২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে বাংলাদেশের নেটে পানেসার

সিডনির ক্যাম্পে বাংলাদেশের অনুশীলনে প্রয়োজন পর্যাপ্ত নেট বোলার। আশেপাশের ক্লাবগুলোতে তাই কিছু নেট বোলার চেয়েছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সেই চাওয়া থেকেই মঙ্গলবার বাংলাদেশ দল পেয়ে গেল একজন ‘তারকা’ নেট বোলার, মন্টি পানেসার!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 04:45 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

ক্লাব ক্রিকেট খেলতে এখন সিডনিতেই আছেন পানেসার। বাংলাদেশের অনুশীলনের খবর পেয়ে চলে এসেছিলেন ব্ল্যাকটাউনে। ইংল্যান্ডের হয়ে ৫০ টেস্ট খেলা বাঁহাতি এই স্পিনার বেশ অনেকটা সময় বোলিং করেছেন বাংলাদেশের নেটে।

সিডনির উপকণ্ঠে ব্ল্যাকটাউনের ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করছে বাংলাদেশ দল। বুধবার বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে। নর্থ সিডনি ওভালে টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যায় ৬টায়।

বাংলাদেশ দলের ম্যানেজার সাব্বির খান ফোনে বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, প্রস্তুতি ম্যাচের দলে না থাকা ক্রিকেটাররা যথারীতি অনুশীলন করবেন ব্ল্যাকটাউনে। ভিসা জটিলতায় এখনও যেতে পারেননি পেসার রুবেল হোসেন ও শেষ মুহূর্তে ডাক পাওয়া মেহেদী মারুফ। বাকি সবাই চালিয়ে যাচ্ছেন অনুশীলন।

সিডনি সিক্সার্সে এমনিতে মিচেল স্টার্ক, জস হেইজেলউড, নাথান লায়ন, জ্যাকস বার্ডরা খেলেন। তবে এখন তারা প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের। তবে ব্র্যাড হাডিন, ইয়োহান বোথাদের খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের বিপক্ষে।

হাডিনকে বাংলাদেশ কাজে লাগাতে চায় অন্যভাবেও। ক্যাম্পে থাকা দুই উইকেটকিপার মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের সঙ্গে একটি-দুটি সেশন কাটানোর জন্য সাবেক অস্ট্রেলিয়ান কিপারকে অনুরোধ করেছেন বাংলাদেশ কোচ চন্দিকা হাথুরুসিংহে। হাডিনও সাড়া দিয়েছেন, তবে সময় করে উঠতে পারেননি। ম্যাচের আগে-পরে বা ক্যাম্পের কোনো একটা সময় পাওয়া যেতে পারে হাডিনকে।

আগের দিন বাংলাদেশ দলের অনুশীলনে আসা বেসবল কোচ জন ডিবলি এদিনও কাজ করেছেন দলের সঙ্গে। মূলত ফিল্ডিং ও বিশেষ ভাবে থ্রোয়িং নিয়ে কাজ করেছেন ডিবলি।

ক্রিকেটে বেসবল কোচ অবশ্য নতুন কিছু নয়। সেই ২০০০ সাল থেকেই অস্ট্রেলিয়া দলের সঙ্গে ফিল্ডিং নিয়ে কাজ করে বিখ্যাত হয়ে উঠেছেন বেসবল কোচ মাইক ইয়াং। ইংল্যান্ড দলের ফিল্ডিং নিয়েও কাজ করেছেন বেসবল কোচ জুলিয়ান উড।

মঙ্গলবার বাংলাদেশ দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলের মেয়র স্টিভেন বালি। সিডনিতে দলের ক্যাম্পে এসেছেন আগে কয়েক দফায় কাজ করা মনোবিদ ফিল জোনসি।

সব মিলিয়ে এগিয়ে চলছে প্রস্তুতি। বুধবার প্রথম প্রস্তুতি ম্যাচের পর শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার।