বড় হারে শুরু বাংলাদেশের
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। লাসিথ মালিঙ্গার বিদায়ী ওয়ানডে ম্যাচে লঙ্কানরা জিতেছে ৯১ রানে।
কুসল পেরেরার সেঞ্চুরি শ্রীলঙ্কাকে এনে দেয় ৩১৪ রানের পুঁজি। জিততে হলে রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। এই মাঠে ২৮৬ রানের বেশি টপকে আগে জিততে পারেনি কোনো দল। সেই ইতিহাস বদলাতে পারেনি বাংলাদেশও। নিজের শেষ ওয়ানডেতে প্রথম স্পেলে অসাধারণ বোলিং করলেন মালিঙ্গা। ৩৯ রানে ৪ উইকেট হারিয়েই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় বাংলাদেশ।
সাব্বির রহমান ও মুশফিকুর রহিমের জুটিতে পরে লড়াই কিছুটা করতে পেরেছিল বাংলাদেশ। তবে জয়ের সম্ভাবনাও সেভাবে জাগাতে পারেনি দল। পরাজয়ের ব্যবধানই কেবল কমেছে। এরপরও হার অনেক বড় ব্যবধানে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে রোববার একই স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩১৪/৯ (ফার্নান্দো ৭, করুনারত্নে ৩৬, কুসল পেরেরা ১১১, কুসল মেন্ডিস ৪৩, ম্যাথিউস ৪৮, থিরিমান্নে ২৫, থিসারা পেরেরা ২, ধনাঞ্জয়া ১৮, মালিঙ্গা ৬*, প্রদিপ ০*; শফিউল ৯-০-৬২-৩, মিরাজ ৯-০-৫৬-১, রুবেল ৯-০-৫৪-১, মোসাদ্দেক ৭-০-৪৫-০, মুস্তাফিজ ১০-০-৭৫-২, সৌম্য ৫-০-১৭-১, মাহমুদউল্লাহ ১-০-৪-০)।
বাংলাদেশ: ৪১.৪ ওভারে ২২৩ (তামিম ০, সৌম্য ১৫, মিঠুন ১০, মুশফিক ৬৭, মাহমুদউল্লাহ ৩, সাব্বির ৬০, মোসাদ্দেক ১২, মিরাজ ২, শফিউল ২, রুবেল ৬*, মুস্তাফিজ ১৮; মালিঙ্গা ৯.৪-২-৩৮-৩, প্রদিপ ৯-১-৫১-৩, থিসারা ৬-০-৩৬-০, কুমারা ৭-০-৪৫-১, ধনাঞ্জয়া ১০-০-৪৯-২)।
মালিঙ্গার হাতেই শেষ
ইনিংসের প্রথম ওভারে উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। বাংলাদেশের শেষ উইকেটও নিলেন তিনি। ম্যাচের শেষ, তার ওয়ানডে ক্যারিয়ারও শেষ। বিদায়ী ওয়ানডেতে দারুণ বোলিংয়ে অবদান রাখলেন দলের বড় জয়ে।
মালিঙ্গার সেটি শেষ ওভার। স্লোয়ার ডেলিভারি উড়িয়ে মারতে চাইলেন মুস্তাফিজুর রহমান। আকাশে উঠে যাওয়া বল হাতে জমালেন থিসারা পেরেরা। ১৪ বলে ১৮ করে আউট হলেন মুস্তাফিজ। মালিঙ্গা শেষ করলেন তিন উইকেট নিয়ে।
বাংলাদেশ গুটিয়ে গেল ২২৩ রানে। শ্রীলঙ্কার জয় ৯১ রানে।
বিদায় নিলেন শফিউলও
মুশফিকুর রহিমের বিদায়ের এক বল পর আউট হলেন শফিউল ইসলামও। হারের দুয়ারে বাংলাদেশ।
প্রদিপের লেংথ বলের লাইনই বুঝতে পারেননি শফিউল। ব্যাট পেতে দেন ভুল লাইনে। বল আঘাত করে স্টাম্পে।
