ফাইনালে শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া
দুদলের আগের দেখায় বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ম্যাথু হেইডেন। বুধবার সেন্ট লুসিয়ার বোশেজো স্টেডিয়ামে খেললেন একেবারে উল্টো রকম একটা ইনিংস।
৬০ বলে ৪১ রানের সেই ইনিংসটা কিন্তু সময়ের দাবি মেনেই খেলা। টার্গেট যখন মাত্র ১৫০, তখন তাড়াহুড়োর প্রয়োজন কি? শন পোলকের বলে লং অনে ক্যাচ দিয়ে তিনি যখন ফিরে গেলেন, ততক্ষণে মাইকেল ক্লার্কের সঙ্গে তৃতীয় উইকেটে গড়া হয়ে গেছে ৬৬ রানের জুটি, আর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের ভাগ্যও শেষবারের মতো লেখা হয়ে গেছে। বাকি কাজটুকু সারতে কোনো অসুবিধা হয়নি ক্লার্ক (অপ. ৬০) আর অ্যান্ড্রু সাইমন্ডসের (অপ. ১৮), ১৮ ওভার ৩ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পেয়ে ফাইনালে উঠে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। ২৮ এপ্রিল ব্রিজটাউনের ওই ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
মাত্র ১৪৯ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকার শুরুটা কিন্তু একদম খারাপ হয়নি। দ্বিতীয় ওভারে, নিজের প্রথম বলেই অ্যাডাম গিলক্রিস্টের (১) স্টাম্প এলোমেলো করে দিয়ে একটা আশার আলো দেখিয়েছিলেন শার্ল ল্যাঙ্গাফেল্ট। স্কোরবোর্ডে রান তখন সবে ১। কিন্তু দ্বিতীয় উইকেটে রিকি পন্টিং আর ম্যাথু হেইডেনের ৪৩ রানের জুটিতে সে ধাক্কা অনেকটাই সামলে উঠেছে অস্ট্রেলিয়া। দারুণ এক ইয়র্কারে পন্টিংকে (২২) বোল্ড করে দিয়ে এই জুটি ভেঙ্গেছেন আন্দ্রে নেল। তার পরেই হেইডেন আর ক্লার্কের ওই জুটি।
হেইডেনের চেয়েও অবশ্য একধাপ এগিয়ে গেছেন ক্লার্ক, ম্যাচের একমাত্র হাফসেঞ্চুরিটি করেছেন তিনিই, ৭৫ বলে ওই মাইলফলক ছোঁয়ার পথে ৭টি বাউন্ডারি মেরেছেন এই ডানহাতি।
এর আগে গ্লেন ম্যাকগ্রা (৩/১৮) আর শন টেইটের (৪/৩৯) তোপের মুখে টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ৪৩ ওভার ৫ বলে অলআউট হয়ে গেছে মাত্র ১৪৯ রানে।
যেভাবে শুরু করেছিল দক্ষিণ আফ্রিকানরা, তাতে অবস্থাটা এরচেয়েও খারাপ হতে পারতো। হয়নি কিছুটা হার্শেল গিবসের কারণে, কিছু জাস্টিন কেম্পের। ২৭ রানে পাঁচ উইকেট হারানোর পর ৬০ রানের দারুণ একটা জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে স্বপ্ন দেখাচ্ছিলেন তারা দুজনই। ৪৯ বলে ৩৯ রানের নির্ভীক এক ইনিংস খেলার পর সতীর্থদের মতোই গড্ডালিকা প্রবাহে যোগ দিয়ে গিবসের বিদায়ের পর কেম্প (অপরাজিত ৪৯) একাই টেনে নিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। নবম উইকেটে আন্দ্রে নেলকে (৮) নিয়ে যোগ করেছেন অমূল্য ২৭ রান। সঙ্গীর অভাবে হাফসেঞ্চুরি করা হয়নি, কিন্তু ভাগ্যের একটু সহযোগিতাও পেয়েছেন তিনি। ৪৮ রানে তার দেওয়া সহজ একটি ক্যাচ লং অনে দাঁড়ানো শন টেইট ফেলে দিয়েছেন হাত লাগিয়ে, বুকে জমিয়েও।
