স্মিথদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় ক্ষোভের ঝড়
দক্ষিণ আফ্রিকা ‘চোকার’, চাপের মুখে ভেঙ্গে পড়ে তারা! বাংলাদেশের কাছে হারায় আবার উঠে এল এই কথা। খোদ দক্ষিণ আফ্রিকার বাতাসে ভাসছে ‘ চোকার’ শব্দটি। পরাজয়ের পর দলের দারুণ সমালোচনা করা হয়েছে সেদেশের সংবাদপত্রে। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটাররা মনে করেন, আত্মতুষ্টিতে ভোগা আর একপেশে বোলিং অ্যাটাক নিয়ে মাঠে নামাই দলের ভরাডুবির কারণ।
‘‘লজ্জায় ডুবল প্রোটিয়ারা’’-দক্ষিণ আফ্রিকার সংবাদপত্রের শিরোনামই যেন লজ্জা দিচ্ছে বিশ্বের এক নম্বর দলটিকে। তাদের মতে, র্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে নিয়ে করা আশা ‘‘ভয়ানক এক ধাক্কা’’ খেল তাদের ‘‘জঘন্য পারফরম্যান্স’’-এর কারণে। সংবাদপত্রটি লিখেছে, ‘‘এই পরাজয় সেমিফাইনালের ফেভারিটের কাতার থেকে দক্ষিণ আফ্রিকাকে ছিটকে ফেলেছে। এখন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের বিপক্ষের বাকি তিন খেলায় জিততেই হবে।’’
শনিবার গায়ানায় র্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা বাংলাদেশ অপ্রত্যাশিতভাবে ৬৭ রানে হারিয়েছে শীর্ষ দল দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কেপলার ওয়েসেলস মনে করেন, গ্রুপ পর্বে ভারতের বিশ্বকাপ শেষ করে দেওয়া বাংলাদেশকে হালকাভাবে নেয়ার শাস্তি পেয়েছে তাদের দল, ‘‘আমরা সম্ভবত ওসব ভুলে এই ম্যাচকে পার্কে হাঁটাহাঁটির মতো করে নিয়েছিলাম, ভেবেছিলাম সবকিছুই নিশ্চিত।’’
এই ম্যাচে শিরোপা-প্রত্যাশী দক্ষিণ আফ্রিকার মূল ক্ষতিটা করেছেন বাংলাদেশের তিন বাঁ-হাতি স্পিনার। অথচ এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা এসেছে কোনো স্পিনার ছাড়া। ধারাভাষ্যকাররা আগে থেকেই বলছিলেন, পেসারদের ওপর বেশি নির্ভর করাই কাল হতে পারে দক্ষিণ আফ্রিকার। তাদের নির্বাচক কমিটির সাবেক প্রধান ওমর হেনরিও মনে করেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ক্যারিবিয়ায় গেলেও সেখানকার কন্ডিশন মাথায় রাখেনি তাদের দল, ‘‘স্পিনারদের না নিয়ে এখন আমরা কোথায় আছি? বাস্তবে নেমে এসে ভাবতে হয়।’’
সাবেক এই বাঁ হাতি স্পিনারের সঙ্গে একমত ওয়েসেলস, ‘‘একদমই একপেশে বোলিং অ্যাটাক নিয়ে গেছি আমরা’’। সাবেক অধিনায়কের দাবি, ‘‘আমাদের হাতে বোলিংয়ের আর কোনো বিকল্প থাকেনি। আমাদের দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে, বাজেভাবে প্রকাশ পেয়ে গেছে।’’
দক্ষিণ আফ্রিকা চাপের মুখে ভেঙে পড়ে, ওরা ‘‘চোকার’’-এই তকমা সেঁটে গেছে তাদের নামে। গত দুই বিশ্বকাপেও দেখা গেছে তা। সে কথা মনে করিয়ে দিয়ে ওমর হেনরি বলেছেন, হাল ছেড়ে দিয়ে দলের পুরো ইনিংস ব্যাটিং করার মানসিকতাও মেনে নেওয়া যায় না, ‘‘ওরা হাল ছেড়ে দিয়েছিল। মনে হচ্ছিল যেন গিবস নেটে দ্যুতি ছড়ানোর চেষ্টা করছে। দেখার জন্যও বড় বেদনাদায়ক ছিল ওটা।’’
