২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ব্রায়ান লারা

আর কখনো দেখা যাবে না সেই ‘ট্রেডমার্ক’ পুল। ক্রিকেটরসিকরা আর উপভোগ করতে পারবেন না তার চোখধাঁধানো কাট, ড্রাইভ। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাবার পর জানিয়েছিলেন বিশ্বকাপ শেষে বিদায় জানাবেন ওয়ানডে ক্রিকেটকে। তবে শুধু ওয়ানডেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেই পাওয়া যাবে না ব্রায়ান চার্লস লারার ব্যাটিং মাধুর্য। বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে ম্যাচ শেষে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান দিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা। তার মানে, সমাপ্তি ঘটতে চলেছে লারা-যুগের। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচটাই হতে যাচ্ছে লারার ক্যারিয়ারেরও শেষ আন্তর্জাতিক ম্যাচ!

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Apr 2007, 08:49 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বাজে পারফরম্যান্সের কারণে তার অবসর সংক্রান্ত একটা গুঞ্জন শোনা যাচ্ছিল ক্যারিবীয় দ্বীপপুঞ্জ জুড়ে। সাবেক কয়েক জন তারকা তো আগামী মাসে ইংল্যান্ড সফরের দল থেকে তাকে বাদ দেয়ার পক্ষেও জোরালো মত দিয়েছিলেন। সব মিলিয়ে ক্যারিয়ারের সায়াহ্নে একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই পড়তে হয়েছে তাকে। সেই অভিমানেই কি ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবার ঘোষণা দিলেন টেস্টে সর্বোচ্চ রানের মালিক? এ সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না। লারা অবশ্য সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কিছুই বলেননি। তবে অবসরের কথা সবাইকে জানাবার সময় আবেগ ঠিকই ভর করেছে তার কণ্ঠে,“ব্যাপারটা আমি ভালোভাবে বিবেচনা করেছি। আর তা হলো, শনিবার খেলোয়াড় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটকে আমি বিদায় জানাতে যাচ্ছি। এ সম্পর্কে বোর্ড ও দলের খেলোয়াড়দের সঙ্গেও ইতিমধ্যে কথা বলেছি।”

১৩১ টেস্টে ৫২ দশমিক ৮৮ গড়ে ৩৪টি সেঞ্চুরিসহ ১১,৯৫৩ রানের অধিকারী তিনি। এই ৩৪টির মধ্যে রয়েছে ৩৭৫ ও অপরাজিত ৪০০ রানের দুটো অত্যাশ্চর্য ইনিংস। ফার্স্ট ক্লাস ক্রিকেটে অপরাজিত ৫০১ রানের আরেকটি অবিস্মরণীয় ইনিংসের মালিক লারার ওয়ানডে ক্যারিয়ারও কম ঈর্ষণীয় নয়। ২৯৮ ম্যাচে ১৯টি সেঞ্চুরিসহ ১০,৩৮৭ রান, গড় ৪০ দশমিক ৫৭। অথচ এমন দুর্দান্ত ক্যারিয়ার সত্ত্বেও দলের প্রতি তার ভালোবাসা আর অঙ্গীকার নিয়ে প্রশ্ন উঠেছে প্রায় নিয়মিতই। এই বিশ্বকাপেও উঠেছে। তবে বিদায়বেলায় এ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি,“সেই সব সমালোচনা নিয়ে কথা বলার সময় এটা নয়। সব কিছু তো শেষই হয়ে গেছে। আমাদের শুধু শনিবারের ম্যাচটার দিকে তাকাতে হবে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভবিষ্যত নিয়ে ভাবতে হবে।”

তার উত্তরসূরী হিসাবে রামনরেশ সারওয়ানের নাম সবচেয়ে বেশি শোনা গেলেও এ নিয়েও কিছু বলতে রাজি হননি টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক। শুধু জানিয়েছেন,“যে-ই দলের দায়িত্ব নিক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, তাকে সমর্থন দেয়া। মাঠে আপনারা যা দেখেছেন সেটাই সব কিছু নয়। দায়িত্ব নেয়ার শুরু থেকেই সমর্থন দিতে হবে অধিনায়ককে। বোর্ড, নির্বাচক মন্ডলী এবং দলের প্রত্যেকের কাছ থেকে পূর্ণ সমর্থন পেলে এক জন অধিনায়ক তার পদ নিয়ে অনেকখানি নির্ভার থাকতে পারে।”

