়ে এগিয়ে থাকতে পারেন।”