২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক হওয়ার আগ্রহ জানালেন মোহাম্মদ ইউসুফ

পাকিস্তানের ক্রিকেট অঙ্গন মানে নাটকীয়তায় ভরপুর এক মঞ্চ। সেই মঞ্চে এখন চলছে নতুন নাটক। পাকিস্তানের অধিনায়ক হওয়ার প্রস্তাব আগের দিন আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছেন ইউনিস খান। শনিবার মোহাম্মদ ইউসুফ দাবি করে বসলেন নেতৃত্ব। হ্যাঁ, ইনজামাম উল হকের ছেড়ে যাওয়া জায়গাটি পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউসুফ। তার মতে, তিনি অধিনায়ক হলে সেটাই হবে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2007, 08:29 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

মজার ব্যাপার হলো, এই সময়ে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান ইউসুফকে অধিনায়ক হওয়ার প্রস্তাবই দেওয়া হয়নি। কিন্তু ইউনিস ‘মানসিক চাপ’-এর কথা বলে নেতৃত্ব নিতে অস্বীকার করার পর ইউসুফ বললেন, ‘‘এই কাজে কোনো চাপ আমি দেখি না। গত বছরে আমি সত্যিকার অর্থেই নিজেকে প্রমাণ করতে পেরেছি আর সে কারণে এই পদের যোগ্য একজন প্রার্থী মনে করছি নিজেকে। পাকিস্তান দলের নেতৃত্ব সবসময়ই সম্মানের। এই কঠিন সময়ে দলকে নেতৃত্ব দেওয়া আমার জন্য আনন্দেরই ব্যাপার হবে।’’

গতবছরটা ব্যাটে দারুণ কেটেছে ইউসুফের। এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার নতুন রেকর্ডও গড়েছেন তিনি। স্যার ভিভ রিচার্ডসের গড়া আগের রেকর্ডটি বহুদিন ছিল অক্ষত।

২০০৩ বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের সহ-অধিনায়ক ছিলেন ইউসুফ। তারপর সেই দায়িত্ব পান ইউনিস। তবে ইউসুফ তিন টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরে অনুষ্ঠিত এক টেস্টে জয় এনে দিয়েছিলেন দলকে। ২০০৪-০৫ মৌসুমে অস্ট্রেলিয়ায় রিকি পনিটংয়ের দলের বিপক্ষে দুটি টেস্টে অবশ্য হেরেছিলেন।

দীর্ঘ দিন হলো পাকিস্তানকে সেবা দিয়ে যাচ্ছেন ইউসুফ। এবং সেটা সাফল্যের সঙ্গেই। অধিনায়ক হওয়ার মনোবাসনা প্রকাশ করে সে কথাও মনে করিয়ে দিয়েছেন ইউসুফ, ‘‘এখন আমি একজন সিনিয়র খেলোয়াড়। দলকে নেতৃত্ব দেওয়ার অতীত অভিজ্ঞতাও আমার আছে। আমার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দল জিতেছে। আমি সেঞ্চুরি করেছিলাম। আর তার আগে আমি সহ-অধিনায়ক ছিলাম। সুতরাং, এই পদটির প্রতি সুবিচার করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’’

বিশ্বকাপ ব্যর্থতার পর ইনজামাম অধিনায়কত্ব ছেড়েছেন। তারপর এই পদে কাকে বসানো হবে তা নিয়ে পাকিস্তানের ক্রিকেটে মেলা জল ঘোলা হচ্ছে প্রতিদিন। কিন্তু ইউসুফ মনে করেন, যা করার দ্রুত করাটাই মঙ্গল, ‘‘যাকেই নির্বাচন করা হোক না কেন, তা যেন শিগগিরই করা হয়। আদর্শ হয় একজন অভিজ্ঞ খেলোয়াড়ের হাতে নেতৃত্বভার দিয়ে তাকে একজন তরুণকে এই পদের জন্য গড়ে তোলার সুযোগ দিলে।’’

অধিনায়ক নির্বাচন ও দলগঠনের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শও ক্রিকেট বোর্ডকে দিচ্ছেন ইউসুফ, ‘‘অতীতে পাকিস্তান দলে সবসময় এমন কিছু সাবেক অধিনায়ক ও খেলোয়াড় থাকতেন যারা অধিনায়ক হতে চাইতেন। আর তাতে ক্ষতি হতো দলের। এবার এই ব্যাপারটা এড়িয়ে যাওয়া জরুরি।’’

ইউসুফ আগ্রহ প্রকাশ করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বরাবরই তাকে বাদ দিয়ে অন্যদের কথা ভেবেছে। ইউনিস প্রত্যাখ্যান করায় যৌক্তিক বিচারে ইউসুফের কাছে নেতৃত্ব যাওয়ার কথা। অথচ তাকে বাদ দিয়ে শোয়েব মালিক বা সালমান বাটের মতো তরুণ কাউকে অধিনায়ক করার কথাও এসেছে আলোচনায়।

সমস্যা হলো, পাকিস্তানের ক্রিকেটবোদ্ধারা এই ধারণার সঙ্গে একমত নন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলছেন, ‘‘যে নামগুলো শুনছি তাদের তো দলে জায়গারই কোনো ঠিক-ঠিকানা নেই। তাদের নেত্বত্বের মতো ভার দিলে ভালো কিছু হবে না।’’

আরেকজন বলেছেন, ‘‘এটা পাকিস্তান দল, কোনো ক্লাব বা বিভাগীয় দল না। অধিনায়ক করতে হবে এমন কাউকে যে প্রমাণিত পারফর্মার, দলে যার জায়গা পাকা। যে তরুণদের কথা বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্সই তো খারাপ। দলে তাদের নিজেদের জায়গাই যখন নিশ্চিত না তখন তাদের দিয়ে অধিনায়কত্ব করানোর কথা কিভাবে ভাবা যায়?’’