ছক্কা বৃষ্টির ম্যাচে সুপার ওভারের রোমাঞ্চে জয়ী ইংল্যান্ড
বৃষ্টিতে ২০ ওভারের ম্যাচ নেমে এলো ১১ ওভারে। তাতেও চার-ছক্কার বৃষ্টিতে বয়ে গেল রানের জোয়ার। নাটকীয়তা চূড়ান্ত জমে উঠল শেষ বেলায়। গত বিশ্বকাপ ফাইনালের পর আরেকটি নিউ জিল্যান্ড-ইংল্যান্ড লড়াই হলো ‘টাই।’ আবার ম্যাচ গড়াল সুপার ওভারে। সেখানে অবশ্য ততটা লড়াই হলো না। বিশ্বকাপ ফাইনালের মতোই সুপার ওভারে এই সিরিজের ‘ফাইনাল’ জিতল ইংলিশরা।
উত্তেজনায় ঠাসা শেষ ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। অকল্যান্ডে রোববার সুপার ওভারে নিউ জিল্যান্ড হেরেছে ৯ রানে।
মূল ম্যাচে ১১ ওভারে দুই দলই করেছে ১৪৬ রান। কিউইদের ইনিংসের ছক্কা ছিল ১৪টি, ইংলিশদের ইনিংসে ১৩টি।
সুপার ওভারে ইংল্যান্ড তুলেছে ১৭ রান, নিউ জিল্যান্ড ৮।
প্রথম তিন ম্যাচ শেষে সিরিজে পিছিয়ে থাকা ইংল্যান্ড শেষ পর্যন্ত সিরিজ জিতল ৩-২ ব্যবধানে।
ব্যাটে-বলে ম্যাচ মাতিয়েছেন বেশ কয়েকজন। তবে ইংল্যান্ডের শেষের নায়ক ক্রিস জর্ডান। শুরুতে ব্যাট হাতে দলকে পরাজয়ের দুয়ার থেকে নিয়ে গেছেন জয়ের পথে। পরে বল হাতে নিশ্চিত করেছেন জয়।
অনেক উত্থান-পতনের লড়াইয়ে মূল ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৬ রান। জিমি নিশামের প্রথম ২ বলে স্যাম বিলিংস নিতে পারেন কেবল ৩ রান, তৃতীয় বলে আউট হয়ে যান টম কারান।
ছবি: আইসিসি
সুপার ওভারে ইংল্যান্ড ১৭ তোলার পর বল হাতে ভরসা রাখে সেই জর্ডানের ওপরই। এই পেসার আস্থার প্রতিদান দেন কেবল ৮ রান দিয়ে।
ম্যাচের শেষটা ইংল্যান্ডের হলেও শুরুটা ছিল নিউ জিল্যান্ডের। টস হেরে ব্যাট করতে নামা কিউইদের বিধ্বংসী সূচনা এনে দেন মার্টিন গাপটিল ও কলিন মানরো।
মাত্র ১৬ বলেই দলের পঞ্চাশ এনে দেন এই জুটি। ৫ ওভারেই আসে ৮৩ রান! ৫ ছক্কায় গাপটিল ফিফটি স্পর্শ করেন ১৯ বলে।
ফিফটির পরপরই গাপটিলকে ফিরিয়ে জুটি ভাঙেন আদিল রশিদ। আরেক ওপেনার মানরো ২১ বলে ৪৬ করেন ৪ ছক্কায়।
তিনে নামা কলিন ডি গ্র্যান্ডহোম সুবিধা করতে পারেননি। তবে পুষিয়ে দেন টিম সাইফার্ট। ৫ ছক্কায় ১৬ বলে ৩৯ রান করেন এই কিপার ব্যাটসম্যান। ছোট ম্যাচে নিউ জিল্যান্ড পায় বড় স্কোর।
রান তাড়ায় জুতসই শুরু পায়নি ইংল্যান্ড। ওপেনার টম ব্যান্টন ও তিনে নামা জেমস ভিন্স ফিরে যান প্রথম দুই ওভারেই। কিন্তু তাদেরকে পখে রাখেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো।
অধিনায়ক ওয়েন মর্গ্যান ২ ছক্কায় ৭ বলে ১৭ করে বিদায় নেন। বেয়ারস্টো তবু ছুটতে থাকেন স্যাম কারানকে নিয়ে। চতুর্থ উইকেটে দুজন ৬১ রান যোগ করেন কেবল ৪ ওভারেই।
ছবি: আইসিসি
ইংল্যান্ডের রান তাড়া বড় ধাক্কা খায় এই দুজনকে দ্রুত হারিয়ে। ৫ ছক্কায় ১৮ বলে ৪৭ করে নিশামের শিকার হন বেয়ারস্টো। ১১ বলে ২৪ রান করা স্যাম কারানকে ফেরান মিচেল স্যান্টনার।
লুইস গ্রেগোরি উইকেটে গিয়ে প্রথম বলেই ছক্কা মেরে আউট হয়ে যান পরে বলে। ম্যাচ তখন নিউ জিল্যান্ডের দিকে হেলে।
কিন্তু স্যাম বিলিংস ও টম কারান হাল না ছেড়ে চালিয়ে যান লড়াই। শেষ ওভারের শেষ তিন বলে জর্ডানের ব্যাটিং বীরত্বে ম্যাচ টাই।
সুপার ওভারে কিউই অধিনায়ক টিম সাউদির ওভারে মর্গ্যান মারেন এক ছক্কা, বেয়ারস্টো একটি। আসে ১৭ রান। নিউ জিল্যান্ডের হয়ে নেমেছিলেন গাপটিল ও সাইফার্ট। প্রথম দুই বলে এসেছিল ৭ রান। কিন্তু এরপর সাইফার্টকে ফিরিয়ে দেন জর্ডান। কলিন ডি গ্র্যান্ডহোম নেমে করতে পারেননি কিছু।
সব মিলিয়ে রোমাঞ্চকর সিরিজের শেষটাও হলো জমজমাট।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ১১ ওভারে ১৪৬/৫ (গাপটিল ৫০, মানরো ৪৬, ডি গ্র্যান্ডেহোম ৬, সাইফার্ট ৩৯, নিশাম ১*, টেইলর ৩; স্যাম কারান ২-০-৩৩-১, টম কারান ২-০-৩০-১, জর্ডান ২-০-২৮-০, রশিদ ৩-০-৩৪-১, সাকিব ২-০-২০-১)।
ইংল্যান্ড: ১১ ওভারে ১৪৬/৭ ( ব্যান্টন ৭, বেয়ারস্টো ৪৭, ভিন্স ১, মর্গ্যান ১৭, স্যাম কারান ২৪, বিলিংস ১১*, গ্রেগোরি ৬, টম কারান ১২, জর্ডান ১২*; বোল্ট ৩-০-৩৫-২, সাউদি ২-০-২২-১, স্যান্টনার ২-০-২০-২, কুগেলাইন ১-০-২০-০, সোধি ১-০-২২-০, নিশাম ২-০-২৫-২)।
ফল: ম্যাচ টাই, সুপার ওভারে ইংল্যান্ড জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩-২ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জনি বেয়ারস্টো
ম্যান অব দা সিরিজ: মিচেল স্যান্টনার
