তবুও টিভি প্রোডাকশনে খুশি বিপিএল গভর্নিং কাউন্সিল
গ্রাফিকসে হাস্যকর সব ভুল দেখা যাচ্ছে প্রায় প্রতি ম্যাচেই। ধারাভাষ্যের মান প্রশ্নবিদ্ধ প্রবলভাবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জোগাচ্ছে হাস্যরসের উপকরণ। শুক্রবারের আগ পর্যন্ত রিভিউ পদ্ধতি থাকলেও ছিল না অপরিহার্য উপকরণ আলট্রা এজ। এবারের বিপিএলের টিভি প্রোডাকশন নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে প্রথম ম্যাচ থেকেই। তবে বিপিএল গভর্নিং কাউন্সিল এসবের সঙ্গে একমত নয়। তাদের মতে টিভি প্রোডাকশন হচ্ছে বিশ্বমানের।
সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে যেটি না থাকায়, সেই আলট্রা এজ যুক্ত করা হয়েছে শুক্রবার থেকে। এ দিন প্রথম ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বললেন, টিভি প্রোডাকশনে আপত্তির কিছু তারা খুব বেশি দেখছেন না।
“কিছু প্রশ্ন এসেছে আমোদের প্রোডাকশন নিয়ে। এবার প্রোডাকশন আমরা বিসিবি নিজেরা করেছি। অন্যতম সেরা প্রোডাকশনের অভিপ্রায়ে শুরু করেছি। বিশ্বকাপ, আইপিএলের সেমিফাইনাল-ফাইনালে যে মানের প্রোডাকশন হয়, মিরপুরে সেটি করা হচ্ছে। সিলেটে স্পাই ক্যাম থাকবে না, সেখানে সেই অবকাঠামো নেই। এবার ড্রোন, স্পাইডার ক্যামসহ ৩৫টি কামেরায় প্রোডাকশন হচ্ছে, যেটি আমোদের দেশে আগে কখনও হয়নি।”
“একটি উপকরণ আসতে একটু দেরি হয়েছে, আলট্রা এজ। আলট্রা এজ যে চালাবে, তার ভিসা ছিল না। সফটওয়ার তারই নিয়ে আসার কথা ছিল। আজকে চলে এসেছে। বিশ্ব মানের প্রোডাকশন দেওয়ার চেষ্টা করছি। এখনও পর্যন্ত আমরা খুশি। খারাপ বলব না। ভালো যাচ্ছে। টেকনোলজির দিক থেকে, উপকরণের দিক থেকে এর চেয়ে বেশি উপকরণ কোনো আইসিসি ইভেন্টেও ব্যবহার হয় না।”
প্রশ্নগুলো উঠছে মূলত উপকরণগুলোর ব্যবহার নিয়ে। ক্যামেরার কাজ, গ্রাফিকস, ধারাভাষ্য, এসব নিয়ে সমালোচনা হচ্ছে প্রতিদিনই। তবে সেসব ভুলকে বড় করে দেখছেন না ইসমাইল হায়দার মল্লিক।
“প্রোডাকশনের ভুল নেই। আমাদের ধারাভাষ্যকারা কয়েকটা হয়তো ভুল বলেছেন। আর একদিন গ্রাফিকসে একজন ক্রিকেটারের বয়স ভুল দেখানো হয়েছে। সেটা টাইপিংয়ের ভুল। খুব বড় কিছু নয়। আর ধারাভাষ্যকাররাও মানুষ। তাদের ভুলকে মানুষের ভুল হিসেবে নিতে হবে। প্রোডাকশনের কোনো কিছু না।”
গ্রাফিকস ও ধারাভাষ্য যে টিভি প্রোডাকশনের গুরুত্বপূর্ণ অংশ, সেটি মনে করিয়ে দেওয়া হলো এই বিসিবির এই প্রভাবশালী পরিচালককে। চিটাগং ভাইকিংসের পেসার খালেদ আহমেদের বয়স টিভি পর্দায় দেখানো হয়েছিল ১১৯ বছর। তবে শুধু এটিই নয়, ক্রিকেটারদের রান, গড়, নামসহ গ্রাফিকসে অসংখ্য ভুল যে প্রতিদিনই হচ্ছে, সেসবও জানানো হলো তাকে। এরপর অবশ্য কিছু ভুল স্বীকার করলেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। জানালেন, ধারাভাষ্য প্যানেলেও পরিবর্তন আসছে।
“গ্রাফিকসে যে ভুলগুলি আছে, আমরা স্বীকার করে নিচ্ছি। চেষ্টা করব ঠিক করার। ধারভাষ্যকার প্যানেলে আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি। সামনে ড্যারিল কালিনান, ড্যানি মরিসন আসবে। যারা বারবার ভুল করবে, তারা থাকবে না প্যানেলে। কিছু ধারাভাষ্যকার আসলে আমাদের বিভিন্ন বোর্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে এসেছে।”
টুর্নামেন্ট শুরুর আগে গভর্নিং কাউন্সিল থেকেই বলা হয়েছিল এবার জিং বেলস রাখা হবে। সেটি না হওয়ার কারণও জানালেন তিনি।
“জিং বেলস আমরা এনেছি। কিন্তু উইকেটে যে উচ্চতা, সে অনুযায়ী প্রপার নয় বেলগুলো। ওজন একটু বেশি, মাটিতে পড়ার পরই কেবল জ্বলে। এটা দেখার পর আমরা আর দেইনি। বদলাতে বলেছি। ঢাকায় যখন দ্বিতীয় পর্বে ফিরবে, তখন হয়তো থাকবে।”
সংবাদ সম্মেলনে ইসমাইল হায়দার মল্লিক দাবি করলেন, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারসহ অনেক ক্রিকেটারই বিপিএলকে বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ বলে মত দিয়েছেন। যদিও পাল্টা প্রশ্নে সেটির পক্ষে প্রমাণ দেখাতে আগ্রহ দেখা যায়নি তার। তবে এই বিসিবি পরিচালকের দাবি, আইসিসি এবং বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশের কর্তারাও বিপিএলকে বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ মনে করেন।
