মাশরাফির চ্যাম্পিয়ন হওয়ার রেসিপি
বিপিএলে শিরোপা জেতার সব পথ যেন মাশরাফি বিন মুর্তজার জানা। টুর্নামেন্টে তার দলের শুরু ভালো-মন্দ যাই হোক, শেষের দিকে তাদের দেখা যায় ভিন্ন চেহারায়। তাতেই পাঁচ আসরে অনুপ্রেরণাদায়ী এই অধিনায়কের হাতে উঠেছে চারটি শিরোপা। আরেকটি আসর শুরুর আগে মাশরাফি জানালেন, শিরোপা জেতার সুনির্দিষ্ট কোনো কৌশল নেই। তবে লড়াইয়ে থাকতে, ভালো করতে দলের খেলোয়াড়দের বন্ধন দৃঢ় হওয়া খুব জরুরি।
ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে শিরোপাধারী রংপুর রাইডার্স। এর আগের দিন অধিনায়ক জানান, ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসা খেলোয়াড়দের বোঝাপড়া যত ভালো হয় দলের এগিয়ে যাওয়ার সম্ভাবনা তত বাড়ে।
“গত মৌসুম ছাড়া আর সববার শিরোপা ধরে রাখার চাপ নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম। শিরোপাধারীদের সবসময়ই আলাদা চাপ থাকে। আপনি যে ভালো দল করে চ্যাম্পিয়ন হবেন এই সংস্করণে তার কোনো নিশ্চয়তা থাকে না।”
“কাল থেকে আমাদের খুব ভালোভাবে শুরু করতে হবে। খারাপও হতে পারে তবে নিশ্চিত করতে হবে যেন পরে ঘুরে দাঁড়াতে পারি। গত মৌসুমেও শুরুর দিকে আমরা হারছিলাম, পরে ঘুরে দাঁড়িয়েছিলাম। এই মানসিকতা থাকতে হবে।…যেহেতু অনেক জায়গার খেলোয়াড় আসে, বন্ধনটা খুব গুরুত্বপূর্ণ। এক সাথে থাকা, এক সাথে উপভোগ করা।”
প্রথম তিন আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মাশরাফির দল। চতুর্থ আসরে শিরোপা জেতে সাকিব আল হাসানের দল। গতবার ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শিরোপা জেতা রংপুরের এবারের দলকে আরও বেশি শক্তিশালী মনে করেন মাশরাফি। দলে যোগ দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটাররা। তাই শিরোপা ধরে রাখার খুব ভালো সম্ভাবনা দেখেন অধিনায়ক।
“এবার আমাদের দলটা ভালো, ভারসাম্যপূর্ণ। বোলিংটা একটু ঠিক রাখতে হবে। এখনও সব খেলোয়াড় আসেনি। গতবারের চেয়ে এবারের দল আরও ভালো আমার কাছে মনে হয়।”
“খেলার জন্য আত্মবিশ্বাস তো থাকতেই হবে। তবে অতি আত্মবিশ্বাসী হওয়ার প্রশ্নই আসে না। নতুন করে টুর্নামেন্ট শুরু হচ্ছে, নতুন চ্যালেঞ্জ। তো আত্মবিশ্বাস থাকতে হবে, অতি আত্মবিশ্বাস অবশ্যই না।”