সেই ব্যর্থতা অবশ্য অস্ট্রেলিয়ার জন্য খুব বড় কিছু হয়ে ওঠেনি, কারণ ওই ওভারেই শেন ওয়াটসন শেষ ব্যাটসম্যান শার্ল ল্যাঙ্গাফেল্টকে (৬) বোল্ড করে দিয়ে গুটিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ইনিংস।
গিবস যতক্ষণ খেলছিলেন, ব্যাটিংটাকে মোটেই কঠিন কিছু মনে হচ্ছিল না। অমন বিপর্যয়ের মধ্যেও নিজেকে খোলসের মধ্যে ঢুকিয়ে ফেলেননি তিনি, সুযোগ পেলেই চালিয়েছেন পাল্টা আক্রমণ। ৩৯ রানের ইনিংসে ছয়টি বাউন্ডারি, পরিসংখ্যানই বলছে কোনো ছাড় দেননি তিনি। অন্যদিকে কেম্প তাকে উপযুক্ত সাহচর্য দেওয়ার পথে মেরেছেন ম্যাচের প্রথম ছক্কাটি! ষষ্ঠ উইকেট জুটিতে হাফসেঞ্চুরি করতে তাই ওই অবস্থাতেও লেগেছে মাত্র ৬৭ বল।
কিন্তু ওই বাড়তি আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত পতন ডেকে এনেছে তার। সঙ্গীদের মতোই ফুটওয়ার্কের বালাইবিহিন এক শট খেলে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন তিনি।
দু ওভার বাদে একই ভাবে টেইটকে তার তৃতীয় উইকেটটি উপহার দিয়েছেন অ্যান্ড্রু হল (০), জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালাতে গিয়ে দিয়েছেন উইকেটের পিছনে ক্যাচ।
শন পোলকের আউটটাই হয়েছে একটু অন্য রকম, বাঁহাতি লেগ স্পিনার ব্র্যাড হগের বলে অফড্রাইভ খেলতে গিয়ে ফিরতি ক্যাচ দিয়েছেন এই অলরাউন্ডার (৫)।
কেম্পের লড়াইয়ের দ্বিতীয় পর্বের শুরুটা এরপর। ৮ রান করতে ৪১ বল খেললেও কেম্পকে দারুণ সঙ্গ দেওয়া নেলও কিন্তু শেষ পর্যন্ত সেই একই রোগের রোগী, অফস্টাম্পের বাইরের বলে সত্যিকারের টেলএন্ডারের মতোই এক শট খেলে টেইটকে তার চতুর্থ উইকেটটি উপহার দিয়েছেন তিনি।
এর আগে ৩৭ বছর বয়সী গ্লেন ম্যাকগ্রার অসাধারণ এক স্পেল যেন শুরু হতে না হতেই শেষ করে দিয়েছে এই ম্যাচের আকর্ষণ। তার তিন উইকেট আর সঙ্গে দুই নবীন নাথান ব্র্যাকেন ও শন টেইটের আরো দুটি শিকার টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ঠেলে দিয়েছে ব্যাকফুটে। ২৭ রানেই ব্যাটিং লাইন আপের প্রথম অর্ধেক উড়ে গেছে তাদের।
ম্যাকগ্রা দারুণ বোলিং করেছেন সত্যি, কিন্তু দক্ষিণ আফ্রিকানদের সর্বনাশের সূচনা আসলে তাদের নিজেদের হাতেই। ইনিংসের তৃতীয় ওভারেই ব্র্যাকেনকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে গ্রায়েম স্মিথ (২) বিলিয়ে দিয়েছেন নিজের মূল্যবান উইকেটটি। শেষ মুহূর্তে লেন্থ বদল করে দেওয়া ব্র্যাকেনের বলটি তার ব্যাটের ভেতরের কানায় লেগে আঘাত হেনেছে উইকেটে। সেখান থেকে কোথায় শিক্ষা নেবেন, তা নয় উল্টো টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক জ্যাক ক্যালিসও (৫) যেন ঠিক তার অধিনায়কের পথেই হাঁটলেন। গ্লেন ম্যাকগ্রাকে ডাউন দ্য উইকেটে খেলতে গেলেন তিনি, জবাবে ম্যাকগ্রা দিলেন দুর্দান্ত এক ইয়র্কার, তাতে উড়ে গেল মিডল আর অফস্টাম্প।
