২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত --- শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশের জয়!

যুবরাজ সিংকে রান আউট করে জয়াসুরিয়া যে লাফ দিলেন তার সঙ্গে অদৃশ্যে লাফাল যেন পুরো বাংলাদেশ। ধোনিকে আউট করে মুরালিধরন যে দৌড় দিলেন তিনি দেখলেন না, কিন্তু আমরা দেখলাম পুরো বাংলাদেশ দৌড়াচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 03:50 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

খেলল ভারত --- শ্রীলঙ্কা আর জিতল বাংলাদেশ। সকালে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ধুকছিল আর সন্দেহ হচ্ছিল ভেতরে অন্য কিছু নেই তো! আবেগী মনের অবাস্তব ভাবনা। সেই ভাবনা চলছে আর বাংলাদেশ অদৃশ্য থেকে অদৃশ্য হচ্ছে। বিকালে সেই বাংলাদেশই দৃশ্যমান। শ্রীলঙ্কা একেকটা উইকেট নেয় আর বাংলাদেশের ছবি আরও বেশি দেখা যায়। সমস্যায় ডুবে থাকা বাংলাদেশ নয়, মাথা উঁচু করা এক বাংলাদেশ। দরিদ্র বাংলাদেশকে অন্ধকারে ঠেলে আলোক উদ্ভাসিত এক বাংলাদেশ। ভারতের হার নিশ্চিত হচ্ছে যখন তখন বাংলাদেশে ভোর রাত। কিন্তু এখানেও অদৃশ্য বাংলাদেশ চোখের সামনে দৃশ্যমান। দিব্যি দেখতে পাচ্ছি রাস্তায় নেমে গেছে রাত-জাগা মানুষ। ভোরের পাখির আজকের গান আর স্রেফ ঘুমভাঙ্গানি গান নয় বাংলাদেশের জয়ের কলরব। প্রকৃতি সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই ক্যারিবিয়ান দেশগুলোকে, কিন্তু সেই সৌন্দর্যের তুলনায়ও বোধহয় আজকের বাংলাদেশ সুন্দর!  খেলা কখনও কখনও এমনই অদ্ভুত দোলনা যে, দোলনায় না উঠেও কী দুলতে হয়। মাঠে না নেমেও কেমন জেতা যায়!

কাজ কিছু তবু বাকি রইল। বারমুডাকে এখন হারাতে হবে। সেই কাজটা এই বাংলাদেশ করতে পারবে না সেটা হয় না। ভারত ৬৯ রানে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়াতে ওদের পয়েন্ট ২, বাংলাদেশের ইতিমধ্যেই ২, বারমুডাকে হারালে চার, ব্যস বি গ্র“পে রানার্স আপ হিসাবে বাংলাদেশ সুপার এইটে। ভারত বিদায়। ও হ্যাঁ, বাংলাদেশের যেখানে খানিকটা আশঙ্কা সেখানেই ভারতের খানিক আশা। বাংলাদেশ যদি  রোববার হেরে যায় তাহলে রানরেটের বিচারে হয়ত! আবার দেখুন ক্রিকেটের শক্তি। আবার পরিচিত হন ক্রিকেটভাগ্যের দোলনার সঙ্গে। এই ম্যাচে বাংলাদেশের ভাগ্য ছিল ভারতের হাতে। এখন ভারতের ভাগ্য চলে এল বাংলাদেশের হাতে। এবং হ্যা,  বাংলাদেশের ভাগ্য এখন বাংলাদেশের হাতেও। আর কারো মুখ না চেয়ে বারমুডাকে হারালেই ব্যস! সুপার এইট নামের রুপকথার নতুন জগতে।

