১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে ফেরার পথে স্টোকস

বাবার ক্যান্সারের সংবাদে ক্রিকেটে মনোযোগ হারানো বেন স্টোকস আবারও ফিরতে যাচ্ছেন মাঠে। আইপিএলে যোগ দিতে এরই মধ্যে নিউ জিল্যান্ড ছেড়েছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2020, 06:42 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্টোকস আগামী রোববার দুবাইয়ে পৌঁছাবেন। ছয় দিনের সেলফ-আইসোলেশনে থেকে ও কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এলেই রাজস্থান রয়্যালসের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। সব কিছু ঠিক থাকলে, ১১ অক্টোবর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে এই অলরাউন্ডারকে পেতে পারে রাজস্থান।

গত ডিসেম্বরে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার বাবা জেড স্টোকস। সেখানে হাসপাতালে ভর্তি করানোর পর মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য অস্ত্রোপচার করানো হয়েছিল তার। এরপর নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে ফেরার পর তার ব্রেইন ক্যান্সার ধরা পড়ে।

এ সংবাদে এলোমেলো হয়ে পড়েছিলেন স্টোকস। কোনো কিছু নিয়ে ঠিকমতো ভাবতে পারছিলেন না তিনি। মনোযোগ দিতে পারছিলেন না ক্রিকেটে। একারণেই গত অগাস্টের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে শেষ দুই টেস্টের দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। এরপর পরিবারের সঙ্গে দেখা করতে পাড়ি জমান নিউ জিল্যান্ডে।

আবারও ক্রিকেট ফেরার আগে পরিবার ছাড়তে কষ্ট হচ্ছিল স্টোকসের। ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দিয়ে ইংলিশ এই অলরাউন্ডার শুক্রবার লিখেছেন, ‘বিদায় বলাটা কখনও সহজ নয়।’