জন্টি রোডসের উলমার -- বন্দনা
সারা ক্রিকেট দুনিয়ার মতো দক্ষিণ আফ্রিকাও বব উলমারের মৃত্যুশোকে কাতর। তাদের শোক বেশি হওয়ারই কথা। ১৯৯৪ থেকে ’৯৯ বিশ্বকাপ পর্যন্ত তাদের ক্রিকেট দল তো উলমারের দায়িত্বেই ছিল। উলমারের সান্নিধ্যে আসার সৌভাগ্য হয়েছিল দক্ষিণ আফ্রিকার বর্তমান দলটার বেশ কয়েক জনের। তাদের মধ্যে জন্টি রোডসের নাম রাখতে হবে সবার আগে। দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ উলমারকে শুধু সাবেক কোচই মনে করেন না, তার দৃষ্টিতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে বদলে দেয়া উলমার অনেক বড় এক ব্যক্তিত্ব। যে ব্যক্তিত্বের মৃত্যুতে শোকাচ্ছন্ন রোডস তার প্রিয় মানুষকে স্মরণ করছেন শ্রদ্ধায়, ভালবাসায়।
২২ বছরের নির্বাসন শেষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট --- শক্তি হিসাবে আবির্ভাব উলমারের অধীনেই। যোগ্য সঙ্গী হিসাবে অধিনায়ক হান্সি ক্রনিয়েকেও পেয়েছিলেন তিনি। বিস্ময়করভাবে দুজনের মৃত্যুই হয়েছে আকস্মিকভাবে, রহস্যের জাল ছড়িয়ে। অনেকের মতে সর্বকালের সেরা ফিল্ডার রোডস সেজন্য ভীষণই ব্যথিত। “আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি হান্সি (ক্রনিয়ে) ও বব। দু জনই চলে গেলেন। আশা করি স্বর্গে বসে তারা কোনো দল গড়ে তুলছেন না। কারণ, আমি পরবর্তী ব্যক্তি হতে চাই না”---- রসিকতার ছলে কথাটা বললেও রোডসের কথাতেই পরিষ্কার, এই ঘটনায় কতটা দুঃখিত তিনি।
উলমারের অধীনেই ফিল্ডিংকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন জন্টি রোডস। আর সেজন্যই ব্যাটসম্যান হিসাবে তার ভূমিকার কথা ভুলে যান অনেকে। সেখানেও কিন্তু উলমারের বিশাল অবদান। কৃতজ্ঞতার সঙ্গে সে কথা স্মরণও করেছেন তিনি,“আমার কাভার ড্রাইভ তেমন ভালো ছিল না। বব সেটা ঠিক করে দেন। কৌশলগত দিক দিয়ে তিনি খুব ভালো কোচ ছিলেন। তবে খেলাটার প্রতি তার দারুণ ভালবাসাও ছিল। আমার কাছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার। কোচিংয়ের মধ্যে তিনি উত্তেজনা আর কৌতুকের সমন্বয় ঘটিয়েছিলেন। ব্যাপারটা এমন নয় যে তিনি আমাদের ডেকে বললেন,‘কাজটা এই ভাবে করতে হবে তোমাদের।’ তিনি সব সময়ই আমাদের বিকল্প কিছু করার স্বাধীনতা দিতেন।”
শোকের আবহের মধ্যেও উলমারকে নিয়ে অনেক মজার স্মৃতি এসে ভীড় করছে রোডসের মনে, “প্রত্যেক সপ্তাহে আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করতাম। যেটার নাম ছিল, ‘কোচকে রাগাও’। কিন্তু বব এত ভাল মানুষ ছিলেন যে ব্যাপারটাকে ভালো মতোই সামলাতে পারতেন। তার সঙ্গে আমার দুর্দান্ত সম্পর্ক ছিল। আমার কাছে তিনি কোচের চেয়েও বড় ছিলেন। তিনি একেবারে নিজেকে নিংড়ে দিতেন। আর সেই গুনটাই তাকে কোচের চেয়েও বড় করে তুলেছিল আমার কাছে।”
উলমারের বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না রোডস। তার ধারণা, “ক্রনিয়ের অধিনায়কত্বের মতো তার (উলমারের) বিকল্প পাওয়াও সহজ নয় আমাদের জন্য।” এবং তার কারণ হিসাবে জ্যাক ক্যালিসের উদাহরণ টেনে এনেছেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ, “তিনি ছিলেন এক জন অলরাউন্ডারের মতো। তিনি ব্যাটিং ও বোলিং দু বিভাগেরই কোচ হতে পারতেন যে কোনো দলের। যেমন জ্যাক ক্যালিস। ক্যালিসকে শুধু ব্যাটসম্যান হিসাবে নামালে আমাদের বোলিং আক্রমণ দুর্বল হয়ে পড়বে। আবার সে বোলার হিসাবে খেললে ব্যাটিং শক্তি খর্ব হবে আমাদের। সেরকমই কোচ হিসাবে অলরাউন্ড ক্ষমতা ছিল ববের।”
