কিছু খেলোয়াড় পাকিস্তানে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করবে না: পেইন
সবে চূড়ান্ত হয়েছে সিরিজের সূচি। মাঝে সময়ও এখনও অনেক বাকি। কিন্তু এখনই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পাকিস্তান সফরে কি পূর্ণশক্তির দল পাবে অস্ট্রেলিয়া? দলটির টেস্ট অধিনায়ক টিম পেইনের কথায় সেই অনিশ্চয়তা আরও জোরালো হচ্ছে। তার মতে, কিছু খেলোয়াড় হয়তো পাকিস্তান সফরে যেতে স্বাচ্ছন্দ্যবোধ নাও করতে পারে।
আগামী বছরের মার্চ-এপ্রিলে পাকিস্তানে তিনটি করে টেস্ট, ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। সোমবার ঘোষণা করা হয় সিরিজের সূচি। ২৪ বছর পর দক্ষিণ এশিয়ার দেশটিতে খেলতে যাবে অস্ট্রেলিয়া।
গত সেপ্টেম্বরে সিরিজ শুরুর কয়েক ঘন্টা আগে নিরাপত্তা শঙ্কায় পুরো সফর বাতিল করে পাকিস্তান থেকে দেশে ফিরে যায় নিউ জিল্যান্ড দল। পরে ইংল্যান্ডও পুরুষ ও নারী দলকে পাকিস্তানে না পাঠানোর কথা জানায়। শ্রীলঙ্কাও তাদের মেয়েদের দলের সফর বাতিল করে।
এসইএন রেডিওতে পেইন বললেন, সফরের আগে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে তাদের।
“কিছু খেলোয়াড় হয়তো বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেবে। অন্যরা আরও বেশি তথ্য জানতে চাইবে। সত্যি কথা বলতে, এমন কয়েকজনও থাকতে পারে যারা হয়তো (পাকিস্তান সফরে) যেতে স্বাচ্ছন্দ্যবোধ করবে না।”
“আবার এমন কিছু বিষয় আছে যা নিশ্চিত মাথাচাড়া দেবে। আমরা তা নিয়ে আলোচনা করব। তখন সবাই সঠিক উত্তর পাবে এবং স্বাচ্ছন্দ্যবোধ করবে। তারপর আমরা আশা করি, আমাদের জন্য সেরা দল পাব। দিন শেষে সিদ্ধান্তটি সবার নিজের হতে হবে।”
২০১৭ সালে পাকিস্তানে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলতে গিয়েছিল বিশ্ব একাদশ। সেই দলের অংশ ছিলেন পেইন। সেই সফরের স্মৃতিও তুলে ধরলেন তিনি।
“সেই সফরে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল তা আমার জীবনে আগে দেখিনি। আমাদের মাথার ওপর হেলিকপ্টার ঘুরছিল, চারপাশে পাঁচ কিলোমিটার রাস্তা বন্ধ ছিল, মাঠে আসার প্রায় প্রতি কিলোমিটারে চেকপয়েন্ট ছিল, অসাধারণ নিরাপত্তা ব্যবস্থা ছিল।”
“বিষয়গুলো দেখার সময় মনে হতে পারে এ সবকিছুই গুরুত্বপূর্ণ, একই সঙ্গে তা কিছুটা ভীতির সঞ্চারও করে...বাসের ২০-৩০ মিটার ওপরে কয়েকটি হেলিকপ্টার থাকা স্বস্তিদায়ক, একই সঙ্গে কিছুটা ভয়েরও।”
পাকিস্তান সফরে নাও দেখা যেতে পারে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। সফরের ওই সময়টায় বিয়ের পরিকল্পনা করেছেন তিনি ও তার বাগদত্তা বিনি রামন। গত বছরের মার্চে তাদের বাগদান হয়েছে। তবে কোভিড বিধিনিষেধ ও লকডাউনের কারণে বেশ কয়েকবার তাদের বিয়ের সময়সূচি পরিবর্তন করতে হয়।
তার বাগদত্তা আরও একবার বিয়ের তারিখ বদলানোর কথা বিবেচনা করবেন কি-না, এমন প্রশ্নে মঙ্গলবার সাংবাদিকদের ম্যাক্সওয়েল বলেন, “কোনো সুযোগ নেই। আমরা এরই মধ্যে কয়েকবার তারিখ বদল করেছি। তাই আমি মনে করি এবার এটি অপরিবর্তিত থাকবে।”
