জয়াসুরিয়া-ভাস-মুরালির কাছে বিশ্বকাপ এবং ক্রিকেট
জয়াসুরিয়ার ব্যাটিং দেখতে একসময় উপুল থারাঙ্গাকে কত কাণ্ড করতে হয়েছিল। জয়াসুরিয়া বোলারদের মনের আনন্দে ঠ্যাঙ্গাচ্ছেন, অথচ থারাঙ্গার তখন স্কুল, কঠিণ পড়াশোনা, মাস্টার মশাইয়ের রক্তচক্ষু। কিন্তু ক্রিকেট এমনই চুম্বক যে শেষে ‘৯৬ বিশ্বকাপের সময় ঠিক করলেন যা হয় হবে, স্কুল ফাঁকি দেবেন, ফাঁকি দিয়ে খেলা দেখবেন। ১১ বছর পর সেই স্কুল পালানো থারাঙ্গাই আজ জয়াসুরিয়ার সঙ্গী। শ্রীলংকাকে আরেকবার বিশ্বকাপ জেতানোর স্বপ্ন সত্যি হতে হলে তাদের হাত ধরাধরিটা জোরালোভাবে অটুট থাকবে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত।
স্লো উইকেট, সেই উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারার মতো এক গাদা ব্যাটসম্যান, মুরালির মতো জবাবহীন যাদুকর, ভাসের মতো শুরুর তোপ দাগানোর মতো কার্যকর অস্ত্র, মালিঙ্গার মতো বিচিত্র অ্যাকশনের বোলার মিলিয়ে শ্রীলংকা বিশ্বকাপের ফেভারিটদের তালিকার ওপরের দিকে। সেই দলের তারকাদের দিকে অনেক আকর্ষণ। সেটা মেটাতে পরশু শ্রীলংকা দল সোমবার আয়োজন করেছিল একটা মিডিয়া সেশনের। তাতে উপস্থিত তাদের পাঁচ তারকা। জয়াসুরিয়া, মুরালিধরন, ভাস, থারাঙ্গা এবং আতাপাত্তু। সেখানেই বিশ্বকাপ দেখতে ১১ বছর বয়সী থারাঙ্গার স্কুল পালানো থেকে শুরু করে জানা গেলো ভাসের দুই বছরের মধ্যে দুই ধরনের ক্রিকেটই ছেড়ে দেয়ার খবরও। অধিনায়কত্ব হারানোর ব্যথা নয়, আতাপাত্তুর কাছে এখন নাকি গুরুত্বপূর্ণ হলো নিজেকে নতুন ভূমিকায় মানিয়ে নেয়া। মুরালিধরণ যে ১১ বছর বয়সে মিডিয়াম পেসার থেকে স্পিনার হয়েছিলেন সেই খবরটা ফাঁস হলো এদিন।
পরের ম্যাচই বাংলাদেশের সঙ্গে। ভারতকে হারিয়ে বিশ্বকাপের অংক উল্টিয়ে দিয়েছে, শ্রীলংকার দিকেও কিছু হুংকার আসছে, কাজেই বাংলাদেশ প্রসঙ্গ আসবেই স্বাভাবিক। শ্রীলংকান ক্রিকেটের মধ্যবিত্ত থেকে অভিজাত শ্রেনীতে উত্তরনের সময়টাতে ডেভ হোয়াটমোর ছিলেন ওদের কোচ, এখন বাংলাদেশের ক্রিকেটও তার শ্রেনীচরিত্র বদলাচ্ছে এবং ডেভ হোয়াটমোর এখানে দায়িত্বে, কাজেই শ্রীলংকানদের বিশ্বাস তার যাদুরমন্ত্রই মুখ্য। মুরালিধরন যেমন বললেন,‘ডেভ হোয়াটমোরের প্রভাবটা এখানে অনেক বেশি বলে মনে করি আমি। আমাদের ক্রিকেট উন্নতিতে তার অনেকখানি ভূমিকা। সেটা একটা বড় ব্যাপার বলে আমি মনে করি।’ আর জয়াসুরিয়া মনে করেন, বাংলাদেশের এই যে ভালো করা, এটা ক্রিকেটের জন্য খুব ভালো ব্যাপার, “বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মতো দলগুলোর এই উত্থান ক্রিকেটের জন্য একটা দারুণ ব্যাপার। বড় দলগুলোর এটা এখন একটা চ্যালেঞ্জ। তার মানে হচ্ছে, কারো বিপক্ষেই আপনি কিছু নিশ্চিত বলে ধরে নিতে পারেন না। এরকম দল যত উঠে আসবে ততই ক্রিকেটের জন্য ভালো।”
মুরালিধরণ অবশ্য তারপরও একটা জায়গায় সন্দিহান, সেটা বাংলাদেশের টেস্ট ক্রিকেট,‘“টেস্ট ক্রিকেটে তাদের নিয়ে আমি এখনও ঠিক নিশ্চিত নই। কারণ তাদের সেরকম কোনো টেস্ট বোলার আমি দেখি না। ওয়ানডে ক্রিকেটে আপনি ১০ -- ১৫ ওভারে খেলা বদলে দিতে পারেন, এটা মাত্র ৫০ ওভারের খেলা। কিন্তু টেস্ট ক্রিকেট হলো ৪৫০ ওভারের খেলা। তবে আশা করি, এই বিশ্বকাপের পর বাংলাদেশকে অন্য চেহারায় দেখা যাবে।”
