ব্যাঙ্গালোর, ভারত, ৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গোড়ালির ইনজুরি কলকাতায় দ্বিতীয় টেস্টে খেলতে দেয়নি শোয়েব মালিককে। শনিবার থেকে ব্যাঙ্গালোরে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টেও একই কারণে খেলতে পারছেন না পাকিস্তান অধিনায়ক। ইডেন টেস্টের শেষ দিনে ১০৭ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে পরাজয়ের হাত থেকে রক্ষা করা ইউনিস খানের ওপরেই তাই অধিনায়কের দায়িত্বটা থাকছে ব্যাঙ্গালোরেও।
দিল্লীতে অনুষ্ঠিত প্রথম টেস্ট শেষে ফুটবল খেলতে গিয়ে সর্বনাশটা হয়েছে মালিকের। বাঁ গোড়ালির ইনজুরি থেকে আজো তিনি সেরে উঠতে পারেননি। ব্যাঙ্গালোরে পৌঁছানোর পর এক জন চিকিৎসকের কাছেও গিয়েছেন। তবে সেই চিকিৎসক কোনো আশার বাণী শোনাতে পারেননি বলেই তৃতীয় টেস্টেও বাইরে বসে থাকতে হচ্ছে তাকে। পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার এহসান মালিক জানিয়েছেন, "ইনজুরি পরীক্ষার জন্য এক জন স্থানীয় অস্থি বিশেষজ্ঞের কাছে শোয়েব মালিককে পাঠানো হয়েছিল। সেই বিশেষজ্ঞ আরো পাঁচ দিন প্লাস্টার রাখার পরামর্শ দিয়েছেন। যার অর্থ তার জন্য তৃতীয় টেস্ট শেষ।"
এই দুঃসংবাদের পাশে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা পাকিস্তানের জন্য স্বস্তিদায়ক খবর, দলের আর কোনো সদস্যের আপাতত কোনো ইনজুরি সমস্যা নেই। কলকাতায় ফিটনেস সমস্যা নিয়ে খেললেও শোয়েব আখতার এখন পুরো সুস্থ। তাছাড়া ইয়াসির আরাফাত ও রাও ইফতিখার আঞ্জুমের অন্তর্ভুক্তি পেস আক্রমণের শক্তি বাড়িয়েছে অনেকখানি। অন্যদিকে জহির খান, মুনাফ প্যাটেল ও আরপি সিংয়ের অনুপস্থিতিতে ব্যাঙ্গালোরে খর্বশক্তির পেস আক্রমণ নিয়ে নামতে হবে ভারতকে। বহু সুখস্মৃতি বিজড়িত এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে তাই উজ্জীবিতই থাকার কথা পাকিস্তানের!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪৫ঘ.
bdnews24