শফিউল আউট হলেন ২ রানে। ৩৮.৩ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ২০০।
শেষ হলো মুশফিকের লড়াই
এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম। তার লড়াই শেষ হলো স্কুপের মতো খেলতে গিয়ে।
নুয়ান প্রদিপের নতুন স্পেলের প্রথম বল সেটি। চলে যাচ্ছিল লেগ স্টাম্পের একটু বাইরে দিয়ে। অফ স্টাম্পের দিকে সরে স্কুপের মতো খেলে মুশফিক চেয়েছিলেন ফাইন লেগে পাঠাতে। বল ব্যাটের কানায় লেগে যায় কিপারের গ্লাভসে।
৮৬ বলে ৬৭ রান করে আউট হলেন মুশফিক। ৩৮.১ ওভারে বাংলাদেশ ৮ উইকেটে ১৯৯।
টিকলেন না মিরাজও
মুশফিকুর রহিমকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না মেহেদী হাসান মিরাজও। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন ২ রানে।
ধনাঞ্জয়া ডি সিলভার আগের বলেই জোরালোর এলবিডব্লিউয়ের আবেদন থেকে বেঁচে যান মিরাজ। পরে বলটি ছিল একটু জোরের ওপর, আর্ম বল। স্টাম্পের একটু বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে কাট করতে চেয়েছিলেন মিরাজ। বল তার ব্যাটে লেগে যায় কিপারের গ্লাভসে।
এই উইকেটে বাংলাদেশ আরেকটু এগিয়ে গেল পরাজয়ের দিকে। ৩৫ ওভারে ৭ উইকেটে রান ১৮৭।
রান আউটে ফিরলেন মোসাদ্দেক
একটি জুটি যখন দলের জন্য জরুরি, বাংলাদেশ উইকেট উপহার দিল প্রতিপক্ষকে। রান আউট হয়ে ফিরলেন মোসাদ্দেক হোসেন।
লাহিরু কুমারার লেগ স্টাম্পে থাকা বাউন্সারে ব্যাট লাগাতে পারেননি মোসাদ্দেক। উইকেটের পেছনে লাফিয়ে বল গ্লাভসে জমান কিপার কুসল মেন্ডিস। দুই ব্যাটসম্যান হয়ত ভেবেছিলেন বল চলে গেছে কিপারের পেছনে। ছুটেছিলেন রান নিতে। কিন্তু বল কিপারের গ্লাভসে দেখে থমকে যান মুশফিক। স্ট্রাইক প্রান্ত থেকে রান নিতে ছুটে তখন প্রায় মাঝ উইকেটে মোসাদ্দেক। তার আর ফেরার উপায় ছিল না। কিপার মেন্ডিসের সরাসরি থ্রো বিদায় করে দেয় মোসাদ্দেককে।
১৬ বলে ১২ রানে ফিরলেন মোসাদ্দেক। বাংলাদেশের জয়ের আশা স্তিমিত হয়ে গেল আরও। ৩৩.২ ওভারে রান ৬ উইকেটে ১৮২।
মুশফিকের ফিফটি
বিপর্যয়ে বরাবরই দলের বড় ভরসা মুশফিকুর রহিম দাঁড়িয়ে গেছেন আরেকবার। অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে আরেকটি ফিফটি।
৬১ বলে মুশফিক স্পর্শ করেছেন পঞ্চাশ। ওয়ানডেতে এটি তার ৩৬তম ফিফটি, শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয়। অবিশ্বাস্য হলেও সত্যি, শ্রীলঙ্কায় ১৩ ওয়ানডে খেলে ফিফটির দেখা পেলেন প্রথমবার!
