২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভীষণ বিপদে পাকিস্তান

একই দিনে ঘোরতর বিপদে পড়েছে দক্ষিণ এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি। ত্রিনিদাদে বাংলাদেশের বিপক্ষে ভারত ১৯১ রান করলেও জ্যামাইকায় অবিশ্বাস্যভাবে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে গেছে মাত্র ১৩২ রানে। আপাতদৃষ্টিতে জয় ঢিলছোঁড়া দূরত্বে মনে হতেই পারে আয়ারল্যান্ডের। সত্যিই বল হাতে আইরিশরা দুর্দান্ত এক কীর্তি গড়ে বাকি কাজটুকু রেখেছেন ব্যাটসম্যানদের জন্য। কিন্তু পাকিস্তানী বোলাররাও নিশ্চয়ই ব্যাটসম্যানদের ব্যর্থতা ঢেকে দেওয়ার কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করবেন। নইলে তাদের সুপার এইটে যাওয়াটাই যে অনিশ্চিত হয়ে যাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 12:25 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

পাকিস্তানী সমর্থকরা যখন ছোট্ট আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড দেখার প্রস্তুতি নিচ্ছিলেন, ভাবছিলেন হেসেখেলে জেতার কথা তখনই উল্টোরথের যাত্রী তাদের দলের ব্যাটসম্যানরা। তার করুণ স্বাক্ষী হয়ে আছে পাকিস্তানের স্কোরকার্ড। খোদ আইরিশরাও কী ভেবেছিল ২০ ওভারের মধ্যেই ইনজামাম---ইউসুফ--ইউনুসদের রানের চাকা থেমে যাবে? তাদের বোলাররা অধিনায়কের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতেই যেন উঠেপড়ে লেগেছিলেন। কিংস্টনের স্যাবাইনা পার্কে বিশ্বকাপের ‘ডি’ গ্র“পের ম্যাচে টস জিতে ফিল্ডিং নেন আয়ারল্যান্ডের অধিনায়ক জনস্টন।

১৫ রানের মধ্যেই পাকিস্তানের দুই উইকেট তুলে নিয়ে শুরুতেই ধাক্কা দেয় আয়ারল্যান্ড। মোহাম্মদ হাফিজ (৪) ও ইউনিস (০) আউট হওয়ার পর ওপেনার ইমরান নাজিরের সঙ্গে ইনিংস মেরামতের কাজে নেমেছিলেন  মোহাম্মদ ইউসুফ। দলের স্কোর ৫৩ রানে নিয়ে গিয়েই ব্যাক্তিগত ১৫ রান করে আউট হয়ে গেছেন পাকিস্তানের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। পারেননি অধিনায়ক ইনজামামও (১)। শুরু থেকেই একদিক আগলে রাখা ইমরান নাজিরও (২৪) বোথার বোলিংয়ের সামনে অসহায় আত্মসর্মপন করলে ভীষণ বিপদে পড়ে যায় পাকিস্তান। তারপর শোয়েব মালিকের (৯) আউটের মাধ্যমে ষষ্ঠ উইকেটের উইকেটের পতন ঘটলে তাদের বড় স্কোর গড়ার আশা একেবারে উবে যায়।

তারপরও স্কোরটা যে ১৩০ পেরিয়েছে তা টেল এন্ডারদের অপ্রত্যাশিত লড়াইয়ের ফল। ১০৫ রানের মাথায় সর্বোচ্চ ২৭ রান করা কামরান আকমল ফিরে যাওয়ার পর আজহার মেহমুদ ও সামি নবম উইকেট জুটিতে ২৫ রান যোগ করেছেন।

পাকিস্তানকে মহাবিপদে ফেলতে সবচেয়ে বড় অবদান আয়ারল্যান্ডের পেসার র‌্যাঙ্কিনের। ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। দুটো করে উইকেট নিয়েছেন বোথা ও ম্যাককালান। বাকি তিন বোলারও পিছিয়ে নেই, নিখুঁত লাইনে বল করে তারা ৪৫.৪ ওভারে ১৩২ রানে বেঁধে রেখেছেন পাকিস্তানকে। 

সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান ৪৫.৪ ওভারে ১৩০ ( হাফিজ ৪, নাজির ২৪, ইউনুস ০, ইউসুফ ১৫, ইনজামাম ১, মালিক ৯, কামরান ২৭, মেহমুদ ২, সামি ১২, আঞ্জুম অপঃ ৮, গুল ১; স্মিথ ১/৩১, র‌্যাঙ্কিন ৩/৩২, বোথা ২/৫, জনস্টন ১/২০, ও’ব্রায়েন ১/২৯, ম্যাককালান ২/১২ )।