২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ ম্যাচ সাসপেন্ড শোয়েব আখতার

চারটি আচরণবিধি ভাঙ্গার দায়ে ১৩টি ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছেন পাকিস্তানী ফাস্ট বোলার শোয়েব আখতার। সেই সঙ্গে ৩৪ লাখ পাকিস্তানী রুপি (প্রায় ৫৬ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে তাকে। বৃহস্পতিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবির ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে এই শাস্তির কথা। আগামী দু বছরের মধ্যে আবার আচরণবিধি ভাঙ্গলে আজীবন নিষিদ্ধ করা হতে পারে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 04:10 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

লাহোর, ১১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চারটি আচরণবিধি ভাঙ্গার দায়ে ১৩টি ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছেন পাকিস্তানী ফাস্ট বোলার শোয়েব আখতার। সেই সঙ্গে ৩৪ লাখ পাকিস্তানী রুপি (প্রায় ৫৬ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে তাকে। বৃহস্পতিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবির ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে এই শাস্তির কথা। আগামী দু বছরের মধ্যে আবার আচরণবিধি ভাঙ্গলে আজীবন নিষিদ্ধ করা হতে পারে তাকে। সে সময় কমিটির সদস্যদের পাশে শোয়েবও বসেছিলেন। গত মাসে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আগে সতীর্থ ফাস্ট বোলার মোহাম্মদ আসিফকে ব্যাট দিয়ে আঘাত করার অপরাধে দেশে ফিরে আসতে হয়েছিল শোয়েবকে। তখনই তার বিরুদ্ধে তদন্তের জন্য গড়া হয়েছিল ঐ ডিসিপ্লিনারি কমিটি। দেশে ফিরে বোর্ডের অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন করা, আসিফের সঙ্গে বিবাদের জন্য শোয়েব আফ্রিদিকে দায়ী, ইংল্যান্ডে অনুমতি ছাড়া প্রদর্শনী ম্যাচ খেলা সহ বেশ কিছু অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কয়েক দিন আগে ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শাফকাত নাগমি জানিয়েছিলেন আসিফকে পেটানোর ঘটনা তদন্তের প্রাথমিক তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। কিন্তু অন্য অপরাধগুলোতে তিনি ক্ষমা পাননি, আর তার শাস্তি হিসাবে তিনি নিষিদ্ধ হলেন ১৩ ম্যাচের জন্য। কিন্তু শাস্তির এই হিসাবে বড় একটা ফাঁক আছে। আর সেই ফাঁক গলে বেরিয়ে গিয়ে আগামী মাসে ভারতের বিপক্ষে সিরিজটা খেলারও সুযোগ আছে শোয়েবের সামনে। তার এই নিষেধাজ্ঞার মেয়াদের হিসাব শুরু হয়েছে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ থেকে। সেখানে পাকিস্তান খেলেছে ৭টি ম্যাচ, তারপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের দুটো টেস্ট এবং ৫টি ওয়ানডে মিলিয়ে আরও ৭ ম্যাচ শেষ। কাজেই এরপরই পাকিস্তানের যে ভারত সফর তার আগেই শোয়েব নিষেধাজ্ঞামুক্ত। সংবাদ সম্মেলনে পিসিবির প্রধান নির্বাহী শাফকাত নাগমিও জানিয়েছেন সেটাই,"দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাকে (শোয়েবকে) বিবেচনা করা হবে না। কিন্তু (নভেম্বরে) ভারত সফরেই নির্বাচনের জন্য তাকে পাওয়া যেতে পারে।" আর তাই শাস্তি পেলেও শোয়েব হতাশ না হয়ে বরং আনন্দিত! সংবাদ সম্মেলনে সেই তৃপ্তিটাই উঠে এল তার কথায়,"দুঃস্বপ্নটা কেটে যাওয়ায় আমি খুব খুশি। এখন আমার প্রধান লক্ষ্য আবার পাকিস্তানের হয়ে খেলা। দক্ষিণ আফ্রিকার ঘটনার জন্য আসিফ এবং বোর্ডের কাছে আমি ক্ষমা চেয়েছি। যথেষ্ট ভুগেছি আমি।" শোয়েব জানিয়েছেন শাস্তির বিরুদ্ধে কোনো আপিল করবেন না তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪৫ঘ.