Published : 23 Jun 2019, 10:59 PM
গুলবাদিন নেতৃত্ব পেয়েছেন এই বিশ্বকাপের ঠিক আগে। দায়িত্বের উত্তাপ টের পেতেও শুরু করেছেন। উপলব্ধি করছেন, আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করা কতটা কঠিন। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি আফগানিস্তান।
মাশরাফির নেতৃত্বগুণ এজন্যই হয়তো আরও গভীরভাবে বুঝতে পারছেন গুলবাদিন। বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগে তাই স্তুতিতে ভাসালেন মাশরাফি ও বাংলাদেশ দলকে।
“বাংলাদেশ দল গত দুই বছরে দারুণ করেছে। মুর্তজা অধিনায়ক হওয়ার পর সব বিভাগে তারা অনেক উন্নতি করেছে। সত্যি বলতে, গত চার বছরই তারা নিজেদের স্কিলের প্রমাণ দিয়ে আসছে। মুর্তজার অনেক কৃতিত্ব প্রাপ্য। দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে সে।”
“বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে, আমি তাতে মুগ্ধ। এখানেও খুব ভালো খেলছে তারা। আমাদের কাজটা মোটেও সহজ হবে না।”