২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে দুই দলেরই প্রতিপক্ষ বৃষ্টি

আগের দুই ম্যাচে বিসিবি টিকেট বিক্রির নতুন রেকর্ড গড়েছে। দ্বিতীয় ম্যাচে এক ওভারে চার ছক্কা মেরে রেকর্ড গড়েছেন বাংলাদেশের ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফিও।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 05:30 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

তবে আসল খবর হলো, শেষ ম্যাচটির ভাগ্যে কী আছে তা এখনো অনুমান করা যাচ্ছে না। জয়, পরাজয় নাকি পরিত্যক্ত?

চট্টগ্রামের বীরশ্রষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারতের শেষ ম্যাচের ভাগ্যের কথা এখনই বলা যাচ্ছে না। চট্টগ্রামে সোমবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ভেজা মাঠে প্র্যাকটিস করতে না পেরে ইনডোরেই কাজ সারতে হচ্ছে দু দলকে।

নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা সমুদ্র বন্দর তিনটিকে সাত নম্বর বিপদ সংকেত দেখানোয় আবহাওয়াই এখন ম্যাচের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়ার এই বৈরী আচরণে ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার রবি শাস্ত্রীর বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে মন্তব্যেরও হার মেনে যাওয়ার উপক্রম।

রবি শাস্ত্রী বাংলাদেশ দলকে ‘তুচ্ছ তাচ্ছিল্য’ করে কথা বললেও সিরিজ জয়ের পরও সমীহ করেই কথা বলছেন রাহুল দ্রাবিড়।

সকালে এক প্রেস ব্রিফিংয়ে রবি শাস্ত্রীর মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার মনে হয়না এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো কারণ আাছে। বিশ্বকাপে তারা (বাংলাদেশ) দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিতেছে। এর আগে প্র্যাকটিস ম্যাচেও নিউজিল্যান্ডকে হারিয়েছে।”

তবে আর যা-ই হোক বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যের কথা বলতে ভুলেননি ভারতীয় দলনায়ক,“আমরা ৩-০ তে সিরিজটা জেতার জন্য মুখিয়ে আছি। আর এই সফরে আমাদের এটাও একটা লক্ষ্য ছিল।”

শুধু সিরিজটা জিতলেই আত্মতৃপ্তি আসছে না ভারতীয় শিবিরে। অন্তত রাহুল দ্রাবিড়ের কথা শুনে তাই মনে হয়েছে। তাদের চাই বড় ব্যবধানের জয়। আর সেই কথাটাই বলে গেলেন (নাকি হুমকি দিয়ে গেলেন!) তিনি।

“বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের পর এই যে জিতলাম এটাও একটা ভালো ব্যাপার। তবে যেহেতু প্রথম দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তাই শেষ ম্যাচটা অবশ্যই বড় ব্যবধানে জিততে চাই আমরা।”