দারুণ ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন সাব্বির রহমান। লঙ্কান বোলাররা কোনো প্রভাবই রাখতে পারছিলেন না। কিন্তু নিজের ও দলের বিপদ ডেকে আনলেন নিজেই। উপহার দিয়ে এলেন উইকেট।
ধনাঞ্জয়া ডি সিলভার অফ স্পিনে আচমকাই বেরিয়ে এসে উড়িয়ে মারতে চাইলেন সাব্বির। বলের পিচ পর্যন্ত যেতে পারেননি। তাই টাইমিং হয়নি ঠিকমতো। মিড উইকেটে সহজ ক্যাচ নিয়েছেন আভিশকা ফার্নান্দো।
৫৬ বলে ৬০ রান করে বিদায় নিলেন সাব্বির। ভাঙল ১১১ রানের পঞ্চম উইকেট জুটি। বাংলাদেশের রান ৫ উইকেটে ১৫০।
মুশফিক-সাব্বির জুটির সেঞ্চুরি
বিপর্যয়ের মধ্যে জুটি বেধে দারুণভাবে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। ৩৯ রানে ৪ উইকেট হারানোর পর এই দুজন মিলে দলকে এনে দিয়েছেন শতরানের জুটি।
মাত্র ৮৪ বলেই এসেছে এই জুটির সেঞ্চুরি। তাতে ৫৫ রান করেছেন সাব্বির, মুশফিক ৩৩।
সাব্বিরের ফিফটি
চাপের মধ্যে উইকেটে যাওয়ার পর থেকেই দারুণ খেলছেন সাব্বির রহমান। পাল্টা আক্রমণে দারুণ কিছু শটে চাপটা ফিরিয়ে দিয়েছেন লঙ্কানদের ওপর। পেস-স্পিন দুটিই সাবলীল খেলে ফিফটি স্পর্শ করেছেন ৪২ বলে।
সাব্বিরের এটি ষষ্ঠ ওয়ানডে ফিফটি, শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয়।
সাব্বির-মুশফিক জুটির ফিফটি
শুরুর বিপর্যয়ের পর অবশেষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। পাঁচে নেমে দারুণ কিছু শটে রান বাড়িয়েছেন সাব্বির রহমান। আরেকপাশ আগলে রেখেছেন মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে দুজনের জুটি স্পর্শ করেছে ফিফটি।
সাব্বিরের সৌজন্যে জুটির এই ফিফটি এসেছে কেবল ৩৭ বলেই। জুটিতে ২০ বলে ২৭ করেছেন সাব্বির, ১৭ বলে ১২ মুশফিক।
দলের বিপদ আরও বাড়িয়ে বাজে শটে ফিরলেন মাহমুদউল্লাহ। বড় রান তাড়ায় ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ আরও পিছিয়ে পড়ল লড়াই থেকে।
পেসার লাহিরু কুমারার সেটি প্রথম ওভার। পঞ্চম বলটি অল স্টাস্পের বাইরে শর্ট অফ লেংথ। ১৪২ কিলোমিটার গতির বলটিতে জায়গা বানিয়ে আপার কাট করার সুযোগ ছিল কমই। মাহমুদউল্লাহ তবু ব্যাট পেতে দিলেন। বল উড়ে গেল সোজা থার্ডম্যানের হাতে।
১০ বলে ৩ রান করে আউট হলেন মাহমুদউল্লাহ। ৩১৫ রান তাড়ায় ১১.৫ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ৩৯।
মালিঙ্গার ইয়র্কারে বোল্ড সৌম্য
মালিঙ্গার বেশ কটি ইয়র্কার বেশ ভালোই সামলেছেন সৌম্য সরকার। কিন্তু একটিতে আর পারলেন না। অসাধারণ ইয়র্কারে বাঁহাতি ওপেনার হলেন বোল্ড। বাংলাদেশ হারাল তৃতীয় উইকেট।
ওভার দা উইকেটে করা ইয়র্কারগুলো সৌম্য ভালো খেলছেন বলেই হয়তো অ্যাঙ্গেল বদলাতে রাউন্ড দা উইকেটে গেলেন মালিঙ্গা। টানা দুটি ইয়র্কার লেংথের বল সামলালেন সৌম্য। তৃতীয়টি আর পারলেন না। অ্যাঙ্গেলে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে স্টাম্পের বেশ দূরে থেকে ছুঁড়লেন ডেলিভারি। এবার ইয়র্কার থামাতে ব্যাট নামিয়েও রক্ষা হলো না সৌম্যর।
