২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট দলে জায়গা ধরে রাখার লড়াইয়ে ইনজামাম

ওয়ানডে থেকে অবসর নিয়েছেন নিজেই, তবে ইনজামাম-উল হকের টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎও এখন প্রশ্নবিদ্ধ। সেই প্রশ্ন সামনে রেখে, টেস্টে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া মাত্র কিছুদিন আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক হয়ে যাওয়া ইনজামাম। নিজেকে প্রমান করতে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইংলিশ কাউন্টি খেলার পরিকল্পনাও করেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 06:53 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ইনজামাম যখন নিজের ক্যারিয়ার বাঁচাতে ব্যস্ত তখন নতুন অধিনায়ক শোয়েব মালিক দলকে নিয়ে প্রস্তুত হচ্ছেন আবুধাবির আসন্ন ওয়ানডে সিরিজের জন্য। লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন শেষে মালিক জানিয়েছেন, এখনই তার ভাবনায় ২০১১ বিশ্বকাপ, ‘‘আমাদের আসল লক্ষ্য হলো আগামী বিশ্বকাপ। ওই আসরের জন্য তৈরি হতে যা কিছু প্রয়োজন তার সবকিছু নিশ্চিত করতে হবে আমাদের।’’

মালিকের পূর্বসূরি ইনজামাম জেনে গেছেন নির্বাচকরা তাকে টেস্টের জন্যও বাতিল ঘোষণা করতে যাচ্ছেন। এই অবস্থায় তার এজেন্টের মাধ্যমে ইংলিশ ক্লাবের সঙ্গে আলোচনা চালাচ্ছেন খেলার জন্য। এই খবরের সঙ্গে ইনজামাম নিজে আরো জানিয়েছেন, এখনই টেস্ট থেকে বিদায় নেয়ার ইচ্ছা নেই তার, ‘‘সেপ্টেম্বরের ২৫ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে। এরপর নভেম্বরে তিন টেস্ট খেলতে আমরা যাবো ভারতে। আগামী বছরের শুরুতে আবার অস্ট্রেলিয়া দল আসছে পাকিস্তানে। এইসব ভালো দলের সঙ্গে টেস্ট সিরিজে খেলতে উদগ্রীব আমি।’’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র সেদিন জানিয়েছে, ২০১১ বিশ্বকাপ পাকিস্তানের লক্ষ্য বলে ৩৮ বছর বয়সী ইনজামামের টেস্ট ক্যারিয়ারও হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ২০ হাজারের বেশি রান করা ইনজামাম ভাবতেই পারছেন না যে আর টেস্ট খেলার সুযোগ হবে না তার। ইনজামামের কথায়, ‘‘একজন তরুণকে দলে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ যাতে নির্বাচকরা দিতে পারেন, সে কথা ভেবে আমি ওয়ানডে থেকে অবসর নিয়েছি। কিন্তু এখনো খেলাটা উপভোগ করছি আমি। আমার কাছে সত্যিকারের চ্যালেঞ্জ হলো টেস্ট ক্রিকেট। অবশ্য সবকিছু নির্বাচকদের হাতে। আমি টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে নিতে চাই বলে ঘরোয়া ক্রিকেটে খেলার পরিকল্পনা করেছি, তাতে নিজেকে ফিট ও ফর্মে রাখতে পারবো।’’

এদিকে, শোয়েব মালিক জানিয়েছেন বাইরে নানা কথা থাকলেও তিনি ইউনিস খান ও শোয়েব আখতারদের মতো সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে পূর্ণ সমর্থনের নিশ্চয়তা পেয়েছেন। তবে তিনি স্বীকার করছেন, শ্রীলঙ্কার সঙ্গে আবুধাবিতে আগামী মাসে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে পাকিস্তান ইনজামাম ও ইউনিসের মতো খেলোয়াড়ের অভাব বোধ করবে, ‘‘এই সিরিজটা তেমন গুরুত্বপূর্ণ নয় বলে তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে পরখ করে নেওয়ার সুযোগ থাকছে। দলের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অভাবটা আমরা খুবই অনুভব করবো। তবে কারো শূন্যতাই অপূরনীয় নয়। আশা করি, পারফর্ম করে খালি জায়গা পূরণ করার মতো খেলোয়াড় আমরা খুঁজে পাবো।’’