এবি ডিভিলিয়ার্সও (১৫) একই দোষে দোষী, ৩৪ বল খেলে ফেলে যখন উইকেটে জমে যাচ্ছেন, এ রকম সময় শন টেইটের প্রথম ওভারেই ঘন্টায় ৯০ মাইল গতির একটা বলকে জায়গায় দাঁড়িয়ে স্ল্যাশ করলেন তিনি। ফল-উইকেটের পিছনে অ্যাডাম গিলক্রিস্টের হাতে সহজ এক ক্যাচ।
দক্ষিণ আফ্রিকার ঘুরে দাঁড়ানোর স্বপ্নটা শেষ হয়ে গেছে ম্যাকগ্রার করা পরের ওভারটাতেই। অ্যাশওয়েল প্রিন্স (০) হয়তো নিজেকে একটু দুর্ভাগা ভাবতে পারেন, ম্যাকগ্রার যে বলে তিনি আউট হয়েছেন সেটা মোটেই ম্যাকগ্রাসূলভ ছিল না- অফস্টাম্পের অনেকটা বাইরের বলে স্ল্যাশ করতে গিয়েছিলেন তিনি, বল তার ব্যাটে লেগেছে কি লাগেনি রিপ্লেতেও নিশ্চিত করা যায়নি। কিন্তু আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন। পরের বলেই অবশ্য দেখা গেছে সত্যিকারের ম্যাকগ্রাকে, দারুণ লাইন-লেন্থের বলটা মাত্রই উইকেটে আসা মার্ক বাউচারের জন্য একটু বেশিই ভালো ছিল, কি করবেন ভেবে ওঠার আগেই তার ব্যাটে চুমু খেয়ে সেটা জমা পড়েছে প্রথম স্লিপে দাঁড়ানো ম্যাথু হেইডেনের হাতে।
টসে জিতলে ম্যাচের অর্ধেকটাই জেতা হয়ে যায়! অন্তত দ্বিতীয় সেমিফাইনাল যেখানে হচ্ছে সেই বোশেজো ক্রিকেট গ্রাউন্ডের উইকেট সম্পর্কে এমনটাই ছিল প্রচলিত ধারণা। টস জিতে তাই ব্যাটিং নিতে এতটুকু চিন্তা করতে হয়নি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথের। হেরে আগে ফিল্ডিং নিতে বাধ্য হওয়ায় অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের কপালেই যেন একটু চিন্তার রেখা দেখা গিয়েছিল তখন। এখানে আগে ব্যাট করার ইচ্ছে যে তারও ছিল! কিন্তু ম্যাকগ্রা-ব্র্যাকেন-টেইটরা সেটা মুছে দিতে মোটেই সময় নেননি।
এই ম্যাচে দুদলই নেমেছে আগের ম্যাচের একাদশ নিয়ে। অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা নেই একাদশ নিয়ে। কিন্তু মঙ্গলবার আন্দ্রে নেলের বোলিং আঙ্গুলে চিড় ধরেছে। তাই দুশ্চিন্তা একটু আছে ঠিকই গ্রায়েম স্মিথের। তবু বিশ্বকাপে এসে ফর্ম হারানো মাখায়া এনটিনির ওপর ভরসা করতে পারেনি তার দল। সামান্য চোট নিয়েও পেসার নেলই আছেন একাদশে।
দক্ষিণ আফ্রিকা : ৪৩ দশমিক ৫ ওভারে ১৪৯/১০ (গ্রায়েম স্মিথ ২, এবি ডি ভিলিয়ার্স ১৫, জ্যাক ক্যালিস ৫, হার্শেল গিবস ৩৯, মার্ক বাউচার ০, জাস্টিন কেম্প অপরাজিত ৪৯, অ্যাশওয়েল প্রিন্স ০, শন পোলক ৫, আন্দ্রে নেল ৮, অ্যান্ড্রু হল ৩, শার্ল ল্যাঙ্গাফেল্ট ৬, অতিরিক্ত ১৭, ব্র্যাকেন ১/১৫, ম্যাকগ্রা ৩/১৮, টেইট ৪/৩৯, ওয়াটসন ১/৪৯, হগ ১/২৪)।
অস্ট্রেলিয়া : ৩১ দশমিক ৩ ওভারে ১৫৩/৩ (গিলক্রিস্ট ১, হেইডেন ৪১, পন্টিং ২২, ক্লার্ক অপ. ৬০, সাইমন্ডস অপ. ১৮; পোলক ১/১৬, ল্যাঙ্গাফেল্ট ১/ ৩৪, ক্যালিস ০/২০, নেল ১/৩১, হল ০/৪৩, কেম্প ০/৪)।
ফল : অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।
ম্যান অফ দি ম্যাচ : গ্লেন ম্যাকগ্রা।