২২ বলে ১৫ রান করে আউট সৌম্য। ৮.৩ ওভারে শ্রীলঙ্কা ৩ উইকেটে ৩০।
রিভিউ নিয়েও আউট মিঠুন
আম্পায়ার এলবিডব্লিউ দিলেও রিভিউ নিয়েছিলেন মোহাম্মদ মিঠুন। কিন্তু রক্ষা হয়নি। উল্টো হারাতে হয়েছে রিভিউ। তামিমের পর মিঠুনকেও হারিয়ে বেড়েছে বাংলাদেশের বিপদ।
নুয়ান প্রদিপের বলটি অফ স্টাম্প থেকে ভেতরে ঢুকছিল অ্যাঙ্গেলে। অফ স্টাম্পের দিকে শাফল করে এগিয়ে অন সাইডে খেলতে চেয়েছিলেন মিঠুন। লাইন মিস করায় বল লাগে প্যাডে। পরিস্থিতির বিবেচনায় বেশ বাজে শট। রিভিউয়ে দেখা যায়, বল লাগত মিডল স্টাম্পে।
২১ বলে ১০ রান করে আউট হলেন মিঠুন। ৩১৫ রান তাড়ায় ৭.৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩০।
রিভিউ হারাল শ্রীলঙ্কা
নিজের দ্বিতীয় ওভারে আরেকটি দারুণ ইয়র্কারে উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। তবে শেষ পর্যন্ত উইকেট পাননি। শ্রীলঙ্কা সফল হয়নি রিভিউ নিয়ে। ঠিক বাংলাদেশের মতোই তৃতীয় ওভারে তারা হারাল একমাত্র রিভিউটি।
ইয়র্কারটি ঠিকমত খেলতে পারেননি সৌম্য সরকার। বল লাগে তার পায়ে। আম্পায়ার সাড়া দেননি আবেদনে। শ্রীলঙ্কা রিভিউ নেওয়ার পর দেখা গেল বল পিচ করেছিল লেগ স্টাম্পের সামান্য বাইরে। সৌম্য খেলছিলেন তখন ১ রানে।
মালিঙ্গার ইয়র্কারে ভূপাতিত তামিম
লাসিথ মালিঙ্গার দুর্দান্ত এক ইয়র্কার সামলাতে না পেরে উইকেটে পড়ে গেলেন তামিম ইকবাল। বল আঘাত করল স্টাম্পে। শূন্য রানে বোল্ড বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।
আগের তিন বলেও ইয়র্কার করার চেষ্টা করেছিলেন মালিঙ্গা। ঠিকমত হয়নি। এই বলটি ছিল যেন একবারে নিখুঁত। হাত থেকে ছুটে বল ভেসে গেল, ব্যাটসম্যানকে ফাঁকি দিতে ঠিক সময়মতো নিচু হলো। তামিম ইয়র্কার লেংথের প্রত্যাশাই হয়তো করছিলেন, তবু ঠেকাতে পারলেন না। ওয়ানডে অধিনায়কত্বের শুরুটা তার ভালো হলো না ব্যাট হাতে। দলীয় ১ রানে বাংলাদেশ হারাল প্রথম উইকেট।
বিদায়ী ওয়ানডেতে মালিঙ্গা মনে করিয়ে দিলেন তার সেরা সময়কে। সেই ‘ট্রেডমার্ক’ ইয়র্কারে উইকেট প্রথম ওভারেই।
শেষটা খুব ভালো হয়নি। তবে শুরুটা দারুণ ছিল বলেই শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে ৩১৫ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। ইনিংসের প্রাণ ছিল কুসল পেরেরার ঝড়ো সেঞ্চুরি।
প্রেমাদাসা স্টেডিয়ামে তিনশ রান তাড়ায় এখনও জিততে পারেনি কোনো দল। ২০১২ সালে শ্রীলঙ্কার ২৮৬ রান টপকে ভারতের জয় এখানে রান তাড়ার রেকর্ড।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় রান তাড়ার জয়টি এসেছে ২০০৬ সালে। বগুড়ায় ২১২ রান টপকে জিতেছিল বাংলাদেশ।
ইনিংসের অনেকটা জুড়ে লঙ্কানদের দাপট থাকলেও শেষ দিকে কিছুটা ম্যাচে ফিরতে পেরেছে বাংলাদেশ। শেষ ১০ ওভারে শ্রীলঙ্কাকে ৬৯ রানের বেশি তুলতে দেয়নি তারা।
