২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ ক্রিকেটারদের গড়তে বাংলাদেশে স্টুয়ার্ট ল

ক্রিকেটীয় স্কিলের উন্নতিই মূল লক্ষ‍্য নিশ্চিতভাবে। তবে সেখানেই থেমে থাকতে চান না স্টুয়ার্ট ল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ক্রিকেটারদের ব‍্যক্তিত্বের বিকাশেও রাখতে চান ভূমিকা। যুবাদের সব দিক থেকে পরিপূর্ণ হিসেবে গড়া তোলার চ‍্যালেঞ্জ নিতেই কোচ হয়ে বাংলাদেশে আসার কথা জানালেন ল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 08:22 PM

Updated : 22 Jul 2022, 03:57 AM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সংবাদ সম্মলেন জাতীয় দলের সাবেক এই প্রধান কোচ জানান, বাংলাদেশে কাজ করার ডাক পেয়ে হ‍্যাঁ বলা তার জন‍্য ছিল সহজ সিদ্ধান্ত। 

“ফিরে এসে ভালো লাগছে। আজ এখানে এসে কিছু পরিচিত, বন্ধুত্বপূর্ণ মুখ দেখতে পেলাম। অনেক ভালো স্মৃতি আছে এখানে। তাই ফিরতে পেরে ভালোই লাগছে।”

“প্রধান কোচের দায়িত্ব পালন করেছি বিশ্বের বিভিন্ন জায়গায়। সত্যি কথা বলতে, আন্তর্জাতিক দলের প্রধান কোচ হিসেবে খুব বেশি কোচিংয়ের সুযোগ থাকে না। সেখানে মূলত অনেক কথা বলা, প্রশাসনিক কাজ করতে হয়। কিন্তু এই দায়িত্বটা আমাকে উঠতি ক্রিকেটারদের নিয়ে কাজ করার সুযোগ এনে দেবে। যেখানে আমি পার্থক্য গড়ে দিতে পারব। শুধু ক্রিকেটীয় সামর্থ্যে নয়, তরুণদের ব্যক্তিত্ব গড়ার ক্ষেত্রেও সাহায্য করতে পারব।”

আপাতত চলছে দল গঠনের কাজ। ৪০ জনের স্কোয়াড থেকে বেছে নিতে হবে সম্ভাবনাময়দের। তৈরি করতে হবে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন‍্য। তবে সেটাই একমাত্র লক্ষ‍্য নয়। বয়সভিত্তিক দল পেরিয়ে পরের ধাপের জন‍্য যুব ক্রিকেটারদের তৈরি করাও লয়ের কাছে সমান গুরুত্বপূর্ণ। 

“বিশ্বকাপটা সাদা বলের ক্রিকেটের। কিন্তু আমরা যেসব দ্বিপক্ষীয় সিরিজ খেলব, সেখানে লাল বলের খেলা থাকবে। তরুণ ক্রিকেটারদের দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলতে অভ্যস্ত করে তোলা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, সেরা ক্রিকেটাররা এখান থেকে তৈরি হয়। এরপর দক্ষতা, মানসিকতা পরিবর্তনের মাধ্যমে ৫০ ওভার ও ২০ ওভারের খেলায় মানিয়ে নেওয়া যায়। এটা নিয়ে আমি খুব প্যাশনেট, আমি একজন ট্রেডিশনালিস্ট। লাল বলের ক্রিকেট ভালোবাসি।”

“ওয়াসিম জাফর (সাবেক ভারতীয় ওপেনার ও বিসিবির ডেভেলপমেন্ট কোচ) আমার চেয়ে বেশি খেলেছে, সেও বলবে টেস্ট ক্রিকেটই সবচেয়ে কঠিনতম সংস্করণ। এটা যদি ক্যারিয়ারের শুরুতেই না বুঝতে পারেন তাহলে পরবর্তীতে সেটা ধরতে পারা একটু কঠিনই। আমরা এই ছেলেদের সব সুযোগ সুবিধাই দিতে চাই, যেন সব সংস্করণে ভালো করে। অন্য দেশগুলোও যেন সেটা দেখে আগ্রহী হয়। তাহলে আমরা কোনো সফরে গেলে এক-দুটি চারদিনের ম্যাচ পেতে পারি।”

১৯৮৮ সালে হওয়া যুব বিশ্বকাপের প্রথম আসরে খেলেছিলেন স্টুয়ার্ট ল। সেই অভিজ্ঞতা থেকে জানেন, একজন তরুণ ক্রিকেটারের জন‍্য এই বিশ্ব মঞ্চ কতটা গুরুত্বপূর্ণ। নিজের মতো করে বাংলাদেশের ক্রিকেটারদের সেই চ‍্যালেঞ্জের জন‍্য প্রস্তুত করতে চান ল।

