ইংল্যান্ডের অধিনায়ক হচ্ছেন স্ট্রাউস?
এমন অভিজ্ঞতা গত মৌসুমেও একবার হয়েছিল তার। নিয়মিত অধিনায়ক মাইকেল ভন এবং ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিন্টফ দুজনই ইনজুরিতে পড়ায় ইংল্যান্ড অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস। আরো একবার সেই দায়িত্বটা তার কাঁধে এসে পড়তে যাচ্ছে খুব সম্ভব।
তবে এবার পরিস্থিতিটা একটু ভিন্ন। ভন ইনজুরিতে পড়েছেন ঠিকই কিন্তু ফ্লিন্টফ সুস্থই আছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তার খেলা নিয়ে আপাতত কোনো রকমের সংশয় নেই। তবু যে তাকে ছাপিয়ে স্ট্রাউসের নামটাই উচ্চারিত হচ্ছে তার জন্য দায়ি ফ্লিন্টফ নিজেই। বিশ্বকাপ চলাকালে মাতলামির অভিযোগে সহ-অধিনায়কের পদটা হারিয়েছেন এই অলরাউন্ডার, তাকে খুব শীগগীরই আবার অধিনায়ক পদে ফিরিয়ে আনার সম্ভাবনা তাই কম। অন্তত ড্যারেন গফের তা-ই ধারনা। বিবিসির রেডিও ফাইভ লাইভকে দেওয়া সাক্ষাৎকারে এই সাবেক ইংল্যান্ড-পেসার বলেছেন, “ওই ঘটনার কারণেই ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে তাকে (ফ্লিন্টফ) আর বিবেচনা করা উচিৎ নয়, এমনটা আমি মনে করি না। কিন্তু ওরা সম্ভবত স্ট্রাউসকেই বেছে নেবে।”
কারণটাও ব্যাখ্যা করেছেন গফ, “আগের অভিজ্ঞতাও আছে তার, সে জানে কাজটা কিভাবে করতে হয়।”
গত বৃহস্পতিবার ইয়র্কশায়ারের হয়ে একটি কাউন্টি ম্যাচে ব্যাটিং করার সময় আঙুলে চোট পেয়েছেন ভন, সেটা সারতে প্রায় একমাস লাগার কথা। তার মানে ১৭ মে থেকে লর্ডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট তো বটেই, নিজের হোমগ্রাউন্ড হেডিংলিতে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টেও মাঠের বাইরেই থাকতে হতে পারে ভনকে।