২১ মাস পর ওয়ানডেতে ফিরে তিন উইকেট নিয়ে দলের সফলতম বোলার শফিউল।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩১৪/৯ (ফার্নান্দো ৭, করুনারত্নে ৩৬, কুসল পেরেরা ১১১, কুসল মেন্ডিস ৪৩, ম্যাথিউস ৪৮, থিরিমান্নে ২৫, থিসারা পেরেরা ২, ধনাঞ্জয়া ১৮, মালিঙ্গা ৬*, প্রদিপ ০*; শফিউল ৯-০-৬২-৩, মিরাজ ৯-০-৫৬-১, রুবেল ৯-০-৫৪-১, মোসাদ্দেক ৭-০-৪৫-০, মুস্তাফিজ ১০-০-৭৫-২, সৌম্য ৫-০-১৭-১, মাহমুদউল্লাহ ১-০-৪-০)।
শফিউলের তৃতীয় শিকার ডি সিলভা
শেষ ওভারের প্রথম বলে শফিউলকে চার মেরেছিলেন ধনাঞ্জয়া ডি সিলভা। পরের বলেই শফিউল বিদায় করে দিয়েছেন এই ব্যাটসম্যানকে।
অনেকটা ম্যাথিউসের উইকেটের মতোই ছিল এই আউট। অফ স্টাম্পে ফুল লেংথ বল। ধনাঞ্জয়া চেয়েছিলেন লং অফ দিয়ে ছক্কা মারতে। আবারও ক্যাচ নিয়েছেন সাব্বির।
১২ বলে ১৮ রানে ফিরলেন ধনাঞ্জয়া। শফিউল পেলেন তৃতীয় উইকেট। ৪৯.২ ওভারে শ্রীলঙ্কা ৮ উইকেটে ৩০৯।
ফিফটির আগে ম্যাথিউসের বিদায়
অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফিফটি করতে দিলেন না মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের দ্বিতীয় শিকার হয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান বিদায় নিলেন ৫২ বলে ৪৮ করে।
অফ স্টাম্পে ফুল লেংথ বলটি লং অফ সীমানার ওপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন ম্যাথিউস। সীমানার বেশ ভেতরেই ক্যাচ নিয়েছেন সাব্বির রহমান। ৪৮.৩ ওভারে শ্রীলঙ্কার রান ৭ উইকেটে ৩০২।
শুরুতেই শেষ থিসারা
শেষ দিকে ভয়ঙ্কর হয়ে ওঠার সামর্থ্য আছে যার, সেই থিসারা পেরেরাকে শুরুতেই থামিয়ে দিল বাংলাদেশ। মূল্যবান উইকেটটি নিয়েছেন শফিউল ইসলাম।
শফিউলের বলটি ছিল অফস্টাম্পের একটু বাইরে। একটু জায়গা বানিয়ে উড়িয়ে মেরেছিলেন থিসারা। কিন্তু প্রত্যাশিত টাইমিং হয়নি, তাই মারে ছিল না ততটা জোর। সীমানা থেকে একটু ভেতরে ছুটে সৌম্য নিয়েছেন ইনিংসে তার তৃতীয় ক্যাচ।
৩ বলে ২ রান করে আউট হলেন থিসারা। ৪৫.২ ওভারে শ্রীলঙ্কা ৬ উইকেটে ২৭৬।
মুস্তাফিজের শিকার থিরিমান্নে
রানের গতি বাড়াতে গিয়ে আউট হলেন লাহিরু থিরিমান্নে। বাঁহাতি ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচে প্রথম শিকার ধরলেন মুস্তাফিজুর রহমান।
থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যানের নজর ছিল রান বাড়ানোর দিকে। ওভারের প্রথম বলে বেরিয়ে এসে মুস্তাফিজকে বাউন্ডারি মারেন ম্যাথিউস। তৃতীয় বলে থিরিমান্নে পুল করে চেয়েছিলেন সীমানা ছাড়া করতে। কিন্তু সীমানার অনেকটা ভেতরেই ধরা পড়েন সৌম্য সরকারের সঙ্গে।
৩০ বলে ২৫ রান করে আউট হলেন থিরিমান্নে। থামল ৬০ রানের জুটি। শ্রীলঙ্কার রান ৪৪.৩ ওভারে ৫ উইকেটে ২৭২।
আরেক জুটির ফিফটি
কুসল পেরেরা ও কুসল মেন্ডিস পরপর দুই ওভারে বিদায় নেওয়ার পর জুটি গড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাহিরু থিরিমান্নে। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের জুটি ছুঁয়েছে পঞ্চাশ।
এই দুজনকে অবশ্য খুব দ্রুততায় রান তুলতে দেয়নি বাংলাদেশ। জুটির পঞ্চাশ এসেছে ৫৭ বলে।
ফিরলেন কুসল মেন্ডিসও
