২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও নেই কোহলি-বুমরাহ

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহকে পাচ্ছে না ভারত। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে আগেই বিশ্রাম নিয়েছিলেন তারা। টি-টোয়েন্টি সিরিজের দলেও নেই অভিজ্ঞ দুই ক্রিকেটার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 05:22 PM

Updated : 02 Aug 2022, 11:53 AM

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বৃহস্পতিবার ১৮ জনের দল ঘোষণা করে ভারত। ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টিতে রাখা হয়নি লেগ স্পিনার যুজবেন্দ্র চেহেলকে।

ইএসপিএনক্রিকইনফোর খবর, কোহলি, বুমরাহ ও চেহেলকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হলেও টি-টোয়েন্টিতে দলের নেতৃত্ব দেবেন তিনি।

লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে গত নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ এই সংস্করণে দেশের হয়ে খেলেছিলেন এই স্পিনার।

জুনে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করানো লোকেশ রাহুলকেও রাখা হয়েছে দলে। তবে তাকে উতরাতে হবে ফিটনেস পরীক্ষা। এই শর্তে দলে ফেরানো হয়েছে বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ যাদবকেও।

কুলদিপ, অশ্বিনের সঙ্গে স্পিন আক্রমণ সামাল দেবেন রবি বিষ্ণই, আকসার প্যাটেল ও রবীন্দ্র জাদেজা।

বাদ পড়েছেন উমরান মালিক। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখা গতিময় এই পেসার সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন। ইংলিশদের বিপক্ষে অভিষেকে ভালো বোলিং করে টিকে গেছেন আরেক পেসার আর্শদিপ সিং।

তার সঙ্গে পেস বোলিং বিভাগে আছেন আভেশ খান, ভুবনেশ্বর কুমার ও হার্শাল প্যাটেল। ওয়ানডে সিরিজে বিশ্রাম পাওয়া হার্দিক পান্ডিয়া ও রিশাভ পান্তকে রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে।

দ্বিতীয় কিপার-ব্যাটসম্যান ও ওপেনারদের কাভার হিসেবে ইশান কিষানকে রাখা হয়েছে।

ওয়ানডে দিয়ে আগামী ২২ জুলাই শুরু হবে দুই দলের লড়াই। এই সংস্করণে পরের দুই ম্যাচ ২৪ ও ২৭ জুলাই। রোহিতের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।

টি-টোয়েন্টি সিরিজটি শুরু ২৯ জুলাই। পরের চার ম্যাচ যথাক্রমে ১, ২, ৬ ও ৭ অগাস্ট।

ভারত টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, সূর্যকুমার যাদব, দিপক হুডা, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, হার্শাল প্যাটেল, আর্শদিপ সিং, (ফিটনেসের সাপেক্ষে) লোকেশ রাহুল ও কুলদিপ যাদব।