২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুন শর্মার বিশ্বকাপ দেখা হচ্ছে না

তরুন শর্মা খেপে গেছেন। ভারতের জামশেদপুরের ২৩ বছরের এই ক্রিকেট পাগল কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে এবারের বিশ্বকাপ খেলাটা তিনি ওয়েস্ট ইন্ডিজে গিয়েই দেখতে চান। পকেটে যথেস্ট রেস্ত না থাকায় একটা কিডনি বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন এই তরুন। খোঁজ খবর নিয়ে দেখেছেন একটা কিডনী নিয়েও বেশ ভালভাবেই সংসার সাগরে ভেসে থাকা যায়। সুতরাং...

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 04:05 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

তার একটি কিডনির দাম হেঁকেছিলেন সাড়ে তিন হাজার পাউন্ড। ঘোষনার সঙ্গে কিছু শর্তও জুড়ে দেন তিনি। কিডনির জন্য তাকে অগ্রিম টাকা দিতে হবে এবং বিশ্বকাপ শেষে ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর কিডনি অপসারন করতে হবে।

কিন্তু গোল বেধেছে অন্যত্র। ঘোষণা সত্বেও কেউ তার কিডনি কিনে নিতে এগিয়ে আসে নি। তরুন বলেন, “ বিশ্বকাপের খেলাগুলো আমি দেখতে চাই। এর খরচ মেটাতে আমি কিডনি বিক্রিতেও রাজী ছিলাম। কিন্তু এখন পর্যন্ত কেউ এটা কেনার ব্যাপারে আগ্রহ দেখায় নি। অবস্থা দেখে মনে হচ্ছে ভারতে কোন কিডনি ফেইলিউরের ঘটনা আর ঘটছে না।”

কথা শুনেই বোঝা যাচ্ছে ভীষন রেগে আছেন শর্মা। বিশ্বকাপটা না দেখতে পেলে  আত্মহত্যারও হুমকি দিয়েছেন তিনি। বলেছেন, “আমি কিন্তু ম্যাঙ্গো নদীতে ঝাঁপ দেবো। আত্মহত্যা করবো। আমার দীর্ঘদিনের স্বপ্ন যদি পুরণ করতে না পারি তাহলে আর এ জীবন রেখে লাভ কী?”

“দুনিয়া খুবই নিষ্ঠুর।” হতাশ কন্ঠে বলেছেন তরুন শর্মা। “ আমার স্বপ্নটা পূরণ করার জন্য কেউ এগিয়ে এলো না।”

শর্মা এক কাপড় ব্যবসায়ীর দোকানে কাজ করেন। মাসে ৩ হাজার রুপি পান। এই টাকা দিয়ে বাবা মা’র দেখা শোনা করতে হয় তাকে। তার বড় ভাইরা বিয়ে করে আলাদা হয়ে গেছে। তাদের দিক থেকেও কোন সাহায্য পান না।

বিশ্বকাপ দেখার জন্য এরকম খেপে উঠেছেন কেন জানতে চাইলে তরুন বলেন, “ ছোটবেলা থেকেই আমি ক্রিকেটের ভক্ত। ২০০৩ সালের বিশ্বকাপটাও দেখার ইচ্ছে ছিল আমার। কিন্তু সামর্থ্যরে অভাবে পারি নি। এবারে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্ত জায়গায় বিশ্বকাপ হচ্ছে। ফলে এবারের খেলাগুলো দেখার জন্য আমার প্রাণটা আঁকুপাকু করছে।”

কিডনি বিক্রি করা যে ভারতে নিষিদ্ধ এবং কেবলমাত্র দানের মাধ্যমেই একজন অসুস্থ রোগী কিডনি কিনতে পারে একথা বলার পরে শর্মা জবাব দেন, “একটা লোক তার স্বপ্ন পূরণ করবে, এ ব্যাপারে আইন কীভাবে বাধা দিতে পারে?”

তরুণ শর্মার এই উদ্যোগ সম্পর্কে জিজ্ঞেস করা হলে জামশেদপুরের ডেপুটি কমিশনার নিতিন কুলকার্নি বলেছেন, “ খবরের কাগজের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা তাকে ধরতে পারি না। আগে সে একজন ক্রেতা খুঁজে পাক। কিডনি বিক্রির ব্যবস্থা করুক। তখন জেলা প্রশাসন দরকারি ব্যবস্থা নেবে।”