এক কুসলের বিদায়ের পর আরেক কুসল টিকলেন না বেশিক্ষণ। ফিফটির আগেই কুসল মেন্ডিসকে ফেরালেন রুবেল হোসেন।
উইকেটটি এলো অবশ্য বিস্ময়করভাবে। প্রথম ৫ ওভারে ৪৫ রান দেওয়া রুবেল হোসেনকে দ্বিতীয় স্পেলে নিলে এলেন অধিনায়ক তামিম। তার ওভারের শেষ বলটি ছিল অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ। মেন্ডিস চেষ্টা করেছিলেন কাট করতে। বল তার ব্যাটে স্পর্শ করে যায় উইকেট কিপারের গ্লাভসে।
তবে শুরুতে বোঝা যায়নি ব্যাটে লেগেছে বল। কিপার মুশফিক সেভাবে আবেদনই করেননি। বোলার রুবেলও পারেননি বুঝতে। আম্পায়ারও ছিলেন ঠায় দাঁড়িয়ে। কিন্তু সবাইকে অবাক করে ব্যাটসম্যান মেন্ডিস নিজেই ছেড়ে গেলেন উইকেট। টিভি রিপ্লেতে দেখা গেল, বল আলতো করে ছুঁয়ে গিয়েছিল তার ব্যাট।
৪৯ বলে ৪৩ করে আউট হলেন মেন্ডিস। ৩৪ ওভারে শ্রীলঙ্কার রান তখন ৪ উইকেটে ২১২।
সেঞ্চুরিয়ান পেরেরাকে ফেরালেন সৌম্য
অবশেষে কুসল পেরেরাকে থামাতে পারল বাংলাদেশ। সেঞ্চুরির পর তাকে ফিরিয়ে দলকে স্বস্তি এনে দিলেন সৌম্য সরকার।
বল হাতে নেওয়ার পর থেকে বাংলাদেশের সেরা বোলার মনে হচ্ছিল সৌম্যকেই। মাথা খাটিয়ে গতি বৈচিত্র মিশিয়ে দারুণ লেংথে বোলিং করছিলেন। তার বলে কুসল মেন্ডিসের ক্যাচ ছেড়েছেন মাহমুদউল্লাহ। সেই সৌম্যই শেষ পর্যন্ত আরেক কুসলকে ফিরিয়ে ভাঙলেন জুটি।
লেগ-মিডল স্টাম্পে পিচ করা বল সুইপ মতো খেলতে চেয়েছিলেন পেরেরা। আলতো করে বল যায় শর্ট ফাইন লেগে মুস্তাফিজুর রহমানের হাতে। ঠিক একশ রানে ভাঙল দুই কুসলের জুটি।
৯৯ বলে ১১১ রান করে ফিরলেন কুসল পেরেরা। শ্রীলঙ্কার রান তখন ৩২.৪ ওভারে ৩ উইকেটে ২০৭।
দুই কুসলের জুটির সেঞ্চুরি
দ্বিতীয় জুটি সেঞ্চুরির একটু আগে থমকে গেলেও শ্রীলঙ্কার তৃতীয় জুটি ঠিকই স্পর্শ করল সেঞ্চুরি। কুসল পেরেরা ও কুসল মেন্ডিসের জুটিতে শতরান এলো ১০৪ বলে। জুটিতে ৫৬ রান এসেছে পেরেরার ব্যাট থেকে, মেন্ডিসের ব্যাট থেকে ৪২।
পেরেরার ঝড়ো সেঞ্চুরি
উইকেটে যাওয়ার পর থেকেই যে ঝড় শুরু করেছিলেন কুসল পেরেরা, বাংলাদেশের বোলিং তছনছ করে সেই ঝড় ছুঁয়ে ফেলল সেঞ্চুরির সীমানা। মোসাদ্দেককে সুইপ করে বাউন্ডারি মেরে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি মাত্র ৮২ বলে।
বাঁহাতি ব্যাটসম্যানের এটি পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়।
সৌম্য সরকারের বলে পুল করেছিলেন কুসল মেন্ডিস। বল বাতাসে ভেসে ছিল অনেকক্ষণ। লং অন থেকে বেশ খানিকটা ছুটে এসে বলে নিচে পৌঁছে যান মাহমুদউল্লাহ। হাতেও পান বল, কিন্তু পারেননি মুঠোয় জমাতে। বল তার হাত থেকে যায় ছুটে।
২৮ রানে ক্যাচ দিয়ে রক্ষা পেলেন মেন্ডিস। বাংলাদেশ হারাল জুটি ভাঙার সুযোগ।
দুই কুসলের জুটিতে ফিফটি
দিমুথ করুনারত্নেকে হারালেও খুব বিপাকে পড়তে হয়নি শ্রীলঙ্কাকে। গড়ে উঠেছে আরেকটি জুটি। কুসল পেরেরা এবার কুসল মেন্ডিসকে নিয়ে গড়ে তুলেছেন আরেকটি ফিফটি জুটি। এটিও এসেছে বলের সঙ্গে পাল্লা দিয়ে, মাত্র ৪৪ বলে।
যথারীতি জুটিতে বেশি অগ্রণী ছিলেন কুসল পেরেরা। পঞ্চাশ জুটিতে তার রান ৩১।