“এই মুহূর্তে ছেলেদের এক সঙ্গে রাখা, ওদের সুযোগ দেওয়া আর কেমন সামর্থ্য আছে সেটা দেখাই মূল ব‍্যাপার। বিশ্বকাপ এখনও ১৮ মাস দূরে। আমরা অনেক ম্যাচ খেলব বিশ্বকাপের আগে। ছেলেদের জন্য অনেক সুযোগ থাকবে। যখন আমরা স্কোয়াড সম্পর্কে ভালো ধারণা পাব তখন বুঝতে পারব ওদের কীভাবে খেলাতে হবে। এখন ৪০ জন তরুণের জন্য খুবই রোমাঞ্চকর সময়। আমি নিজেও ভাগ্যবান, কারণ আমি প্রথমবার অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলাম। এটা দারুণ সুযোগ বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটারদের সঙ্গে খেলা, যারা একই ভেলায় চড়ছে, একই পর্যায়ে আছে। এটা বিশেষ যাত্রার শুরু হতে পারে।”

“এখানে বসে কোনো কিছু জেতার কথা বলতে ভালোই লাগে, যদি চূড়ান্ত ফলাফলের দিকে মনোযোগ দিই, তাহলে ছোট ছোট ধাপ পাড়ি দিয়ে সেই পর্যায়ে যেতে হবে। এই মুহূর্তে আমাদের থিতু কোনো দল নেই। গতকাল ৪০ জন ক্রিকেটার এখানে এসেছে। সেখান থেকে ৩০ জনের একটা দল নির্বাচন করতে হবে। সেখান থেকে সামনে এগিয়ে যাব। আইসিসি আমাদের এখনও জানায়নি পরের বিশ্বকাপ কোথায় হবে। আমরা তাই কোন ধরনের দল তৈরি করব সেটা এখনও জানি না।”

শুধু মাঠের ক্রিকেট নয়, বাইরের জীবন-যাপনের দিকেও নজর থাকবে প্রধান কোচের। সামাজিক যোগাযোগে মাধ‍্যমে তাদের উপস্থিতি এবং সমালোচনা সামলানোর নানা দিক তুলে ধরলেন ৫৩ বছর বয়সী কোচ।  

“তরুণ ক্রিকেটারদের আজকাল মাঠের বাইরে অনেক কিছুই করতে হয় যেটা আমাদের সময় করতে হতো না। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলছি। আমরা চেষ্টা করব ছেলেদের এ ব্যাপারে শিক্ষা দিতে, মাইন্ড কোচ এনে হোক বা যেভাবেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থামাতে পারবেন না। কিন্তু কীভাবে ব্যবহার করতে হয় সেটা বোঝাতে হবে। ভালো খারাপটা যদি বুঝাতে পারে, তাহলে এটা ক্রিকেটারদের সিদ্ধান্ত কী করা উচিত, কী করা উচিত না।”

“এই যুগের ক্রিকেটারদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বহিরাগত চাপ সৃষ্টি করে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিশেষজ্ঞ আছে। তারা একজনের পারফরম্যান্স দেখে একটা মন্তব্য করে দেয়। তারা জানেই না, এই মন্তব্যটা একজনের মনে কী প্রভাব ফেলতে পারে। খেলোয়াড়রা যদি এটা মেনে নিতে পারে, মন্তব্যটা পড়ে গায়ে না মাখতে পারে, তাহলে দীর্ঘ পরিসরে সেটা ওদের সাহায্য করবে।”

লয়ের কোচিংয়েই ২০১২ সালে এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনাল খেলার চমক দেখায় বাংলাদেশ। তবে পারিবারিক কারণে মাত্র কয়েক মাসেই ছেড়ে দেন দায়িত্ব। পরে দেশের মাঠে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে তাকে আবার আনা হয় পরামর্শক হিসেবে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সেই দল তৃতীয় হয়েছিল, তখনও পর্যন্ত যা যুব বিশ্বকাপে বাংলাদেশের সেরা ফল। কোচ হিসেবে কাজ করে গেছেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। এবার নতুন প্রজন্মের ক্রিকেটারদের তৈরি করে দিতে চান তিনি।

“বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যখন থেকেই আছি, আমার মনে হয়েছে এখানে অনেক প্রতিভা আছে। আমি ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছি। যেখানে মিরাজ, (নাজমুল হোসেন) শান্তরা ছিল। এখন ওদের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখে আমার খুব ভালো লাগছে।”

“এটা যে শুধুই তরুণ ক্রিকেটার তৈরির জায়গা, তা কিন্তু না। আমি জানি যে এটা ডেভলপমেন্ট প্রোগ্রাম, এটাই হওয়া উচিত মূল উদ্দেশ‍্য। কিন্তু এটা মানুষ হিসেবে গড়ে তোলারও জায়গা। আমি মিরাজ-শান্তদের যখন দেখি, ওদের চেহারায় বিশাল হাসি দেখতে পারি। ওরা খুব গর্বিত নিজেদের পরিবার নিয়ে। ওরা এখন বিবাহিত। ওরা ক্ষুদে ক্রিকেটার থেকে শুরু করে এখন বড় হচ্ছে। ক্রিকেটে তো অবদান রাখছেই, ক্রিকেটের বাইরেও অনেক কিছু করছে। এটাই আমি চাই।”