২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির নভেম্বর মাসের সেরা ওয়ার্নার ও ম্যাথিউস

সংক্ষিপ্ত তালিকা থেকে সেরার স্বীকৃতি পাওয়া হলো না নাহিদা আক্তারের। আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার মনোনীত হলেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। ছেলেদের ক্রিকেটে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2021, 07:13 PM

Updated : 08 Apr 2022, 12:00 AM

নভেম্বর মাসের সেরার লড়াইয়ে থাকাদের নাম গত ৭ ডিসেম্বর প্রকাশ করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। সোমবার জানানো হয় বিজয়ীদের নাম।

মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের নাহিদা আক্তার ও পাকিস্তানের আনাম আমিনকে পেছনে ফেলে সেরা হন ম্যাথিউস। ওয়ার্নার পেছনে ফেলেন নিউ জিল্যান্ডের টিম সাউদি ও পাকিস্তানের আবিদ আলিকে।

অস্ট্রেলিয়ার প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল ওয়ার্নারের। সেটিরই স্বীকৃতি পেলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ওয়ার্নার খেলেন মাত্র ৫৬ বলে অপরাজিত ৮৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ওই ম্যাচের সেরা খেলোয়াড়ও হন তিনি।

সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩০ বলে ৪৯ রানের ইনিংস খেলার পর ফাইনালে ৩৮ বলে করেন ৫৩ রান। ৭ ম্যাচে ৪৮.১৬ গড় ও ১৪৬.৭০ স্ট্রাইক রেটে ২৮৯ রান করে ‘ম্যান অব দা টুর্নামেন্ট’ পুরস্কার জেতেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

সেরার লড়াইয়ে ওয়ার্নারের প্রতিদ্বন্দ্বী সাউদি গত মাসে টি-টোয়েন্টি ও টেস্ট, দুই সংস্করণেই দারুণ ছন্দে ছিলেন। বৈশ্বিক আসরে নভেম্বরে ৫ ম্যাচে ৬ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডকে ফাইনালে তোলার পথে রাখেন বড় অবদান। এরপর ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে অধিনায়ক হিসেবে খেলে নেন ৪ উইকেট।

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কানপুরে ড্র হওয়া ম্যাচে বল হাতে দুই ইনিংসেই দারুণ করেন সাউদি। প্রথম ইনিংসে ৬৯ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন ৭৫ রানের বিনিময়ে।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্রগ্রামে প্রথম ইনিংসে করেন ১৩৩ রান করেন আবিদ। দ্বিতীয় ইনিংসেও শতরানের সম্ভাবনা জাগিয়ে আউট হন ৯১ রানে। উভয় ইনিংসেই আব্দুল্লাহ শফিকের সঙ্গে গড়েন সেঞ্চুরি জুটি। তাদের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি ৮ উইকেটে জিতে যায় পাকিস্তান।

মেয়েদের সেরা হেইলি গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ফিফটি সহ ১৩২ রানের পাশাপাশি বল হাতে নেন ৭ উইকেট। দ্বিতীয় ম্যাচে ২৬ রান করার পাশাপাশি চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। এরপর বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ রান দিয়ে নেন ২ উইকেট।

বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে মাস সেরার লড়াইয়ে জায়গা করে নেওয়া নাহিদা জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাত্র ৪.৮১ গড়ে নেন ১১ উইকেট। এর মধ্যে রয়েছে তৃতীয় ওয়ানডেতে ২১ রানে ৫ উইকেট।

দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা নাহিদা ধরে রাখেন বিশ্বকাপ বাছাইয়েও। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটের নাটকীয় জয় পায় বাংলাদেশ। বল হাতে ২৭ রানে গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ২০১ রানে বেঁধে রাখতে ভূমিকা রাখেন নাহিদা। থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হেরে যাওয়া ম্যাচেও উজ্জ্বল ছিলেন তিনি। ৭ ওভার বল করে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট।

আনাম গত মাসে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে বল হাতে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। ৩ ম্যাচে ১১.২২ গড়ে নেন ৯ উইকেট, যার মধ্যে রয়েছে প্রথম ম্যাচে ৫ উইকেট। এরপর বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে নেন ১ উইকেট। পরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দেখান ম্যাচ জয়ী পারফরম্যান্স; ৯ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট।

এই বছর থেকেই আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করেছে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।

সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।