২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনেক বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল’

দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ ১৪০ রানে থামিয়েও পারা গেল না। ম‍্যাচ শেষে এ নিয়ে আক্ষেপ কাটছে না বাংলাদেশের। তাদের শরীরী ভাষাই বলে দিচ্ছিল সব। পরে সংবাদ সম্মলনে অধিনায়ক নিগার সুলতানাও বললেন সেই কথাই, অনেক বড় সুযোগ হাতছাড়া করে দলের সবাই বিষন্ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2022, 12:23 PM

Updated : 28 Apr 2022, 11:52 PM

নারী বিশ্বকাপে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ রানে হেরেছে বাংলাদেশ। জয়ের আশা জাগিয়েও শেষ ওভারে ১৩৬ রানে গুটিয়ে গেছে নিগারের দল।

ম‍্যাচ শেষে অধিনায়ক জানান, যত দ্রুত সম্ভব এই ম‍্যাচের হতাশা ভুলে পরের ম‍্যাচে মনোযোগ দিতে চান।

“হতাশা তো আসলেই...অনেক ক্লোজ একটা ম্যাচ। অনেক বড় সুযোগ ছিল আমাদের আরও দুটি পয়েন্ট নেওয়ার। আমাদের অনেক বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে। এটার জন্য সবার মন খারাপ হওয়া স্বাভাবিক।”

“ওয়েস্ট ইন্ডিজের মত দলকে এত কম রানে আটকানো এবং খুব কাছে গিয়ে হারা। শেষ পর্যন্ত নাহিদা আক্তার অনেক লড়াই করেছে। আরেকজন ব্যাটার সাপোর্ট করলে হয়ে যেত। আমি যদি শেষ পর্যন্ত থাকতাম। একটা জুটির চেষ্টা করেছিলাম, ইনিংস গড়তে চেয়েছিলাম। কিন্তু কোনো কারণে ওই জায়গায় আমার আউট ক্ষতির কারণ হয়ে গেছে। পরের ম্যাচে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।”

লক্ষ‍্য যখন ১৪১, ‍ম‍্যাচের মাঝপথে কেবল জয়ের কথাই ভাবছিল বাংলাদেশ। নিগাররা ঠিক করেছিলেন, যত দ্রুত সম্ভব ম‍্যাচ শেষ করার।

“আমাদের আসলে মূলত পরিকল্পনা ছিল ১০ ওভার করে ভাগ করে খেলার। হয়তো লক্ষ্য কম, ছিল কিন্তু আমাদের ভাবনা ছিল ১৪১ রান যত কম ওভারে করা যায়। ৩০-৩৫ ওভারের ভেতর শেষ করা। উইকেট মন্থর ছিল। তো এসব উইকেটে লো স্কোরিং ম্যাচে শেষের দিকে চাপ পড়ে যায়।”

কিন্তু প্রক্রিয়া মানলেও কাজ শেষ করতে পারেনি বাংলাদেশ। ৬০ রানে একই সঙ্গে ফারজানা হক, রুমানা আহমেদ ও রিতু মনির আউটকে ম‍্যাচে টার্নিং পয়েন্ট মনে করেন অধিনায়ক।

“পর পর উইকেট পড়লেই চাপ বেড়ে যায়। এটাই আমাদের ভুগিয়েছে। ওই জায়গায় আর ১০-১৫ রানের যদি জুটি করতে পারতাম বা উইকেট না পড়ত। টপ অর্ডারে ব্যাটাররা যদি আর পাঁচটা করে রান বেশি করত হয়তবা ম্যাচ এতটা ক্লোজই হতো না। এর আগেই ফল পেয়ে যেতাম।”

“দ্রুত উইকেট পড়ে যাওয়ায় মন্থর হয়ে যেতে হয়েছে। আমরা যদি দ্রুত রান করতাম খেলা হয়তো দ্রুত শেষ হতো। আমরা হয়তো জুটি গড়তে সময় একটু বেশি নিয়েছিলাম। আমাদের ঘাটতি ছিল, যে ফিল্ড সেটআপ ছিল সেখানেই উইকেট দিয়ে এসেছি। তাদের বোলিংয়ের বিপক্ষে এর থেকে ভালো ব্যাট করা দরকার ছিল। যা করতে পারিনি।”

বিশ্বকাপে নিজেদের পরের ম‍্যাচে আগামী মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।