বিশ্বকাপে পাকিস্তানের সান্ত্বনার জয়
বাস্তব উপলক্ষহীন এক জয় দিয়ে শেষ হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ পরিক্রমা। বড় অসময়ে এই জয়। জয়ের জন্য হাপিত্যেশ করতে করতেই পরপারে বব উলমার। একই কারণে ওয়ানডে ক্রিকেটের পাঠ চুকিয়ে দিয়েছেন ‘গ্রেট’ ইনজামাম - উল - হক। জিম্বাবুয়ের সঙ্গে জয়ের জন্য এত চড়া দাম ! যেন এসব না ঘটলে পাকিস্তান জিততো না !
আসলে এগুলো ছাড়া ম্যাচটির কোনো উপযোগিতাই আর অবশিষ্ট ছিল না। আবার মাঝপথে বৃষ্টি নেমে পুরো ম্যাচটিকেই হাস্যকর করে তোলে। ইমরান নাজিরের সেঞ্চুরির কল্যাণে জিম্বাবুয়ের সামনে পাকিস্তান ৩৪৯ রানের বিশাল পাহাড় দাঁড় করালেও বৃষ্টির কবলে পড়ে ডিএল মেথডে তাদের জন্য নতুন টার্গেট দাঁড়ায় ২০ ওভারে ১৯৩ রান। সেটা তাড়া করতে গিয়েই জিম্বাবুয়ে ৯৯ রানে অলআউট এবং অবশেষে পাকিস্তানের ৯৩ রানের সান্ত্বনার জয়।
প্রথমে ৩৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ১০.২ ওভারে ৩ উইকেটে ৩০ রান তোলার পর বৃষ্টি হানা দেয়। তার কিছু পরে আবার ম্যাচ শুরু হতেই ওই ১৯৩ রানের টার্গেট। অর্থাৎ বাকি ৯.৪ ওভারে ১৬৩ রান করতে হবে ! অসম্ভব এক টার্গেটের পেছনে ছুটতেই উইকেট পড়তে শুরু করে একের পর এক, সর্বোচ্চ ২৭ রান করেছেন চিগুম্বুরা। এরপর ১৯.১ ওভারে ৯৯ রান তুলতেই অলআউট জিম্বাবুয়ে। শহীদ আফ্রিদি তিনটি এবং গুল ও কানেরিয়া দুটি করে উইকেট নিয়েছেন।
এ দিন ম্যাচের শুরু থেকেই পাকিস্তান ছিল অন্য দল। বিদায়ী ওয়ানডেতেও সাহসের যোগানদাতা ইনজামাম - উল - হক। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের শুরুর দিকের রানের শ্লথগতিকে তীব্রতর করেছেন তিনি, তার সঙ্গ পেয়ে দুঃসাহসী হয়ে ওঠে ইমরান নাজিরের ব্যাট এবং তার ১২১ বলে ১৬০ রানের ঝড়ো ইনিংসে ৪৯.৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩৪৯ রান।
টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই পাকিস্তান ছিল অনেক সাবধানী। ইমরান নাজিরের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমেছিলেন অনিয়মিত ওপেনার কামরান আকমল। কিন্তু খুব কাজ দেয়নি এই পরিবর্তন, ৩১ রানে আকমল (১৫) ফিরে গেলে ইমরান নাজিরের সঙ্গে শোয়েব মালিকের ৫৭ রানের জুটি ভাল এক ভিত্তির ওপর দাঁড় করিয়ে দেয় পাকিস্তানের ইনিংসটিকে। মালিক (২১) আউট হওয়ার পর অধিনায়ক ইনজামাম - উল - হক ক্যারিয়ারের শেষ ওয়ানডে ইনিংস খেলতে নামেন এবং ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠার ইঙ্গিত দেন। কিন্তু বেশি দূর এগোতে পারেননি, মুপারিভাকে মাঠের বাইরে আছড়ে ফেলতে গিয়ে ব্যাটে - বলে ঠিকমতো হয়নি। মিড অফে উইলিয়ামসের চমৎকার এক ক্যাচে ইনজামামের (৩৭, তিনটি ছক্কা ও দুটি চার) ওয়ানডে রানের চাকা থেমে যায় চিরদিনের মতো। অধিনায়কের চোখের জলে, সতীর্থদের বিদায় সম্ভাষণে এই গ্রেটের ব্যাট হাতে মাঠ ছেড়ে যাওয়ার দৃশ্যটা হয়ে ওঠে দারুণ হৃদয়স্পর্শী।
অধিনায়ক আউট হয়ে গেলেও শুরু থেকেই একদিকে দায়িত্বশীলতার প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে ইমরান নাজির। বড় জুটি গড়ার জন্য অপরপ্রান্ত ইউসুফ - ইউনুসরা হাত বাড়াতে ব্যর্থ হলেও এই ওপেনার নিজের ব্যাটকে তালোয়ার বানিয়ে চালিয়ে গেছেন ৪৫তম ওভার পর্যন্ত। দলের স্কোর ২৯৫ রানে নিয়ে গিয়ে পফুর বলে মাতসিকেনেরির হাতে ক্যাচ তুলে ফেরার আগে এই পাকিস্তানি আটটি ছয় ও ১৪টি চার দিয়ে সাজিয়েছেন ক্যারিয়ার সেরা ১৬০ রানের ইনিংসটি।
পাকিস্তান : ইমরান নাজির, শহীদ আফ্রিদি, ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ, ইনজামাম - উল - হক, শোয়েব মালিক, কামরান আকমল, মোহাম্মদ সামি, রাও ইফতেখার, ওমর গুল, দানিশ কানেরিয়া।
জিম্বাবুয়ে : সিবান্দা, কাস্তেনি, চিবাবা, মাতসিকেনেরি, টেলর, উইলিয়ামস, চিগুম্বুরা, উৎসেইয়া, ব্রেন্ট, পফু, মুপারিভা।