বিপজ্জনক জুটি ভাঙলেন মিরাজ
দ্বিতীয় স্পেলে ফিরে বাংলাদেশ কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। দিমুথ করুনারত্নেকে ফিরিয়ে ভাঙলেন জুটি।
প্রথম স্পেলে ৪ ওভারে ২৮ রান দিয়ে উইকেটশূন্য ছিল মিরাজ। দ্বিতীয় স্পেলে তাকে পঞ্চদশ ওভারে ফেরালেন অধিনায়ক তামিম। প্রথম বলে কুসল পেরেরার সিঙ্গেলের পর টানা চারটি ডট বলে একটু চাপে পড়ে গেলেন করুনারত্নে। ওভারের শেষ বলে সুইপ করে ভাঙতে চাইলেন শেকল। বল ব্যাটের কানায় লেগে উঠে গেল শর্ট ফাইন লেগে মুস্তাফিজুর রহমানের হাতে।
৩৭ বলে ৩৬ রান করে ফিরলেন করুনারত্নে। ভাঙল ৯৭ রানের জুটি। ১৫ ওভারে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ১০৭।
ছবি: ক্রিকেট শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার শতরান ও কুসল পেরেরার ফিফটি এল একই ওভারে। দলের রান যখন ৯৫, নিজের ৪৫, শফিউলকে দারুণ এক বাউন্ডারি মারলেন পেরেরা। পরের বলটি ওয়াইড, শ্রীলঙ্কার একশ হলো ১৪.৪ ওভারে।
পরের বলেই আরেকটি চোখধাঁধানো ড্রাইভে বাউন্ডারি, একাদশ চারে পেরেরার ফিফটি হয়ে গেল ৩৮ বলে।
রিভিউয়ে টিকলেন পেরেরা
আক্রমণে ফিরেই আবার বাংলাদেশকে খুশির উপলক্ষ এনে দিয়েছিলেন শফিউল ইসলাম। কিন্তু সেই খুশি বেশিক্ষণ টেকেনি। কুসল পেরেরা টিকে যান রিভিউ নিয়ে।
প্রথম স্পেলে ৩ ওভারের পর দ্বাদশ ওভারে আবার শফিউলকে বোলিংয়ে আনেন তামিম। দ্বিতীয় বলেই তার কটবিহাইন্ডের আবেদনে সাড়া দেন আম্পায়ার। বিস্মিত পেরেরা রিভিউ নিতে খুব দেরি করেননি। রিভিউয়ে দেখা যায়, বেশ পরিষ্কারভাবেই ফাঁক ছিল ব্যাট-বলের মাঝে। পেরেরার রান তখন ৩৯।
গতিময় শ্রীলঙ্কা
প্রথম ৪ ওভারে শ্রীলঙ্কার রান ছিল ১৩। পরের ৬ ওভারেই এলো ৬৪! ১০ ওভার শেষে লঙ্কানদের রান ১ উইকেটে ৭৭।
গতি পাল্টে দেওয়ার মূল নায়ক কুসল পেরেরা। ২৪ বলে ৩৫ রান নিয়ে ব্যাট করছেন এই বাঁহাতি, চার ৮টি। এমনিতে ধীরে-সুস্থে ব্যাটিংয়ে বিশ্বাস যার, সেই করুনারত্নেও রান করছেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। লঙ্কান অধিনায়ক খেলছেন ২৩ বলে ২৯ রান নিয়ে।
পেরেরা ও করুনারত্নের জুটিতে পঞ্চাশ
পেরেরা ও করুনারত্নের জুটিতে দারুণ গতিতে ছুটছে শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে দুজনের জুটিতে পঞ্চাশ হয়ে গেছে কেবল ৩৪ বলেই। এই জুটিতেই বাউন্ডারি এসেছে ১০টি।
শ্রীলঙ্কার পঞ্চাশ
প্রথম উইকেট পতনের পর বেড়ে গেছে শ্রীলঙ্কার রানের গতি। তিনে কুসল পেরেরা ব্যাট করতে নেমেই খেলছেন দারুণ সব শট।
প্রথম ৪ ওভারে লঙ্কানদের রান ছিল ১৩। সাব্বির রহমানের মিসফিল্ডে পঞ্চম ওভারে পায় তারা প্রথম বাউন্ডারি। এরপর থেকে রান আসতেই থাকে। পঞ্চম ও ষষ্ঠ ওভার মিলিয়ে আসে ২২ রান।
অষ্টম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে পেরেরার বাউন্ডারিতে শ্রীলঙ্কা স্পর্শ করে পঞ্চাশ। পরের বলে বাউন্ডারি আসে আরেকটি।
৮ ওভার শেষে রান ১ উইকেটে ৫৪।
শুরুতেই উইকেট এনে দিলেন শফিউল
