২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষেও মালিঙ্গা-বিহীন শ্রীলঙ্কা?

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিশ্চয়ই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে খবরটায়! সোমবারের ম্যাচে সম্ভবত তাদের ব্যাটসম্যানদের লাসিথ মালিঙ্গার তোপের মুখে পড়তে হচ্ছে না। শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, এখনো চোট সারেনি ভিন্নধর্মী অ্যাকশনের ফাস্ট বোলার মালিঙ্গার। অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে তার খেলা তাই অনিশ্চিত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2007, 10:17 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এখন পর্যন্ত বিশ্বকাপে ১৫ উইকেট নিয়েছেন মালিঙ্গা। সতীর্থ মুত্তিয়া মুরালিধরনকে নিয়ে তিনি আছেন এবারের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকার দ্বিতীয় স্থানে। বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোটের কারণে তরুণ এই পেসারকে নিউজিল্যান্ডের বিপক্ষে পায়নি শ্রীলঙ্কা। তবু ম্যাচ জিততে অসুবিধা হয়নি ’৯৬-এর চ্যাম্পিয়নদের। এবার প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এ ম্যাচে মালিঙ্গাকে খুব দরকার শ্রীলংকার। সে কারণেই হতাশা ঝরছে দলের ম্যানেজার মাইকেল টিসারার কণ্ঠে, ‘‘অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে খেলানোর ঝুঁকি আমরা নিতে পারবো কি না, তা জানি না। ওই ম্যাচে তার খেলা নিয়ে সংশয় আছে।’’

এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পুরোপুরি ফিট হওয়ার আগে মাঠে নামানোর ঝুঁকি নেওয়ার ইচ্ছেও নেই শ্রীলঙ্কার। টিসেরা বলেছেন, ‘‘ভালো হয় তাকে আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচের (বুধবার) জন্য তৈরি রাখতে পারলে। সকালে সে হেঁটেছে, আগের চেয়ে ভালোও বোধ করছে। ডাক্তাররা প্রথমে তার চোট পরীক্ষা করে বলেছিলেন, অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার অবস্থাটা এখন কেমন তা ঠিক জানি না আমরা। অনুশীলনে তাকে ভালো করে দেখে তবেই সিদ্ধান্ত নিতে হবে।’’