২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

থিকশানার জায়গায় লঙ্কান টেস্ট দলে মানাসিংহে

চোট ছোবল দিয়েছে শ্রীলঙ্কা শিবিরে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ছিটকে পড়েছেন মাহিশ থিকশানা। তার জায়গায় লাকশিথা মানাসিংহেকে দলে যোগ করেছে লঙ্কানরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 07:44 PM

Updated : 22 Jul 2022, 04:00 AM

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বৃহস্পতিবার বিবৃতিতে থিকশানার ডান হাতের আঙুলে চোট পাওয়ার কথা জানায়। পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটে হেরে যাওয়া প্রথম টেস্টে আঘাত পেয়েছিলেন এই ডানহাতি অফস্পিনার।

কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে এই সংস্করণে অভিষেক হওয়া থিকশানাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় এসএলসি।

ডাক পাওয়া মানাসিংহের ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। অফ স্পিনে ৭৩ উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে পাঁচটি করে শিকার ধরেছেন ৬ বার।

অস্ট্রেলিয়া সিরিজ চলাকালে একের পর এক লঙ্কান ক্রিকেটাররা করোনাভাইরাসে আক্রান্ত হলে দ্বিতীয় টেস্টের আগে ডাক পান মানাসিংহে। তবে তখন মাঠে নামা হয়নি তার। অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটারকে আবারও ডাকা হলো আরেকটি সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে।

দলে থাকলেও পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি পাথুম নিসানকা। কোভিড-১৯ এর ধকল থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে রাখা হয়নি একাদশে। এবার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

তারপরও নিসানকার একাদশে ফেরার সম্ভাবনা ক্ষীণ। কারণ, তার বদলে সবশেষ টেস্টে খেলার সুযোগ পেয়ে ব্যাট হাতে আলো ছড়ান ওশাদা ফার্নান্দো। পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে রান করেন যথাক্রমে ৩৫ ও ৬৪।

আগামী রোববার গলে শুরু হবে পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি হওয়ার কথা ছিল কলম্বোয়। কিন্তু দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভেন্যু পরিবর্তন করা হয়।