২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়ার্নার-স্মিথ-ডি ভিলিয়ার্সদের জন্য বিপিএল আরও আকর্ষণীয় হবে’

বিপিএলে তারকার মিছিলে এবার যোগ দিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটাররা। ল্যান্স ক্লুজনার মনে করেন, এই মানের ক্রিকেটারদের উপস্থিতিতে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বিপিএল। এই টুর্নামেন্টকে স্থানীয় ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার দারুণ একটি মঞ্চ হিসেবে দেখেন রাজশাহী কিংসের প্রধান কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2019, 07:50 PM

Updated : 08 Apr 2022, 03:40 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর। দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী খেলবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ক্লুজনার মনে করেন, ওয়ার্নার-স্মিথ-ডি ভিলিয়ার্সের উপস্থিতি আরও অনেক বেশি দর্শককে এই টুর্নামেন্টের ব্যাপারে আগ্রহী করে তুলবে। 

“আমার মনে হয়, বিপিএল প্রতি বছর আরও বড় আরও ভালো হচ্ছে। এটা অনেক বেশি সমর্থন পাচ্ছে। বিপিএল এখন বেশি পরিমাণে দেখা একটি প্রতিযোগিতা হয়ে গেছে। আর স্মিথ, ওয়ার্নার, ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটারদের পাওয়া দারুণ একটি ব্যাপার। এই ধরনের খেলোয়াড়দের জন্য বিপিএল আরও আকর্ষণীয় হবে।”

“আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বসেরা খেলোয়াড়দের বিপক্ষে নিজেদের দক্ষতা প্রয়োগ করার দিকে তাকিয়ে আছি। বিপিএল আমাদের এই সুযোগ তৈরি করে দিয়েছে।”

ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পেছনে বড় অবদান আছে দেশটির টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের। ক্লুজনার মনে করেন, বাংলাদেশে একই ভূমিকা পালন করতে পারে বিপিএল।

“আমরা ভারতীয় ক্রিকেটের অগ্রগতি দেখেছি। সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে, স্থানীয় ক্রিকেটারদের জন্য নিজেদের পরিচিত করতে বিপিএল খুবই ভালো একটি মঞ্চ। এই টুর্নামেন্ট ওদের খেলার সুযোগ তৈরি করে দিতেও কার্যকর ভূমিকা রাখবে।”