বিশ্বকাপ আয়োজকদের একহাত নিলেন ব্যাখার
প্রিয় দলের বিশাল পরাজয়ে তিনিও শোকাচ্ছন্ন, হতাশাগ্রস্ত। তবে আলী ব্যাখারকে তার চেয়েও বেশি হতাশ করেছে এবারের বিশ্বকাপে টিকেটের উচ্চমূল্য। হতাশা না বলে অবশ্য ক্ষোভ বলাই ভালো। একই সঙ্গে স্টেডিয়ামগুলোতে বাদ্যযন্ত্র নিয়ে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞাতেও গত বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান ক্ষুব্ধ।
দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করেছেন, ছিলেন ক্রিকেট বোর্ডের প্রধানও। আন্তর্জাতিক ক্রিকেট-জীবন দীর্ঘায়িত হয়নি বর্ণবৈষম্যের কারণে দক্ষিণ আফ্রিকার ওপরে আইসিসির নিষেধাজ্ঞা নেমে আসায়। অবসরের পর ক্রিকেট সংগঠক হিসাবে সাফল্য পাওয়ার পুরস্কার হিসাবেই ২০০৩ বিশ্বকাপের আয়োজক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ব্যাখার। সেবার দক্ষিণ আফ্রিকা প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও দর্শক খরায় ভোগেনি বিশ্বকাপ। অথচ এবার তার উল্টো অবস্থা।
শুরু থেকেই দর্শকের অনুপস্থিতি বিশ্বকাপের চিরন্তন উত্তেজনায় জল ঢেলে দিয়েছে। ব্যাখারের ধারণা, টিকেটের উচ্চমূল্যই এমনটি হওয়ার বড় কারণ,“এবার টিকেটের দাম খুব বেশি। এই ম্যাচের (অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল) টিকেটের দাম রাখা হয়েছে ১২০ মার্কিন ডলার। অর্থাৎ এক হাজার র্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা)। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে আমরা দামটা কম রেখেছিলাম। কারণ, আমরা চেয়েছিলাম বিদেশি নয়, দর্শকদের বেশির ভাগ যেন দক্ষিণ আফ্রিকান হয়। আর সেজন্যই ৫৪টিরও বেশি ম্যাচে গড়ে ৭৫ থেকে ৮০ ভাগ লোক হয়েছিল। আমার বিশ্বাস, এখানকার আয়োজকরা দামটা খুব বেশি রেখেছে। ভারত বিদায় নেয়ার কারণে বিদেশ থেকে তেমন দর্শক আসেনি। এতেই সমস্যা হয়েছে। সাধারণত স্থানীয় মানুষই তো খেলা দেখতে আসেন আর উপভোগ করেন বিশ্বকাপ। কিন্তু তাদের বেশির ভাগের পক্ষেই এত দাম দিয়ে টিকেট কেনা সম্ভব নয়।”
বাদ্যযন্ত্র নিয়ে স্টেডিয়ামে ঢুকতে না দেয়াটাকেও দর্শক খরার অন্যতম কারণ মনে করছেন ব্যাখার,“আরেকটা ব্যাপারও আমরা দেখেছি। তা হলো, ক্যালিপসোর অভাব। এটা তো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটেরই সমার্থক। এ ধরনের ব্যাপার সত্যিই দুর্ভাগ্যজনক এবং এ নিয়ে চিন্তা ভাবনাও করা উচিৎ। ক্যারিবিয়ানের মানুষরা খুব অতিথিপরায়ণ। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, নিজেদের মাটিতে আয়োজিত ওয়ানডের সবচেয়ে বড় টুর্নামেন্টটা তাদের বেশির ভাগই দেখতে পারলো না।”
বাদ্যযন্ত্র সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রথম রাউন্ডে থাকলেও সুপার এইটে তা শিথিল করা হয়। কিন্তু তার পরও ক্যারিবীয়দের বিশ্বকাপ বিমুখতার বড় কারণ বোধহয় টিকেটের উচ্চমূল্যই!