অবসরের ঘোষণা দেয়ার ঠিক আগে লারাকে প্রশ্ন করা হয়েছিল-খেলোয়াড় হিসাবে কিভাবে স্মরণীয় হয়ে থাকতে চান? প্রশ্নটার উত্তর এসেছে লারা-সুলভ ভঙ্গিমাতেই, ‘রেকর্ডের বরপুত্র’-র মন্তব্য,“মাঠে নেমে দর্শকদের আনন্দ দেয়ার চেষ্টা করা এক জন ক্রিকেটার হিসাবেই স্মরণীয় হয়ে থাকতে চাই আমি। এই খেলাতে মানুষ টাকা খরচ করেই তো আপনাকে দেখতে আসে। আর সেজন্যই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কেউ মাঠ ছেড়ে যাবার সময় বলবে যে সে ব্রায়ান লারা এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা খুব উপভোগ করেছে।”

চাঁদের যেমন কলঙ্ক আছে তেমনি লারার আলোকোজ্জ্বল ক্যারিয়ারেও অন্ধকার কম নেই। মাঠের বাইরে বিতর্কিত, বেপরোয়া জীবন কম ঝামেলায় ফেলেনি তাকে। ‘লারার ক্যারিয়ার শেষ’-জাতীয় মন্তব্য তার কানেও এসেছে বহুবার। তবে সব বিতর্ককে পেছনে ফেলে ব্যাট হাতে সব সমালোচনার জবাব দিয়েছেন সদম্ভে। এই মানসিক দৃঢ়তার ব্যাখ্যাও দিয়েছেন লারা,“খেলোয়াড় ও ব্যক্তি হিসাবে বহুবার আমাকে বাতিলের দলে ফেলে দিয়েছেন অনেকে। কিন্তু প্রতি বারই আমি ঘুরে দাঁড়িয়েছি। আমার বিশ্বাস এই মানসিক শক্তি বাবা-মা’র কাছ থেকে পেয়েছি। যে কোনো সময় নিজেকে উজ্জীবিত করা এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে আমি সক্ষম। এটা এমন একটা ব্যাপার যা আমি বই পড়ে শিখিনি। কিংবা হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠেও পাইনি। এটা আমার মনের গভীরেই ছিল এবং পারিবারিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। সেজন্য আমি দারুণ গর্বিত।”

অবসর নিলেও ক্রিকেটের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিতে রাজি নন লারা। বরং জানিয়েছেন, আগামীতে ওয়েস্ট ইন্ডিজকে তিনি সাহায্য করতে আগ্রহী,“ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার বাঁধভাঙ্গা ভালোবাসা রয়েছে। এবং প্রয়োজনে দলকে যে কোনো ধরনের সাহায্য করতে আমি প্রস্তুত, সেটা মাঠের বাইরে থেকে হলেও সমস্যা নেই। অতীতে বেশ কয়েকজন গ্রেট খেলোয়াড়ের সঙ্গে খেলেছি বলেই আমি জানি এখানে প্রতিভার কোনো অভাব নেই। আমাদের ক্রিকেটের শুধু শক্ত একটা ভিত্তি দরকার, যেটার অনুপস্থিতি অনেক দিন ধরেই অনুভব করছি আমরা।”

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট আর কোনো দিন শক্ত ভিত্তি পাবে কিনা বলা মুশকিল। তবে ব্রায়ান লারার মতো ব্যাটসম্যানের দেখা পেতে ক্রিকেটপিপাসুদের যে অনেক ... অনেক দিন অপেক্ষা করতে হবে এমন ভবিষ্যদ্বাণী করাতে কোনো ঝুঁকি নেই। হয়তো একটাই আক্ষেপ তার, বিশ্বকাপ-ব্যর্থতা দিয়েই শেষ হলো বর্ণাঢ্য ক্যারিয়ারের। অথচ ’৯২ পাকিস্তানের বিপক্ষে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস দিয়েই শুরু হয়েছিল লারার বিশ্বকাপ অভিযাত্রা। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তেমন আরেকটা ঝলমলে ইনিংস কি উপহার দিতে পারবেন?