২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈমের মন্থর ব্যাটিংয়ে সমস্যা দেখছেন না অধিনায়ক

দিনের শুরুতে ব্যাটিংয়ের জন্য উইকেট বেশ ভালো ছিল। বাউন্সের ওঠা-নামা ছিল না। বল ভালোভাবেই ব্যাটে আসছিল। কিন্তু সহায়ক উইকেটেও দ্রুত রান তুলতে পারেননি মোহাম্মদ নাঈম শেখ। মন্থর ব্যাটিংয়ের পরও মাহমুদউল্লাহর প্রশংসাই পাচ্ছেন বাঁহাতি এই ওপেনার। বাংলাদেশ অধিনায়কের মতে, ভালো ব্যাটিংই করেছেন নাঈম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2021, 10:08 PM

Updated : 25 Jul 2022, 05:26 PM

৫০ বলে ৪৭ রান করেন এই তরুণ। স্ট্রাইক রেট ৯৪। দুটি করে ছক্কা ও চারের ইনিংসে ডট বল ২২টি।

রানের গতি বাড়ানোর যে তাড়না তার ছিল না এমন না। বড় শটের চেষ্টা করেছেন প্রায়ই। বেশিরভাগ সময়ই পারেননি বলে-ব্যাটে করতে। দ্রুত রান তোলায় দক্ষতার ঘাটতি, সামর্থ্যের ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে তার ব্যাটিংয়ে।

তৃতীয় উইকেটে আফিফ হোসেনের সঙ্গে ৪২ বলে ৪৩ রানের জুটি গড়েন নাঈম। সে সময় উইকেটে পুরোপুরি থিতু ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। কিন্তু সুবিধা কাজে লাগাতে পারেননি তিনি। শেষ বলে ৫ উইকেটে হেরে যাওয়ার পর এই জুটির প্রশংসাই করলেন মাহমুদউল্লাহ।

“আমার মনে হয়, ওই সময় এই জুটি গুরুত্বপূর্ণ ছিল। নাঈম ভালো ব্যাট করেছে। আফিফ ও নাঈমের জুটি গুরুত্বপূর্ণ ছিল।”

বিশ্বকাপে নিদারুণ ব্যর্থতার পর দেশের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার হতাশা। আশাবাদী হওয়ার উপকরণ খুবই কম। অভিষেক সিরিজ ভীষণ বাজে কেটেছে সাইফ হাসানের। প্রথম দুই ম্যাচ মিলিয়ে ১ রান করার পর তিনি জায়গা হারান তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে। তবে এই ম্যাচেই অভিষেক হওয়া পেস বোলিং অলরাউন্ডার শহিদুল ইসলাম দেখান সামর্থ্যের ঝলক।

মাহমুদউল্লাহর মতে, নতুন ক্রিকেটারদের আরও সময় দেওয়া প্রয়োজন।  

“অনেক নতুন ছেলে ছিল, যাদের অভিষেক হয়েছে। সাইফের অভিষেক হয়েছে। শহিদুলের অভিষেক হয়েছে, আজকে সে ভালো বোলিং করেছে। তরুণদের ছাপ রাখার জন্য ভালো সুযোগ ছিল এটি। তবে সম্ভবত কিছুটা সময় তাদের দরকার।”

“কারণ, টি-টোয়েন্টি ফরম্যাট এতটা সহজ নয়। বিশেষ করে তরুণদের জন্য। আশা করি, তারা সামলে নেবে এবং ভালো পারফর্ম করে।”

আপাতত কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই বাংলাদেশের। এই সংস্করণে আগামী ফেব্রুয়ারিতে দেশের মাটিতেই খেলবে আফগানিস্তানের বিপক্ষে।