বাংলাদেশ সিরিজ দিয়ে টেস্টে ফেরার পথে কনওয়ে
চোট কাটিয়ে ওঠা ডেভন কনওয়ের মাঠে ফিরতে তর সইছে না। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান ফিরতে চান প্রতিযোগিতামূলক ক্রিকেটে। এখানে নিজেকে প্রস্তুত প্রমাণ করতে পারলে টেস্টেও তার ফেরা অনেকটাই নিশ্চিত।
দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড ইলেভেন। মাউন্টি মঙ্গানুইয়ে আগামী মঙ্গল-বুধবারের ম্যাচের জন্য ঘোষিত দলে আছেন কনওয়ে।
গত নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে আউট হয়ে মেজাজ হারিয়ে ব্যাটে আঘাত করে হাত ভেঙে বসেন কনওয়ে। ম্যাচটি অবশ্য জিতে ফাইনালে জায়গা করে নেয় নিউ জিল্যান্ড। কিন্তু বৈশ্বিক আসরের শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি তিনি।
পরে ভারত সফরেও খেলা হয়নি তার। গত এক মাসের বেশি সময় মাঠেই নামতে পারেননি কনওয়ে। এবার বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে ফিরতে যাচ্ছেন তিনি মাঠে।
৩০ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান বললেন, ব্যাট হাতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে লড়াই করতে মুখিয়ে আছেন তিনি।
“প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য সত্যিই আমি মুখিয়ে আছি; আশা করি, খেলার জন্য আমি ফিট। আবারও ব্যাটিং শুরু করেছি এবং হাতের অবস্থা যাচাই করেছি। তাই নিউ জিল্যান্ড ইলেভেনের হয়ে খেলার জন্য আমি আশাবাদী। সত্যিকারের পরীক্ষা এবং কিছু আত্মবিশ্বাস তৈরিতে সহায়তা করার জন্য ম্যাচ পরিস্থিতির মতো আর কিছুই নেই।”
গত জুনে সবশেষ টেস্ট খেলেছেন কনওয়ে, ভারতের বিপক্ষে। মাত্র তিন টেস্টের ক্যারিয়ার তার। এতেই ব্যাট হাতে নিজের সামর্থ্যের ছাপ খুব ভালোভাবেই রাখতে পেরেছেন তিনি। ৬ ইনিংসে একটি রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি ও ২ ফিফটি আছে তার।
প্রস্তুতি ম্যাচের জন্য দেওয়া নিউ জিল্যান্ড ইলেভেন দলে কনওয়ের সঙ্গে আছেন টেস্ট দলের নিয়মিত মুখ নিল ওয়্যাগনারও।
আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে বাংলাদেশ-নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টটি ক্রাইস্টচার্চে, শুরু আগামী ৯ জানুয়ারি।
