হার দিয়েই শেষ বাংলাদেশের বিশ্বকাপ, সান্ত্বনা সপ্তম হওয়ার
এক সময় তো মনে হচ্ছিল বাংলাদেশের বিশ্বকাপ অভিযানে হয়তো সংযোজিত হতে যাচ্ছে সর্বনিম্ন স্কোরে অলআউট হওয়ার লজ্জাও। সেটা হতে দেননি মাশরাফি বিন মর্তুজা। তার ৩৭ রানের ইনিংসটার কল্যাণেই কোনো রকমে তিন অংক পেরিয়েছে বাংলাদেশ, কিন্তু তাতে লাভ হয়নি। ৬ ওভার ১ বল বাকি থাকতেই ১৩১ রানে অলআউট হয়ে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটা ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। আর সেই সূত্রেই আয়ারল্যান্ডের ওপরে থেকেই বিশ্বকাপ অভিযান শেষ করেছে টাইগাররা। সে জন্য অবশ্য মাশরাফির চেয়েও বেশি ঋণ শ্রীলংকার কাছে, আগের দিন তারা আয়ারল্যান্ডকে অমন বিধ্বস্ত করাতেই নেট রানরেটে বাংলাদেশের (-১.৫১) চেয়ে পিছিয়ে পড়েছে আইরিশরা (-১.৭৩)।
মাশরাফির কীর্তি তাতে ম্লান হচ্ছে না। ৫২ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর এই অলরাউন্ডার ব্যাট করতে নামার পরেই প্রথম বাংলাদেশের ইনিংসে দেখা গেছে লড়াইয়ের আভাস। ৫১ বলে ৩৭ রান করা মাশরাফি অবশ্য সর্বোচ্চ স্কোরার নন, সৈয়দ রাসেলকে (২) বোল্ড করে দিয়ে ক্রিস গেইল যখন ইনিংসটা শেষ করে দিলেন তখন মুশফিকুর রহিম ৩৮ রানে অপরাজিত। কিন্তু তার ৭৫ বলের ইনিংসে ছিল না লড়াইয়ের আভাস, যেটা দেখিয়েছেন মাশরাফি।
এছাড়া বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরা কেবল মেতে ছিলেন আসা যাওয়ার খেলায়।
তামিম ইকবালকে দিয়েই শুরু। আউট হয়ে যেতে পারতেন ম্যাচের প্রথম বলেই। দ্বিতীয় স্লিপে তার দেওয়া ক্যাচে হাত ছুঁইয়েই উৎসবে মাততে গিয়ে ফেলে দিয়েছেন ব্রায়ান লারা। ‘জীবন’ পেয়েও তিনি যে সেটা কাজে লাগাতে পারলেন না, সে জন্য অবশ্য তারচেয়েও বেশি করে দায়ী তার ওপেনিং পার্টনার জাভেদ ওমর। রান না পাওয়ার চাপ ছিল, কিন্তু তাই বলে ফিল্ডারের হাতেই বল রেখে দৌড় দিতে হবে? ননস্ট্রাইকিং প্রান্ত থেকে খানিকটা এগিয়ে গিয়েছিলেন তামিমও, কিন্তু ফিল্ডার দেখে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি সেদিকে না তাকিয়ে জাভেদ তার দৌড় অব্যাহত রাখায় বাংলাদেশের দুই ওপেনারই জমে গেলেন একপ্রান্তে। রানআউট হয়ে ফিরতে হলো তামিমকে (৭)।
তারপর এসে আফতাব যথারীতি দেখালেন তার ব্যাটিং সামর্থের কিছু ঝলক, এবং দেখিয়েই বিদায়। কোরি কলিমোরের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে তিনি (৬) ফিরে যাওয়ায় বাংলাদেশও যথারীতি বিপদে। বিপদ আরো ঘনীভূত হয়েছে কলিমোরের পরের ওভারেই ‘মিস্টার কনসিসটেন্ট’ সাকিব আল হাসানও (০) উইকেটের পিছনে ক্যাচ দেওয়ায়।
আত্মহননের মিছিলে পরের সঙ্গী আশরাফুল পুল করতে গিয়ে আকাশে বল তুলে দিয়ে বিদায় নিয়েছেন (২) ড্যারেন পাওয়েলের করা সপ্তদশ ওভারের প্রথম বলে। বাংলাদেশের স্বপ্ন আসলে সেখানেই শেষ।