জয়াসুরিয়া যেভাবে অবসর নিয়েও ফিরে এসেছেন বা তাকে ফিরিয়ে আনতে শ্রীলংকা বাধ্য হয়েছে এবং ফিরে এসে তিনি যা খেলছেন তাতে কেউ কেউ মনে করেন, তার পক্ষে বোধহয় আজীবন খেলা সম্ভব। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান কিনা এমন একটা প্রশ্ন পর্যন্ত ছিল তার কাছে। জয়াসুরিয়া উড়িয়ে দিলেও মুরালিধরন মনে করেন দেশের মাটিতে পরের বিশ্বকাপ খেলার যথেষ্ট সম্ভাবনা আছে তার,‘আমার বয়স এখন ৩৪। তার মানে আগামী বিশ্বকাপের সময় হবে ৩৮। আর আপনারা তো দেখছেনই স্পিনাররা ৪০ বছর বয়স পর্যন্ত খেলতে পারে। আগামী বিশ্বকাপ আমাদের নিজেদের দেশে এবং ৯৬’-র অভিজ্ঞতায় মনে হয় সেবার আমাদের জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কাজেই আমি চাইবো, আমি যেন সেখানেও খেলি।’ ভাসের সেসব স্বপ্ন নেই। এই বিশ্বকাপের পর আরও দুই বছর তিনি খেলবেন, তারপর দুই ধরনের ক্রিকেট থেকেই বিদায়। তার আগে অবশ্য চান, নিজের তৃতীয় বিশ্বকাপটাকে স্মরনীয় করে রাখতে। থারাঙ্গার কাছে এসব প্রশ্ন নেই। মাত্র শুরু করেছেন, প্রথম বিশ্বকাপ, এমনিতে আবির্ভাবধ্বনি ঘোষণা করা হয়ে গেছে, এখন বিশ্বকাপ দিয়ে সেটা আরও বৈশ্বিক করতে চান তিনি।
তিনিই প্রথম নন। তার আগেও পিঞ্চ হিটার হিসাবে বিচ্ছিন্নভাবে চেষ্টা হয়েছে অনেকজনকে দিয়ে। তাদের কেউ কেউ সফলও। কিন্তু বিশ্বকাপে প্রথম ১৫ ওভারের সুযোগ নিয়ে খেলাটাকেই বদলে দেওয়ার কৃতিত্ব সবচেয়ে বেশি যার তার নাম জয়াসুরিয়া। ওয়ানডের দ্রুততম সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি এসব রেকর্ডের প্রতিটিতেই ওপরের দিকে আছে তার নাম। কাজেই হার্শেল গিবস যে ৬ বলে ৬টি ছক্কা মারলেন, তেমন কিছুর স্বপ্ন কি তিনি দেখেন না! জয়াসুরিয়াও আর সবার মতো মনে করেন, এটা এমন একটা রেকর্ড যেটা আসলে বলে কয়ে করা যায় না। হয়ে যাওয়ার হলে হয়ে যায়। জয়াসুরিয়ার কাছে এই প্রশ্ন যেমন স্বাভাবিক, মুরালির কাছে তেমনি স্বাভাবিক হলো নিজেকে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনে করেন কিনা! উত্তরটা শুনুন,‘এটা তো বলা যায় না। কারণ, এরপর কখন কে কী ক্ষমতা নিয়ে আসবে সেটা তো আমরা কেউ জানি না। আমি যখন শুরু করি তখন কি কেউ ভাবতে পেরেছিল এত --- দূর আসব। কাজেই ....।’ তেমন ক্ষমতাধর কাউকে কি আপনার চোখে পড়েছে? এবার মুরালির স্বভাবসুলভ কৌতুকমাখানো উত্তর,‘আমরা ক্রিকেটে নিজেদের খেলাই ঠিকমতো দেখতে পারি না। সেখানে অন্যদের দেখার সুযোগ কই!’
এবারের বিশ্বকাপে শ্রীলংকা অন্যতম ফেভারিট। সেই কাগজের লেবেলটা মাঠের ক্রিকেট দিয়ে প্রতিষ্ঠিত করতে এরাই মুল ভরসা। তা তাদের সবার কাছেও প্রশ্নটা ছিল। গত কয়েক মাসের ক্রিকেটের সাফল্যের হিসাবে তারাও নিজেদের ফেভারিট মনে করেন, কিন্তু এটাও মনে করেন কাজটা এত সহজ নয়। বাংলাদেশ ভারতকে ভূ -- পাতিত করার পর সুপার এইটে ওঠার কাজটাও আর সহজ নয়। পরের দুটো গ্র“প ম্যাচই হবে জীবন - মরন লড়াই।
সেই জীবন-মরন লড়াইয়ের একটি আজ। প্রতিপক্ষের নাম জানেন! বাংলাদেশ!
