ঢাকা, ১৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সাকিব আল হাসান না পেলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন তুষার ইমরান। দু'জনের ব্যাটিংয়ে ইস্পাহানি মির্জাপুর চা নবম জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচের প্রথম দিনেই বড় সংগ্রহ খুলনার। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ৬ উইকেটে ৩১২ রান তুলেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থানধারীরা। সাকিব ৮১ রান করে আউট হয়ে গেলেও তুষার অপরাজিত আছেন ১০৩ রানে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ওপেনার গাজী সালাউদ্দিনের সেঞ্চুরি সত্ত্বেও সিলেটের বিপক্ষে তিনশো পার করার জন্য লড়ছে স্বাগতিকরা। প্রথম দিনশেষে তাদের অবস্থা ৯ উইকেটে ২৮৯। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে স্বাগতিকদের অবস্থা অবশ্য মন্দ নয়। ৫ উইকেটে ২৫৭ রান তুলেছে তারা।
খুলনার শুরুতে অবশ্য এমন ভালো অবস্থানে থাকার ইঙ্গিত কিছুতেই ছিল না। আগের রাউন্ডগুলোতে তাদের ওপেনারদের কেউ না কেউ না পেয়েছেনই। কিন্তু বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামার পর তার ব্যতিক্রম ঘটলো। নাজমুস সাদাত ৩ রান করলেও তৃতীয় রাউন্ডে চারদিন এবং একদিনের ম্যাচ দুটোতেই সেঞ্চুরি হাকানো ইমরুল কায়েস এদিন কোনো রান না করেই আউট। দ্রুত দুই ওপেনারকে হারানো খুলনা আরো বড় ধাক্কা খায় অধিনায়ক হাবিবুল বাশার ১৩ রান করে ঘাঁড়ের অসহ্য ব্যথার জন্য অবসর নিতে বাধ্য হওয়ায়। সেখান থেকেই হাল ধরে দলকে এতোদূর পৌছে দেওয়ার কৃতিত্ব সাকিব আল হাসান ও তুষার ইমরানের। চলতি লিগে নিজের দ্বিতীয় সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন সাকিব। কিন্তু সুইপ করতে গিয়ে বল তার ব্যাটের ওপরের কানায় লেগে উঠে যাওয়াতেই ৮১ রানে থেমে যেতে হয় তাকে। তবে তুষার থামেননি। ১২২ রানে অপরাজিত আছেন তিনি। যা ম্যাচের দ্বিতীয় দিনে খুলনাকে রান পাহাড়ে চড়ার স্বপ্ন দেখাচ্ছে।
চট্টগ্রামে স্বাগতিকদের একরকম একাই টেনেছেন ওপেনার গাজী সালাউদ্দিন। দলের অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও তার ব্যাট হেসেছে বলেই তিনশো পার করার স্বপ্ন দেখতে পারছে চট্টগ্রাম। স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে এছাড়া আর বলার মতো রান করেছেন আফতাব আহমেদ (৪৬)। আর সালাউদ্দিনের রান আফতাবের ঠিক তিনগুণ, ১৩৮। যা তার দলের মোট সংগ্রহের অর্ধেকের কাছাকাছি। সিলেটের বোলারদের মধ্যে সফলতম নাবিল সামাদ। এই বাঁ হাতি স্পিনার ৬০ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের ব্যাটিংয়ে খুব বড় কোনো ব্যক্তিগত স্কোর নেই, খুলনা-বরিশাল ও চট্টগ্রাম-সিলেট ম্যাচের মতো। তবে ছোট্ট কিন্তু কার্যকর একাধিক ইনিংস আছে একাধিক। এই যেমন চলতি লিগে নিয়মিত রান পেতে থাকা ফরহাদ হোসেন ধারাবাহিকতা ধরে রেখেছেন এ ম্যাচেও। ৫৫ রান করে তিনি আউট হয়ে যাওয়ার পর দলের সংগ্রহকে এগিয়ে নিয়ে গেছে অধিনায়ক খালেদ মাসুদ ও মুশফিকুর রহমানের ব্যাট। এই দুজনও এবার নিয়মিতই রান করে চলেছেন। মুশফিকুর ৬৫ রান করে আউট হয়ে গেছেন যদিও, কিন্তু ৬৮ রানে অপরাজিত মাসুদের কাঁধেই এখন দ্বিতীয় দিনে দলকে আরো এগিয়ে নেওয়ার দায়িত্ব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫০ঘ.
bdnews24