আর এই শেষ করার দায় অনেকটাই জাভেদের। আউট হওয়ার আগে ১৬ রান করেছেন তিনি। কিন্তু সেটা করার পথেই করে গেছেন আসল সর্বনাশটা ৪৯ বল খেলে জমিয়েছেন রানখরার চাপ। সেই চাপেই ভেঙ্গে পড়েছেন আফতাব-আশরাফুলরা। অনেকক্ষণ ধরে আউট হওয়ার চেষ্টা করে অবশেষে তিনি আউট হয়েছেন ক্রিস গেইলের হাতে ক্যাচ দিয়ে।
৩৫ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশের স্কোর খুব শীগগীরই হয়ে গেছে ৬ উইকেটে ৫২, হাবিবুল বাশারের দুঃস্বপ্নের বিশ্বকাপ আরেকটু দীর্ঘায়িত হওয়ায়। ১২ রানে স্লিপে আরেকটা ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
কোরি কলিমোর (২/৩৮) আর ড্যারেন পাওয়েল (৩/৩৮) দারুণ বোলিং করেছেন, কিন্তু বাংলাদেশের সর্বনাশ আসলে ডেকে এনেছেন ব্যাটসম্যানরাই।
সকালে শুরুটা দেখে কিন্তু মনে হচ্ছিল অন্য রকম। টস জিতে হাবিবুল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর যেভাবে শুরু করেছিলেন মাশরাফি আর রাসেল তাতে আরেকটা জয়ই দেখতে পাচ্ছিল বাংলাদেশ! ৮ রানে ২ উইকেট হারানোর পরও ওয়েস্ট ইন্ডিজ যে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৩০ রান, তার কৃতিত্বটা পাওনা ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পাওয়া রামনরেশ সারওয়ানের। ৯০ বলে অপরাজিত ৯১ রানের দারুণ একটা ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে এতদূর নিয়ে গেছেন তিনিই। অধিনায়ক ব্রায়ান লারা তাকে দারুণ সঙ্গ দিয়েছেন ২৭ বলে দুটি ছক্কাসহ ৩৩ রানের ইনিংস খেলে। তবে আরো বিপজ্জনক হয়ে ওঠার আগেই ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ককে ফিরিয়ে দিয়েছেন আব্দুর রাজ্জাক, ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে কভারে ক্যাচ দিয়েছেন লারা।
দুটি ছক্কা আর পাঁচটি বাউন্ডারিতে সাজানো সারওয়ানের ইনিংসটা অবশ্য শেষ হয়ে যেতে পারতো ৬৩ রানেই। রিপ্লে দেখে মনে হয়েছে মিডঅন থেকে সাকিবের থ্রো সরাসরি উইকেটে আঘাত হানার সময় ক্রিজের বাইরেই ছিল সারওয়ানের ব্যাট। কিন্তু ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিংয়ের রেকর্ড ছুঁতে নামা রুডি কোয়ের্টজেন নিজে তো সেদিকে তাকালেনই না, ডাকলেন না থার্ড আম্পায়ারকেও! তাই নিশ্চিত রান আউটের হাত থেকে বেঁচে গেলেন সারওয়ান।
এর আগেও দুবার আউট পারতেন সারওয়ান, মোহাম্মদ রফিকের বলে যদি তার ক্যাচটা নিতে পারতেন উইকেট কিপার মুশফিকুর রহিম। কিংবা তাকে রান আউট করতে পারতেন রফিক নিজে। কভার থেকে উড়ে আসা থ্রোটা ধরার চেষ্টাই করেননি রফিক, মাঝপথ থেকে ফিরে আসা সারওয়ান কিন্তু তখনো অনেক দূরেই ছিলেন। ওই ওভারেই চন্দরপলের একটি শটও উঠে গিয়েছিল মিড অনে, কিন্তু ফিল্ডারের কাছাকাছি নয়, একটু সামনে ড্রপ খাওয়ায় সে যাত্রা বেঁচে গেছেন তিনি।
শেষ পর্যন্ত চন্দরপলের ৮৫ বলে ৫০ রানের ইনিংসটা শেষ হয়েছে আফতাবের বলে বোল্ড হয়ে। সকালে যখন উইকেট থেকে সাহায্য পাচ্ছিলেন সিমাররা তখন নয়, ৩৮তম ওভারে বল হাতে পেয়েছেন তিনি, চতুর্থ বলেই পেয়েছেন সাফল্যও।
কিন্তু এরপর সারওয়ান আর লারার আক্রমণে এলোমেলো হয়ে গেছে সবকিছু।
শেষ দশ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৮৪ রান!
