২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের বোলিং প্রসঙ্গে লিটন বললেন, ‘সিদ্ধান্ত অধিনায়কের’

দ্বিতীয় ম্যাচে মোসাদ্দেক হোসেন, শেষ ম্যাচে সাকিব আল হাসান। দুজনের ক্ষেত্রেই দেখা গেল একই পরিকল্পনা। যা নিয়ে উঠল প্রশ্ন, জাগল বিস্ময়। প্রথমটির ব্যাখ্যা পাওয়া গিয়েছিল বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর কাছ থেকেই। পরের ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি অধিনায়ক, জানা যায়নি তাই কারণও। তবে লিটন দাস এই প্রসঙ্গে বললেন, “মাঠ তো চালান অধিনায়ক।”

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 01:18 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ম্যাচে ত্রয়োদশ ওভারে আক্রমণে এসে উইকেট মেডেন নেন মোসাদ্দেক। কিন্তু ম্যাচে আর কোনো ওভার বোলিং করতে দেখা যায়নি তাকে। ম্যাচের পর অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছিলেন, দুজন ডানহাতি ব্যাটসম্যান ক্রিজে ছিলেন বলে অফ স্পিনার মোসাদ্দেককে তখন আর বোলিংয়ে আনেননি তিনি, পরে আর বোলিংয়ে আনার পরিস্থিতি তৈরি হয়নি।

তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার সপ্তম ওভারে সাকিবের হাতে বল তুলে দেন অধিনায়ক। প্রথম বলেই অভিজ্ঞ অলরাউন্ডার ফিরিয়ে দেন বিপজ্জনক ওডিন স্মিথকে। ওভারে রান দেন মাত্র ৪।

এরপর কাইল মেয়ার্স ও নিকোলাস পুরান পাল্টা আক্রমণে ৫১ বলে ৮৫ রানের ম্যাচ জেতানো জুটি গড়েন। অথচ এই জুটির সময় একটি ওভারের জন্যও সাকিবকে দেখা যায়নি বোলিংয়ে। দ্বিতীয় ওভারটি যখন করতে এলেন তিনি, ম্যাচ তখন কার্যত শেষ। জয়ের জন্য তখন ওয়েস্ট ইন্ডিজের লাগে ২৪ বলে স্রেফ ২০ রান। 

ম্যাচের পর এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হননি মাহমুদউল্লাহ। তবে আগের ম্যাচে তার যে ব্যাখ্যা, সেটি থেকে ধারণা করা যায়, মেয়ার্স ও পুরান বাঁহাতি বলেই হয়তো সাকিবকে আক্রমণে আনেননি অধিনায়ক।

যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের ৩৯ উইকেট বাঁহাতি ব্যাটসম্যানের, তিন সংস্করণ মিলিয়ে সংখ্যাটি ১৫০।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এলেন ৪৯ রান করা লিটন। সাকিবের বোলিং না পাওয়া প্রসঙ্গে তিনি বললেন অধিনায়কের সিদ্ধান্তের কথাই।

“দুই দিক দিয়েই করানো যায় (বোলিং), ডানহাতি ব্যাটসম্যানের সময় ডানহাতি বোলারও বল করে, সমস্যা হয় না। তবে সিদ্ধান্ত তো সম্পূর্ণ অধিনায়কের। আজকে যদি এই সিদ্ধান্ত ভালোর দিকে যেত, তাহলে এই প্রশ্ন হয়তো আসত না।”

“দেখুন, মাঠ তো আমি চালাব না, আর দশটা খেলোয়াড় চালাবে না। অধিনায়কের যে সিদ্ধান্ত, সেটিই অনুসরণ করা প্রত্যাশা করা উচিত আমাদের।”