উলমারের মৃত্যুর কারণ খুঁজতে শোকগ্রস্ত ইনজামামদেরও জিঞ্জাসাবাদ করা হবে
কাঁদছিলেন ইনজামাম---উল হক। জীবনের শেষ ওয়ানডেতে আউট হয়ে ফেরার সময় আবেগাক্রান্ত ইনজামামের চোখে জল। সেটা শুধু দীর্ঘ ১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তির জন্যই নয়, কোচ বব উলমারের জন্যও। আবেগের সেই বিশাল ঢেউ তাকে স্পর্শ করলো উলমারের স্মৃতিচারণমূলক এক অনুষ্ঠানে। জানালেন অধিনায়ক হিসাবে জীবনের শেষ জয় উৎসর্গ করছেন উলমারকেই।
“তিনি (উলমার) এই পৃথিবীতে আর নেই। তার মর্মান্তিক মৃত্যুর জন্য প্রত্যেক পাকিস্তানি এবং প্রত্যেক ক্রিকেটপ্রেমীই ভীষণ দুঃখিত। তার এই পরিণতির জন্য আমি নিজেও দুঃখভারাক্রান্ত হয়ে পড়েছি। এতটা আবেগাক্রান্ত হয়ে পড়ার কারণও সেটাই” ----- এক বুক যন্ত্রণা নিয়েই কথাগুলো বললেন ইনজামাম। তারপর জানালেন উলমারের আকস্মিক চিরবিদায়ের পর মাঠে নামা কতটা কঠিন হয়ে পড়েছিল পাকিস্তানের ক্রিকেটারদের জন্য, “ম্যাচটা দলের সবার জন্য ভীষণ কঠিন ছিল। কারণ, এই ম্যাচ ববকে (উলমারকে) উৎসর্গ করেছিলাম আমরা। খেলা শুরু হওয়ার আগে নিজেরাও বলছিলাম, ‘হতোদ্যম হয়ে পড়লেও আমরা উঠে দাঁড়াবই এবং ববের জন্য ১০০ ভাগ ঢেলে দেব নিজেদের।’ গত তিন/চার দিন খেলোয়াড়দের ভীষণ কঠিন সময় গেছে। আমাদের ওপর সাংঘাতিক মানসিক চাপও ছিল। কিন্তু আমরা তা সরিয়ে ববের জন্য কাজটা করেছি।”
৩টি ছক্কা ও দুটি বাউন্ডারিতে গড়া ৩৭ রানের শেষ ওয়ানডে ইনিংসটা খেলে ড্রেসিং রুমে ফেরার সময়ও০ কান্নায় ভেঙ্গে পড়েছিলেন ইনজামাম। সেই মুহূর্তটার কথা বোধহয় কোনো দিন ভুলতে পারবেন না ,“নিঃসন্দেহে সেটা ছিল আমার জন্য আবেগময় মুহূর্ত। কারণ এই খেলাটাকে আমি খুবই ভালবাসি। আর কোনো কিছুকে ভালবাসলে তা পরিত্যাগ করা সহজ কাজ নয়। তার ওপর ববের অনুপস্থিতি আরো বেশি আবেগতাড়িত করে দিয়েছিল আমাকে। যে সিদ্ধান্তটা নিয়েছি তা খুবই কঠিন। গত ১৭ বছর ধরে আমি খেলছি। আর পাকিস্তানের পক্ষে খেলা দারুণ সম্মানজনক ব্যাপারও। তাই সব সময়ই খেলাটা উপভোগ করেছি। ক্রিকেট আমার কাছে ভীষণ ভালবাসার এক জায়গা।”
উলমারের স্মৃতিতে আক্রান্ত অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রিয় কোচের মৃত্যু সংক্রান্ত আরেকটা খবর শুনেছে পাকিস্তান দল। জ্যামাইকা পুলিশের ডেপুটি কমিশনার মার্ক শিল্ডস জানিয়েছেন, খুব শিগগিরি পাকিস্তানের ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদ করা হবে, “আমরা আরো অনেকের সঙ্গেই এ সম্পর্কে (উলমারের মৃত্যু) কথা বলতে যাচ্ছি। যাদের মধ্যে থাকবেন পাকিস্তান দলের সদস্যরাও।” ইতিমধ্যেই পেগাসাস হোটেলের (এই হোটেলেই পাকিস্তান দল থাকছে) কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরীক্ষা করা হচ্ছে নিরাপত্তার জন্য বসানো ক্যামেরার ফুটেজও। দশ জন ফরেনসিক বিশেষজ্ঞ হোটেলে উলমারের ঘরের আলামত সংগ্রহের লক্ষ্যে বুধবার সারাদিন কাটিয়েছেন।