এই আক্রমণের তোড়ে এলোমেলো হয়ে গেছে দ্বিতীয় স্পেলে ফেরা রাসেলের বোলিং ফিগার। প্রথম স্পেলের ৮ ওভারে মাত্র ২১ (প্রথম ৭ ওভারে ১১) রান দেওয়া এই পেসার দ্বিতীয় স্পেলের দু ওভারে দিয়েছেন ২৭ রান। কম যাননি মাশরাফিও, প্রথম স্পেলের ৭ ওভারে ১৩ রান দেওয়ার পর দ্বিতীয় স্পেলের ৩ ওভারে তিনি দিয়েছেন ২৬।
এর আগে বিপজ্জনক হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন মারলন স্যামুয়েলস। কিন্তু সেটা হতে দেননি সাকিব আল হাসান। বাংলাদেশের তিন বাঁহাতি স্পিনারের মধ্যে সবার শেষে বল হাতে পেয়েছেন তিনি, তবে সাফল্য পেয়েছেন সবার আগে, নিজের তৃতীয় বলেই। হাল্কা বাঁক নেওয়া ফ্লাইটেড বলটিতে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে শেষ হয়েছে স্যামুয়েলসের ৬৬ বলে ৩১ রানের সংগ্রামী ইনিংস। সঙ্গে শিবনারায়ণ চন্দরপলকে নিয়ে তৃতীয় উইকেটে গড়া ৪৭ রানের জুটিটাও।
আরো আগেই অবশ্য আউট হতে পারতেন স্যামুয়েলস। রাসেলের বলে তার দেওয়া কঠিন একটা ক্যাচ রাখতে পারেননি দ্বিতীয় স্লিপে দাঁড়ানো রাজ্জাক। স্যামুয়েলসের সংগ্রহ তখন ১।
সকালে টস জিতে বোলারদের হাতে বল তুলে দিয়েছেন হাবিবুল বাশার। কেনসিংটন ওভালের সবুজ উইকেটে সকালের আর্দ্রতাটুকু কাজে লাগানোই ছিল উদ্দেশ্য, সেটা যে ভুল হয়নি-তা প্রমাণ করতে মোটেই সময় নেননি মাশরাফি বিন মর্তুজা আর সৈয়দ রাসেল। ইনিংসের তৃতীয় আর নিজের দ্বিতীয় ওভারেই দারুণ একটা ইনসুইং বলে মাশরাফি এলোমেলো করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওপেন করতে নামা ডেভন স্মিথকে (৫)। পরের ওভারে রাসেলের অফকাটারে এলবিডব্লু হয়েছেন ক্রিস গেইলও (১)।
৮রানে ২ উইকেট হারিয়ে দারুণ বিপদে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তার ওপর বাংলাদেশের দুই নতুন বলের বোলার একই সঙ্গে দারুণ লাইনেও বল করে যাওয়ায় প্রথম ১৫ ওভারে দুটি মাত্র বাউন্ডারি পেয়েছে স্বাগতিকরা। এই ১৫ ওভারের চারটিই ছিল মেডেন, মাশরাফি-রাসেল দুজনই নিয়েছেন দুটি করে। ৭ ওভারে মাশরাফি দিয়েছেন ১৩ রান, অষ্টম ওভারে ১০ রান দেওয়ার পরও রাসেলের নামের পাশে ৮ ওভারে ২১। পাওয়ার প্লের ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলতে পেরেছে মাত্র ৪৭ রান।
এ ম্যাচে দুটো পরিবর্তন আছে বাংলাদেশ দলে। শাহরিয়ার নাফীসের বিশ্বকাপ দুঃস্বপ্ন আবার বাংলাদেশ একাদশে ফিরিয়ে এনেছে জাভেদ ওমরকে। চোট সেরে যাওয়ায় বাঁ হাতি পেসার সৈয়দ রাসেলও ফিরেছেন। বাদ পড়েছেন শাহাদাত হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ২৩০/৫ (গেইল ১, ডেভন স্মিথ ৫, চন্দরপল ৫০, স্যামুয়েলস ৩১, সারওয়ান অপ. ৯১, লারা ৩৩, ব্রাভো অপ. ৯; মাশরাফি ১/৩৯, রাসেল ১/৪৮, রাজ্জাক ১/৪৪, রফিক ০/৪৬, সাকিব ১/৩৮, আফতাব ১/১২) ।
বাংলাদেশ : ৪৩ দশমিক ৫ ওভারে ১৩১(তামিম ৫, জাভেদ ১৬, আফতাব ৬, সাকিব ০, আশরাফুল ২, হাবিবুল ১২, মুশফিক অপ. ৩৮, মাশরাফি ৩৭, রফিক ০, রাজ্জাক ১, রাসেল ২; কলিমোর ২/১১, পাওয়েল ৩/৩৮, টেলর ০/২৫, ব্র্যাভো ২/২৮, গেইল ২/২৮)
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৯৯ রানে জয়ী।
ম্যান অফ দি ম্যাচ : রামনরেশ সারওয়ান।