প্রেসবক্সে বারবার ফোন এল। অধিনায়ক হাবিবুল বাশার, কখনো প্রধান নির্বাচক ফারুক আহমেদ কিংবা অন্য কেউ। ওদের কাল মাঠে আসার কথাই ছিল না। প্র্যাকটিস শেষে জুম্মার নামাজ পড়ে রুমে; মাঠে এসে খেলা দেখলে গোলমাল হতে পারে এই কুসংস্কারও কাজ করেছে নাকি কারো কারো মধ্যে, তাছাড়া ক্লান্তও ছিল। কিন্তু মাঠের খেলার মতো টেলিভিশনও শুক্রবার বাংলাদেশকে টেনশনে রাখার সিদ্ধান্ত নিল। একইসঙ্গে চলছে ওয়েস্ট ইন্ডিজের খেলা, স্বাগতিক দল বলে ত্রিনিদাদে ওদের খেলাটাই দেখানো হচ্ছে, কাজেই উপায় ফোনে খোঁজ নেয়া। তাতেও অনেক টেনশন। সাংবাদিকরাই শেষে ফোন করে জানানোর সিদ্ধান্ত নিলেন। একেকটা উইকেটে একেকটা ফোন। একেকটা ফোনে একেকটা আনন্দের বার্তা। একেকটা ফোনে স্বর্গের পথে একেকটা সিড়ি ভাঙ্গার সুখবর। এক পর্যায়ে ভারতের ভরাডুবি দেখতে প্রিয় শিষ্য মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, ম্যানেজার আলী আসিফ খান এবং ফিজিও পল ক্লোজকে নিয়ে মাঠেই চলে এলেন কোচ ডেভ হোয়াটমোর।

ব্রায়ান লারার দেশে তার দলের খেলা নেই বলে মানুষের  অনেক ক্ষোভ। সেই ক্ষোভ তবু হয়ত তারা চাপা দিয়েছিল শচীন টেন্ডুলকারের ব্যাটিং দেখা যাবে বলে। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী লারার মাটিতে টেন্ডুলকারের ক্যারিয়ারের পতনের ধ্বনিই যেন শুনতে পেলাম। দিলহারা ফার্নান্ডোর বলটি ব্যাট --- প্যাডের ফাঁক গলিয়ে তার স্টাম্প যেন উপড়েই দিল না, উপড়ে দিল তার ক্রিকেট --- জীবনও। হয়ত শেষ নয়, আবার ঘুরে দাঁড়াবেন, কিন্তু বিশ্বকাপে দলের প্রথম রাউন্ড বিদায় প্রতিরোধ করতে পারেন না যিনি তিনি কীসের চ্যাম্পিয়ন! কীসের সেরা ব্যাটসম্যান! জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ণ ম্যাচটিতে যিনি শুন্য করেন তার গ্রেটনেস নিয়ে ইতিহাস প্রশ্ন রাখবেই এবং সে প্রশ্নের উত্তর ক্রিকেট বীরত্বের পূজারীদের কাছে নেই। টেন্ডুলকারের আগে গেছেন সৌরভ, উথাপ্পা, পরে শেবাগও। কিন্তু বাংলাদেশকে হাসি হাসানোর কাজটি হলো একই ওভারে যুবরাজ আর ধোনির বিদায়ে। যুবরাজ হলেন রান আউট। ধোনি প্রথম বলেই এলবিডব্লু। ভাগ্য বাংলাদেশের সঙ্গে ছিল। ভাগ্যকেও কিছু নিয়ম মেনে চলতে হয়। এমন স্বপ্নযাত্রায় ভাগ্য বাধা দেয় কী করে!

তাই সবমিলিয়ে বাংলাদেশের প্রার্থনা আর শুভকামনাই সত্য। ভারতের অহং আর ঐতিহ্য মিথ্যা। ক্রিকেটের শক্তি আগেই মাঠে দেখানো গেছে, এবার প্রার্থনার শক্তিও দেখানো হলো।

আজকের বাংলাদেশ যে পৃথিবীর সুন্দরতম দেশের ছবি তাতে আর সন্দেহ কী!