ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- শুক্রবার থেকে শুরু হয়েছে চ্যালেঞ্জার্স কাপ ক্রিকেট। উদ্বোধনী দিনে রুম্মন ও রাজনের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ২৪৬ রানেই শেষ হয়ে যায় টিম ওয়েস্টের ইনিংস। জবাবে দিনশেষে টিম ইস্টের সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান ।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চারদিনের ম্যাচে টিম ইস্ট টস জিতে ব্যাট করতে পাঠায় টিম ওয়েস্টকে। কিন্তু ব্যাট করতে নেমেই তারা বিপদে পড়ে; ৭১ ওভার খেলে ২৪৬ রানে অলআউট হয়ে যায়। কুন্তল (৬৫) ও জাহিদুল (৪৩) ছাড়া আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। টিম ইস্টের রুম্মন ৩০ রানে ৪ উইকেট এবং রাজন ৫৫ রানে ৩ উইকেট নিয়েছেন ।
জাতীয় ক্রিকেট লিগে সুযোগ না পাওয়াদের সুযোগ করে দেওয়ার জন্যই বিসিবি চালু করেছে চ্যালেঞ্জার্স কাপ। নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হওয়ার পর জাতীয় দলের ক্রিকেটাররা জাতীয় লিগে খেলতে পারবেন না। তখন চ্যালেঞ্জার্স কাপে ভাল পারফর্ম করা ক্রিকেটারদের জন্য জাতীয় লিগের দরজা খুলে যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১৩০ঘ.
bdnews24