২১ মাস পর খেলতে নেমে নিজের দ্বিতীয় ওভারেই উইকেট নিলেন শফিউল ইসলাম। ফিরিয়ে দিলেন বিপজ্জনক আভিশকা ফার্নান্দোকে।
তিন বল আগে রিভিউ থেকে বেঁচে গেলেও খুব খুব বেশিক্ষণ টিকলেন না ফার্নান্দো। ডেলিভারিটি অবশ্য এমন আহামরি কিছু ছিল না। অফ স্টাম্পের বাইরে লেংথ বল। ফার্নান্দো জায়গায় দাঁড়িয়ে খেললেন আলগা শট। ব্যাটের কানায় লেগে বল গেল স্লিপে। সৌম্য সরকার লুফে নিলেন বেশ নির্ভরতায়।
১৩ বলে ৭ রান করে ফিরলেন ফার্নান্দো। ২.৫ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ১০।
রিভিউ হারাল বাংলাদেশ
ম্যাচের তৃতীয় ওভারেই একমাত্র রিভিউটি হারিয়ে বসল বাংলাদেশ। শফিউল ইসলামের বলে আভিশকা ফার্নান্দোর বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। উইকেটের পেছনে মুশফিকুর রহিমকেও খুব আগ্রহী মনে হয়নি রিভিউ নিতে। কিন্তু বোলারের সঙ্গে কথা বলে ৩ সেকেন্ড বাকি থাকতে রিভিউ নিলেন অধিনায়ক তামিম। কিন্তু বলটির ইমপ্যাক্ট ছিল অফ স্টাম্পের বাইরে। আবেদন বাতিল সেখানেই।
চার পেসারের শ্রীলঙ্কা
টসের সময় লঙ্কান অধিনায়ক বলেন, রাতের কৃত্রিম আলোয় উইকেটে সিমারদের সহায়তা থাকতে পারে। সে কারণেই তারা একাদশ সাজিয়েছেন চার পেসার নিয়ে। লাসিথ মালিঙ্গার বিদায়ী ওয়ানডেতে তার সঙ্গে পেস আক্রমণে আছেন নুয়ান প্রদিপ, লাহিরু কুমারা ও থিসারা পেরেরা। প্রয়োজনে পেস বোলিং করতে পারবেন অ্যাঞ্জেলো ম্যাথিউসও।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদিপ, লাহিরু কুমারা, লাসিথ মালিঙ্গা।
দলে ফিরেই একাদশে শফিউল
শুরুতে স্কোয়াডে না থাকলেও শেষ মুহূর্তে জায়গা পেয়ে শ্রীলঙ্কায় উড়ে যাওয়া পেসার শফিউল ইসলাম ঢুকে গেছেন একাদশেও। ২১ মাস পর ওয়ানডে খেলতে নামছেন এই পেসার। জায়গা হয়নি তাসকিন আহমেদের।
বিশ্বকাপে কেবল দুটি ম্যাচে সুযোগ পাওয়া রুবেল হোসেন আছেন একাদশে। জায়গা পেয়েছেন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন, দুজনই। বিশ্বকাপের মাঝে একাদশে জায়গা হারানো মোহাম্মদ মিঠুন ব্যাট করবেন হয়তো তিন নম্বরে। প্রস্তুতি ম্যাচে দলের জয়ে দারুণ ইনিংস খেলেছিলেন এই ব্যাটসম্যান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
‘ব্যাটিং সহায়ক’ উইকেট
টসের পর দুই অধিনায়কই বললেন, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। তামিম তো বললেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত, আগে ব্যাট করতে পারলে ভালো লাগত।” করুনারত্নের ধারণা, দ্বিতীয় ভাগে এই উইকেটে সিমাররা একটু সহায়তা পেতে পারেন।
টস রিপোর্টে ধারাভাষ্যকার রাসেল আরনল্ডের কণ্ঠেও ছিল একইরকম সুর, “পিচ বেশ শক্ত। শুকনো ঘাস আছে উইকেটে। খানিকটা বাউন্স মিলবে। তবে ব্যাটিংয়ের জন্য দারুণ হবে।”
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম টস হারলেন তামিম ইকবাল। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে টস জিতে বেছে নিয়েছেন ব্যাটিং। তামিম জানালেন, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও।
